রবিবার ● ২৯ নভেম্বর ২০২৬
নানা আয়োজনে পঞ্চগড় হানাদার মুক্ত দিবস পালিত
প্রকাশ: রোববার, ২৯ নভেম্বর, ২০২৬, ৬:৩৮ পিএম   (ভিজিট : ০)
নানা আয়োজন ও যথাযোগ্য মর্যাদায় পঞ্চগড় হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে। ১৯৭১ সালের ২৯ নভেম্বর দীর্ঘ লড়াই ও অসংখ্য মুক্তিযোদ্ধার আত্মত্যাগের মধ্য দিয়ে পাক হানাদার বাহিনীর কবল থেকে মুক্ত হয়েছিল পঞ্চগড়। ঐতিহাসিক এ দিনটি স্মরণে রোববার (২৯ নভেম্বর) জেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।

দিবসটি উপলক্ষে সকাল সাড়ে ৯টায় পুলিশ সুপারের কার্যালয়ের সামনে অবস্থিত মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। এ সময় জেলা প্রশাসন, জেলা পরিষদ, জেলা পুলিশ, জেলা মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা শ্রদ্ধা নিবেদন করেন।

পরে সেখান থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়। এরপর জেলা শহরের চৌরঙ্গী এলাকায় করতোয়া সেতুর উত্তর পাড়ে অবস্থিত শহীদ বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

পরে কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত আলোচনা সভা। এতে বক্তব্য দেন জেলা প্রশাসক শুকরিয়া পারভীন, পুলিশ সুপার আবু সাইম, জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদ, সিভিল সার্জন ডা. মিজানুর রহমান, জেলা ও দায়রা আদালতের পাবলিক প্রসিকিউটর মির্জা নাজমুল ইসলাম কাজল এবং জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক আবুল কালাম আজাদ প্রমুখ।

বক্তারা মহান মুক্তিযুদ্ধে পঞ্চগড়ের মুক্তিযোদ্ধাদের অসামান্য অবদান ও আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার পাশাপাশি শহীদদের আদর্শ ধারণ করে দেশ গঠনে এগিয়ে আসার আহ্বান জানান তাঁরা।

যেভাবে মুক্ত হয়েছিল পঞ্চগড়
১৯৭১ সালের ২৫ মার্চের পর পাকিস্তানি হানাদার বাহিনী সারাদেশে আক্রমণ শুরু করলেও ১৬ এপ্রিল পর্যন্ত পঞ্চগড় মুক্ত ছিল। ১৭ এপ্রিল সকাল সাড়ে ১০টার দিকে পাক বাহিনী সড়কপথে এসে পঞ্চগড় দখল করে নেয়। পরবর্তী সময়ে জেলার চারটি উপজেলা তাদের নিয়ন্ত্রণে গেলেও অমরখানায় চাওয়াই নদীর ওপর সেতু মুক্তিযোদ্ধারা ভেঙে দেওয়ায় পাক বাহিনী তেঁতুলিয়ায় প্রবেশ করতে পারেনি। ফলে মুক্তিযুদ্ধের পুরো সময় তেঁতুলিয়া হানাদারমুক্ত ছিল। মুক্তাঞ্চল হিসেবে তেঁতুলিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অস্থায়ী সরকারের বেশ কিছু গুরুত্বপূর্ণ সভাও সেখানে অনুষ্ঠিত হয়েছিল।

১ নভেম্বর থেকে মুক্তিবাহিনী ও ভারতীয় মিত্রবাহিনী যৌথভাবে পাকিস্তানি বাহিনীর অবস্থানে আক্রমণ শুরু করে। এতে একের পর এক এলাকা শত্রুমুক্ত হতে থাকে। ২০ নভেম্বর অমরখানা, ২৫ নভেম্বর জগদলহাট, ২৬ নভেম্বর শিংপাড়া এবং ২৭ নভেম্বর পূর্ব তালমাসহ একই দিনে আটোয়ারী, মির্জাপুর ও ধামোর শত্রুমুক্ত হয়।

২৭ নভেম্বর রাতেই মুক্তিযোদ্ধারা পঞ্চগড় সিও অফিস ও ঘাটিয়ারপাড়া এলাকায় সম্মুখযুদ্ধের অবস্থান গড়ে তোলেন। পরদিন ২৮ নভেম্বর চারদিক থেকে পাকিস্তানি বাহিনীর ওপর তীব্র আক্রমণ চালানো হয়। এতে পঞ্চগড় শহরের পূর্বদিকে অবস্থান নেওয়া পাক বাহিনী টিকতে না পেরে পিছু হটতে শুরু করে।

২৮ নভেম্বর রাতে মুক্তিবাহিনী, মিত্রবাহিনী, ট্যাংক ও পদাতিক বাহিনীর সম্মিলিত আক্রমণে পরাজিত হয়ে পাকিস্তানি বাহিনী পঞ্চগড় ছেড়ে চলে যায়। এর মধ্য দিয়ে ২৯ নভেম্বর ভোরে সম্পূর্ণ হানাদারমুক্ত হয় পঞ্চগড়।

ঐতিহাসিক এ মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনীর সঙ্গে ভয়াবহ সম্মুখযুদ্ধে ৪৮ জন মুক্তিযোদ্ধাসহ ভারতীয় মিত্রবাহিনীর প্রায় শতাধিক সদস্য শহীদ হন। আহত হন অনেকে। তাঁদের বীরত্ব ও আত্মত্যাগের বিনিময়ে অর্জিত পঞ্চগড়ের মুক্তির ইতিহাস আজও গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে জেলাবাসী।

আজকালের খবর/কাওছার আল হাবীব








Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft