রবিবার ● ২৯ নভেম্বর ২০২৬
পতিত জমিতে কুমড়া চাষে সাফল্য, গৌরীপুরে নতুন সম্ভাবনা
প্রকাশ: রোববার, ২৯ নভেম্বর, ২০২৬, ৬:৪৩ পিএম   (ভিজিট : ৬)
পানির ওপর মাচা, মাচাজুড়ে সবুজ লতার সমারোহ। সেই লতার ডগায় ঝুলছে সারি সারি চালকুমড়া। একসময় যে জমিকে বলা হতো ‘পাঞ্জা’ বা অনুর্বর ও অনাবাদি জমি, সেই জমি এখন পরিণত হয়েছে সবজির খামারে। পরিত্যক্ত পুকুরপাড়ে চালকুমড়া চাষ করে অভাবনীয় সাফল্য পেয়েছেন ময়মনসিংহের গৌরীপুর উপজেলার কৃষকরা। স্বল্প খরচে অধিক ফলন ও ভালো দাম পাওয়ায় তাঁদের অনেকের সংসারে ফিরেছে স্বচ্ছলতা।

কবি আবু জাফর ওবায়দুল্লাহর কবিতার পঙ্‌ক্তি ‘কুমড়ো ফুলে ফুলে নুয়ে পড়েছে লতাটা’ যেন বাস্তবে রূপ নিয়েছে উপজেলার ডৌহাখলা ইউনিয়নের মরিচালী নয়াপাড়া গ্রামে। পুকুরের পানির ওপর বাঁশের মাচায় দুলছে শত শত কচি চালকুমড়া। চারদিকে সবুজ লতায় ছেয়ে গেছে পুকুরপাড়। ভোর হলেই স্থানীয় পাইকাররা ভ্যানগাড়ি নিয়ে হাজির হন। কৃষকদের কাছ থেকে সরাসরি কিনে নিয়ে যান উৎপাদিত কুমড়া।

কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, প্রতি হেক্টর জমিতে ২৫ থেকে ২৬ মেট্রিক টন চালকুমড়া উৎপাদিত হচ্ছে। প্রতি ১০ শতক জমিতে প্রায় ৫০ থেকে ৬০ মণ কুমড়া পাওয়া যাচ্ছে। স্থানীয় পাইকারদের কাছে প্রতিটি কুমড়া গড়ে ৪০ থেকে ৫০ টাকায় বিক্রি হচ্ছে। এতে জমির পরিমাণ ও উৎপাদনভেদে কৃষকের উল্লেখযোগ্য আয় হচ্ছে।

মরিচালী নয়াপাড়া গ্রামের কৃষক মজিবুর রহমানের হাত ধরে এ অঞ্চলে পুকুরপাড়ে চালকুমড়া চাষের প্রসার ঘটেছে। তিনি জানান, একসময় তাঁর পুকুরপাড়ের বেশির ভাগ জায়গা পরিত্যক্ত ছিল। স্থানীয়ভাবে এসব জমিকে পাঞ্জা জমি বলা হতো। পরে তিনি পুকুরপাড়ে গোবর ও বিভিন্ন জৈব বর্জ্য পচিয়ে কম্পোস্ট সার তৈরি করে চাষাবাদ শুরু করেন। এতে রাসায়নিক সারের প্রয়োজন কমেছে, উৎপাদন খরচও কমেছে।

মজিবুর রহমান বলেন, তাঁর ৮০ শতক, ৩৬ শতক ও ৫৫ শতকের তিনটি পুকুরের পাড়ে চালকুমড়া চাষ করা হয়েছে। পাশাপাশি ঢেঁড়স, শিম, ঝিঙা ও চিচিঙ্গাও আবাদ করছেন। প্রতি বছর সবজি বিক্রি করে লাখ টাকার বেশি আয় হয়। তবে তাঁর অভিযোগ, নিজেদের উদ্যোগে এত বড় আবাদ গড়ে তুললেও কৃষি বিভাগের কর্মকর্তাদের কাছ থেকে নিয়মিত খোঁজখবর বা প্রয়োজনীয় পরামর্শ পান না। আশপাশের শতাধিক কৃষকের উৎপাদিত সবজিও তাঁর পুকুরপাড়ে পাইকারদের কাছে বিক্রি হয়।

