
মধ্য হেমন্তের শিশিরভেজা প্রকৃতি জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা। বছর ঘুরে আবারও এসেছে বাঙালির কৃষিজীবনের আনন্দঘন সময় অগ্রহায়ণ। বাংলার বিস্তীর্ণ মাঠজুড়ে পাকা আমন ধানের সোনালি আভা। কোথাও ধান কাটার প্রস্তুতি, কোথাও চলছে নতুন ফসল ঘরে তোলার ব্যস্ততা। কৃষকের মুখে হাসি, ঘরে ঘরে নতুন ধানের ঘ্রাণ আর পিঠা-পুলির আয়োজন—সব মিলিয়ে গ্রামবাংলায় বইতে শুরু করেছে নবান্নের হাওয়া।
নবান্ন বাঙালির হাজার বছরের ঐতিহ্য ও কৃষিভিত্তিক সংস্কৃতির অন্যতম প্রধান উৎসব। ‘নবান্ন’ শব্দের অর্থ নতুন অন্ন। নতুন আমন ধান ঘরে তোলার পর সেই ধানের চাল দিয়ে ভাত, পায়েশ, ফিরনি, ক্ষীর ও নানা ধরনের পিঠা তৈরি করে উৎসবের আয়োজন করা হয়। আত্মীয়স্বজন ও প্রতিবেশীদের নিয়ে আনন্দ ভাগাভাগি করার মধ্য দিয়ে মুখর হয়ে ওঠে গ্রামীণ জনপদ।
নবান্নকে ঘিরে বাংলার হিন্দু সম্প্রদায়ের মধ্যে রয়েছে নানা ধর্মীয় ও সামাজিক আচার-অনুষ্ঠান। নতুন ধান থেকে তৈরি খাবার দেবতা ও পিতৃপুরুষের উদ্দেশ্যে উৎসর্গ করার প্রচলন রয়েছে। কোথাও কোথাও কাককে নতুন অন্ন খাওয়ানোর রীতিও পালন করা হয়, যা ‘কাকবলি’ নামে পরিচিত। লোকবিশ্বাস অনুযায়ী, কাকের মাধ্যমে সেই খাবার মৃত পূর্বপুরুষদের আত্মার কাছে পৌঁছে যায়। এরপর পরিবারের সদস্য ও আত্মীয়স্বজনের সঙ্গে নতুন অন্ন গ্রহণের মধ্য দিয়ে উৎসবের আনন্দ ছড়িয়ে পড়ে।
অন্যদিকে, মুসলিম কৃষক পরিবারেও নতুন ধান ঘরে তোলাকে ঘিরে রয়েছে আনন্দ ও কৃতজ্ঞতার নানা আয়োজন। কোথাও নতুন চালের ভাত রান্না করে দোয়া করা হয়, আবার কোথাও মসজিদে শিন্নি দেওয়ার প্রচলন রয়েছে। নতুন ফসলের আনন্দ ভাগাভাগি করতে আত্মীয়স্বজন ও প্রতিবেশীদের আপ্যায়ন করা হয়।
অগ্রহায়ণ মাস বাঙালির কাছে ফসল ঘরে তোলার আনন্দের মাস। বাংলা বর্ষপঞ্জির মাসগুলোর নাম ও কৃষির সঙ্গে এর সম্পর্কও ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ। প্রচলিত মতে, অগ্রহায়ণ শব্দের অর্থ বছরের অগ্রভাগের মাস। মোগল সম্রাট আকবরের আমলে ফসলি সনকে বাংলা সনের সঙ্গে সমন্বয় করে আধুনিকীকরণের উদ্যোগ নেওয়া হয়। ঐতিহাসিকভাবে তখন কৃষকের ফসল উৎপাদন ও রাজস্ব আদায়ের সময়ের সঙ্গে বাংলা সনের হিসাবকে সামঞ্জস্যপূর্ণ করার চেষ্টা করা হয়েছিল। পরবর্তী সময়ে বৈশাখ বাংলা বছরের প্রথম মাস হিসেবে প্রতিষ্ঠিত হয়।
তবে সময়ের পরিবর্তনে কৃষকের জীবনে নবান্নের আনন্দের পাশাপাশি যুক্ত হয়েছে নানা সংকট। বন্যা, খরা, অতিবৃষ্টি, নদীভাঙনসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষকরা। উৎপাদন খরচ বৃদ্ধি, ন্যায্যমূল্য না পাওয়া এবং মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্যও তাঁদের দুর্ভোগ বাড়াচ্ছে। ফলে সোনালি ফসল ঘরে তুললেও অনেক কৃষকের মুখে প্রত্যাশিত হাসি থাকে না।
এরপরও অগ্রহায়ণের আবেদন বাঙালির হৃদয় থেকে মুছে যায়নি। হালকা শীতের আমেজ, ঘাসের ওপর শিশিরের বিন্দু, ধূসর প্রকৃতি, কুয়াশামাখা সকাল আর পাকা ধানের গন্ধে ভরে ওঠে চারপাশ। হেমন্তের এই সৌন্দর্য যুগে যুগে কবি-সাহিত্যিকদের অনুপ্রাণিত করেছে। কবি জীবনানন্দ দাশের কবিতায় হেমন্তের মাঠ, শিশির ও অগ্রহায়ণের প্রকৃতি পেয়েছে অনন্য রূপ।
কবি রামপ্রসাদ সেন কৃষিকাজের উপমায় মানবজীবনের তাৎপর্য তুলে ধরেছেন তাঁর বিখ্যাত গানে—‘মন রে কৃষি কাজ জানো না’। অন্যদিকে গণসংগীতের কিংবদন্তি সলিল চৌধুরীর ‘হেই সামালো, হেই সামালো ধান হো’ গানটি ধান কাটা ও কৃষকের সংগ্রামী জীবনের চিরন্তন প্রতীক হয়ে আছে। কবি সুকান্ত ভট্টাচার্যের কবিতাতেও শীতের আগমন ও ধান কাটার প্রতীক্ষায় থাকা কৃষকের জীবনের ছবি ফুটে উঠেছে।
নবান্নকে ঘিরে একসময় গ্রামবাংলার বিভিন্ন স্থানে বসত ঐতিহ্যবাহী মেলা। এসব মেলায় থাকত বাউল গান, লোকসংগীত, লাঠিখেলা, পুতুলনাচ, নাগরদোলা ও নানা ধরনের দেশীয় আয়োজন। মেলার দোকানে পাওয়া যেত বাঁশি, মাটির খেলনা, শখের চুড়ি, খই, মুড়ি, মোয়া ও নানা রকম মুখরোচক খাবার। বাড়িতে বাড়িতে তৈরি হতো ভাপা পিঠা, চিতই পিঠা, পাটিসাপটা, দুধচিতই, পুলি ও নানা ধরনের পিঠা-পুলি।
আধুনিকতার ছোঁয়া, নগরায়ণ ও জীবনযাত্রার পরিবর্তনে নবান্নের অনেক আয়োজন আগের মতো দেখা যায় না। তবুও গ্রামবাংলার বিভিন্ন অঞ্চলে এখনো নানা আয়োজনে পালিত হয় এ উৎসব। নতুন ধানের ভাত, পিঠা-পুলি আর আত্মীয়স্বজনের মিলনমেলায় বেঁচে থাকে বাঙালির শেকড়ের সংস্কৃতি।
নবান্ন শুধু নতুন ফসল ঘরে তোলার উৎসব নয়; এটি কৃষকের শ্রম, প্রকৃতির দান, পারিবারিক বন্ধন ও বাঙালির অসাম্প্রদায়িক লোকজ সংস্কৃতির এক অনন্য প্রকাশ। নতুন ধানের ঘ্রাণে অগ্রহায়ণ তাই আজও বাঙালির জীবনে নিয়ে আসে আনন্দ, ঐতিহ্য ও নতুন আশার বার্তা।
আজকালের খবর/কাওছার আল হাবীব