দীর্ঘ প্রায় আট বছর পর বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে রাজু গোয়ালা এবং সাধারণ সম্পাদক পদে মুকেশ কর্মকার নির্বাচিত হয়েছেন।
রবিবার (২৯ নভেম্বর) ভোর ৪টায় নির্বাচনের ফল ঘোষণা করেন শ্রম অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ও বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন কমিশন-২০২৬-এর প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ নুরে আলম সিদ্দিকী।
ভোট গণনা শেষে ঘোষিত ফলাফলে, সভাপতি পদে রাজু গোয়ালা ৬১ হাজার ৮০৩ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পঙ্কজ কন্দ পেয়েছেন ২৬ হাজার ২৯০ ভোট। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে মুকেশ কর্মকার ৩৩ হাজার ৫৩২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পরেশ কালিন্দি পেয়েছেন ৩০ হাজার ৩৩৩ ভোট। এ পদে অপর প্রার্থী নিপেন পাল পেয়েছেন ২৩ হাজার ২০৩ ভোট।
কেন্দ্রীয় কমিটির অন্যান্য পদে নির্বাচিত হয়েছেন কার্যকরী সহসভাপতি মিঠুন কালোয়ার, সহসভাপতি মিঠুন সিংহ রাউতিয়া-২, নারী সহসভাপতি শিমুল কর্মকার, যুগ্ম সম্পাদক সঞ্জয় চৌহান, নারী সহসাধারণ সম্পাদক সোনামনি তাঁতী ও অর্থ সম্পাদক সনত গোয়ালা।
এর আগে শনিবার সকাল ৮টা থেকে দেশের পাঁচ জেলার ২০টি উপজেলার ২৩০টি চা বাগানে একযোগে ভোটগ্রহণ শুরু হয়।
এর মধ্যে মৌলভীবাজারের ১৩৫টি চা বাগান রয়েছে। নির্বাচনে প্রায় ১ লাখ ৪৮ হাজার চা শ্রমিক ভোটার রয়েছেন।
বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০১৮ সালের ২৪ জুন। গঠনতন্ত্র অনুযায়ী প্রতি তিন বছর পরপর নির্বাচন হওয়ার কথা থাকলেও নানা জটিলতায় ২০২১ ও ২০২৪ সালে নির্বাচন আয়োজন করা সম্ভব হয়নি। দীর্ঘ বিরতির পর নির্বাচন হওয়ায় চা বাগানগুলোতে শ্রমিকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
এবার কেন্দ্রীয় কমিটির সভাপতিমণ্ডলীর দুটি এবং সম্পাদকমণ্ডলীর তিনটি প্যানেল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে। সভাপতিমণ্ডলীর প্যানেল-১ থেকে সভাপতি পদে লড়েন মৌলভীবাজারের শ্রীমঙ্গলের লাখাইছড়া চা বাগানের পঙ্কজ কন্দ। প্যানেল-২ থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন সিলেটের লাক্কাতুরা চা বাগানের রাজু গোয়ালা। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন হবিগঞ্জের চান্দপুর চা বাগানের নিপেন পাল, আমু চা বাগানের মুকেশ কর্মকার এবং মৌলভীবাজারের জাগছড়া চা বাগানের পরেশ কালিন্দি।
নির্বাচনে বিজয়ীদের সঙ্গে দেশের সাতটি ভ্যালি থেকে আরও ২২ জন সদস্য যুক্ত করে ৩০ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠন করা হবে। একই দিনে সাতটি ভ্যালি কমিটি এবং ২৩০টি চা বাগানের পঞ্চায়েত কমিটির নির্বাচনও অনুষ্ঠিত হয়েছে।
এদিকে মৌলভীবাজার জেলার ১৩৫টি চা বাগানের পঞ্চায়েত কমিটির নির্বাচনে বিজয়ী প্যানেলের সভাপতিদের নাম প্রকাশ করেছে জেলা প্রশাসন। জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও রিটার্নিং কর্মকর্তা মো. মামুনুর রশীদ স্বাক্ষরিত ফলাফল বিবরণীতে শ্রীমঙ্গল, মৌলভীবাজার সদর, কুলাউড়া, রাজনগর, জুড়ী, কমলগঞ্জ ও বড়লেখা উপজেলার বিজয়ী প্যানেলের সভাপতিদের নাম উল্লেখ করা হয়েছে।
অন্যদিকে হবিগঞ্জের মাধবপুর উপজেলার সুরমা চা বাগানে পঞ্চায়েত নির্বাচন ঘিরে উত্তেজনা ও হামলার ঘটনা ঘটেছে। শনিবার রাত ৮টার দিকে ফল ঘোষণার পর ক্ষুব্ধ শ্রমিকদের হামলায় আহত হন নির্বাচনের প্রিসাইডিং কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সিরাজুল ইসলাম। তাকে উদ্ধারের চেষ্টা করতে গিয়ে পুলিশ সদস্যরাও হামলার শিকার হন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্র জানায়, ফল ঘোষণার পর পরাজিত পক্ষের কিছু উত্তেজিত শ্রমিক লাঠিসোঁটা নিয়ে প্রিসাইডিং কর্মকর্তা সিরাজুল ইসলামের ওপর হামলা চালান। এ সময় পুলিশ তাকে রক্ষার চেষ্টা করে। নিরাপদ স্থানে নেওয়ার পথে বাগানের অন্য একটি স্থানে আবারও হামলার ঘটনা ঘটে। কয়েক ঘণ্টার চেষ্টায় তাদের উদ্ধার করা সম্ভব হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদি হাসান, স্থানীয় বিএনপি নেতা আলফাজ মহালদার ও রফিক মিয়াসহ সংশ্লিষ্টরা হস্তক্ষেপ করেন।
আজকালের খবর/বিএস