মাওহা ইউনিয়নের ভুটিয়ারকোনা গ্রামের কৃষক জয়নাল আবেদিন প্রায় ৩০ শতক জমিতে আধুনিক পদ্ধতিতে বিষমুক্ত চালকুমড়া চাষ করেছেন। তিনি জানান, ইতোমধ্যে ১৯ হাজার টাকার কুমড়া বিক্রি করেছেন। বাজারে দাম কিছুটা কমে গেলেও আরও ১৫ থেকে ২০ হাজার টাকার কুমড়া বিক্রির আশা করছেন।

পালুহাটি গ্রামের কৃষক আজিজুল ইসলাম ৫০ শতক পুকুরপাড়ে চালকুমড়া চাষ করেছেন। তাঁর ভাষ্য, বাড়তি কোনো খরচ ছাড়াই ইতোমধ্যে ৮ হাজার টাকার কুমড়া বিক্রি করেছেন। আরও ৪ থেকে ৫ হাজার টাকার কুমড়া বিক্রি করতে পারবেন বলে আশা করছেন।

২ নম্বর গৌরীপুর ইউনিয়নের কোনাপাড়া গ্রামের কৃষক আব্দুর রহমান একই জমিতে বহুমুখী চাষাবাদ করছেন। জমির নিচে আলু, পেঁয়াজ, আদা ও হলুদ এবং ওপরে মাচা তৈরি করে লাউ ও চালকুমড়া চাষ করেছেন। তিনি বলেন, এটি মূল ফসলের পাশাপাশি বাড়তি আয়ের সুযোগ তৈরি করেছে। এবার আবহাওয়া অনুকূলে থাকায় ফলনও ভালো হয়েছে।

একই গ্রামের কৃষক ইদ্রিস আলী, সুলতান মিয়া ও আবুল খায়ের জানান, আগে বাড়ির চাল ও পুকুরের আশপাশে সীমিত পরিসরে চালকুমড়া চাষ করা হতো। এখন লাভজনক হওয়ায় জমিতে পরিকল্পিতভাবে মাচা তৈরি করে বাণিজ্যিকভাবে এ চাষ করছেন তাঁরা।

সিধলা ইউনিয়নের বেলতলী গ্রামের কৃষক সাহেদ আলী নিয়মিত চালকুমড়া চাষ করেন। গত বছর এক বিঘা জমিতে চাষ করে ভালো ফলন পেয়েছিলেন। এবারও একইভাবে আবাদ করেছেন। তাঁর দাবি, এ বছর চাষে খরচ হয়েছে প্রায় ২৫ হাজার টাকা। সব মিলিয়ে প্রায় ১ লাখ ৭০ হাজার টাকার কুমড়া বিক্রির আশা করছেন।

অন্যদিকে রামগোপালপুর ইউনিয়নের বেরাটি গ্রামের কৃষক আবুচান জানান, চালকুমড়া চাষের অন্যতম প্রধান সমস্যা মাছি পোকা। এ পোকার আক্রমণে কুমড়ার ফুল ও ফল নষ্ট হয়ে যায় এবং ফল ঝরে পড়ে। এ সমস্যা মোকাবিলায় তিনি সেক্স ফেরোমন পদ্ধতি ব্যবহার করছেন। এবার দুই বিঘা জমিতে চালকুমড়া চাষ করে গত বছরের তুলনায় ভালো ফলন পেয়েছেন।

উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা কাওছার আহম্মদ খান জানান, চলতি মৌসুমে উপজেলায় প্রায় ২৫ হেক্টর জমিতে চালকুমড়ার আবাদ হয়েছে। এতে উৎপাদনের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৪০০ মেট্রিক টন।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. এহসানুল হক বলেন, আবহাওয়া অনুকূলে থাকায় এ বছর চালকুমড়ার বাম্পার ফলন হয়েছে। দাম ভালো পাওয়ায় কৃষকদের মধ্যে আনন্দ বিরাজ করছে। পতিত জমিতে সবজি উৎপাদনের সুযোগ তৈরি হওয়ায় কৃষকেরা দিন দিন সবজি চাষে আগ্রহী হয়ে উঠছেন।

একসময় অনাবাদি পড়ে থাকা পুকুরপাড় ও পতিত জমি এখন কৃষকের আয়ের উৎসে পরিণত হয়েছে। পরিকল্পিত চাষাবাদ, জৈব সার ব্যবহার ও আধুনিক পদ্ধতির প্রয়োগে গৌরীপুরের কৃষকেরা দেখাচ্ছেন, অব্যবহৃত জমিও হতে পারে সম্ভাবনাময় সম্পদ। তাঁদের এ সাফল্য স্থানীয় কৃষিতে নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিচ্ছে।

আজকালের খবর/কাওছার আল হাবীব








Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft