নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতা-কর্মীদের হুঁশিয়ারি দিয়ে বগুড়া জেলা বিএনপির সভাপতি ও বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা বলেছেন, আওয়ামী লীগের নেতা-কর্মীরা এখনো বগুড়ার মাটিতে ভালোভাবেই আছেন। বিএনপি তাদের কোনো ক্ষতি চায় না। তবে বেশি বাড়াবাড়ি করলে বগুড়ার মাটিতে তাঁদের জায়গা হবে না।
রবিবার (২৯ নভেম্বর) বিকেলে বগুড়া শহরের সাতমাথায় পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে জেলা যুবদলের বিক্ষোভ মিছিল শেষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রেজাউল করিম বাদশা বলেন, গত ১৭ বছর ধরে ফ্যাসিবাদ, জেল-জুলুম, গুম ও খুনের বিরুদ্ধে তারা লড়াই করেছেন। ভয়ভীতি দেখিয়েও তাদের রাজপথ থেকে সরানো যায়নি। তারা দেশ ছেড়ে পালিয়ে যাননি।
তিনি বলেন, যুবদল অতীতেও রাজপথে ছিল, এখনো আছে এবং ভবিষ্যতেও রাজপথে থাকবে। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিরুদ্ধে যুবদল একাই যথেষ্ট। জনগণকে সঙ্গে নিয়ে তাদের কর্মকাণ্ডের দাঁতভাঙা জবাব দেওয়া হবে।
আওয়ামী লীগের নেতা-কর্মীদের উদ্দেশে তিনি আরও বলেন, বিএনপি চায় না তাঁদের কোনো ক্ষতি হোক কিংবা রাজপথে চলাচল বন্ধ হয়ে যাক। তবে কোনো ধরনের বাড়াবাড়ি করলে বগুড়ার মাটিতে তাঁদের স্থান হবে না।
বগুড়া জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সমাবেশে সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আবু হাসান। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি জিয়াউর রহমান জিয়া, সহ-সাধারণ সম্পাদক রুহুল ইসলাম মনি ও ক্রীড়াবিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন জনি।
এ সময় উপস্থিত ছিলেন- বগুড়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সহিদ উন নবী সালাম, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আতাউর রহমান শম্ভু, তাজমিলুর ইসলাম বিচিত্র, এনামুল হক পান্না, সবুজ দেওয়ান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন সোহাগ, মিনহাজুল ইসলাম রিমন, ইমরান হোসেন ও আরিফুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক আনিসুল হক, সহ-সাংগঠনিক সম্পাদক মোসলেম উদ্দিন স্বপন, শফিউল আলম শাফিন ও মহররম হাসান টফিন, প্রচার সম্পাদক রাশেদুল ইসলাম রাশেদ এবং সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম তুহিন।
আরও উপস্থিত ছিলেন- বগুড়া শহর যুবদলের সভাপতি আহসান হাবীব মমি, সাধারণ সম্পাদক আদিল শাহরিয়ার গোর্কি, সাংগঠনিক সম্পাদক সৌরভ হাসান শিবলু, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক অতুল চন্দ্র দাস, সিনিয়র যুগ্ম আহ্বায়ক তৌহিদুল ইসলাম তৌহিদসহ জেলা যুবদলের ২৫টি ইউনিটের নেতা-কর্মীরা।
এর আগে বিকেলে বগুড়া শহরের শহীদ খোকন পার্ক থেকে যুবদলের ২৫টি ইউনিটের নেতা-কর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সাতমাথায় জুলাই স্মৃতিস্তম্ভের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।
আজকালের খবর/বিএস