রবিবার ● ২৯ নভেম্বর ২০২৬
সুন্দরবনে ডাকাতদলের প্রধান আসাবুর আটক
প্রকাশ: রোববার, ২৯ নভেম্বর, ২০২৬, ৫:৪৩ পিএম   (ভিজিট : ৮)
সুন্দরবনে ডাকাতবিরোধী বিশেষ অভিযানে কুখ্যাত আসাবুর বাহিনীর প্রধান আসাবুর সানা (৪৫)-কে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় দুটি দেশীয় ওয়ান শুটার গান, তিন রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে। পৃথক অভিযানে মুক্তিপণের জন্য জিম্মি করে রাখা এক জেলেকেও জীবিত উদ্ধার করা হয়েছে।

রোববার (২৯ নভেম্বর) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত এ তথ্য জানান।

তিনি জানান, সুন্দরবনের সক্রিয় বনদস্যু বাহিনীগুলো নির্মূল এবং উপকূলীয় অঞ্চলে নিরাপত্তা নিশ্চিত করতে কোস্ট গার্ডের নেতৃত্বে ‘অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন’ ও ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ নামে দুটি বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে।

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সুন্দরবনের শিবসা নদীর শরবতখালী খালসংলগ্ন এলাকায় আসাবুর বাহিনীর সদস্যরা মুক্তিপণের দাবিতে এক জেলেকে জিম্মি করে রেখেছে। এ তথ্যের ভিত্তিতে ২৮ নভেম্বর দুপুর ১২টার দিকে কোস্ট গার্ড বেইস মোংলা ও আউটপোস্ট নলিয়ান যৌথভাবে সেখানে অভিযান চালায়। এ সময় একটি কাঠের নৌকাসহ জিম্মি জেলেকে জীবিত উদ্ধার করা হয়। তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা সুন্দরবনের গহিনে পালিয়ে যায়।

পরবর্তী সময়ে গোপন সংবাদের ভিত্তিতে ২৯ নভেম্বর রাত ১টার দিকে খুলনার দাকোপ থানার মল্লিক বাড়ি এলাকা দিয়ে পালানোর চেষ্টাকালে আসাবুর বাহিনীর প্রধান আসাবুর সানাকে আটক করা হয়। আটক আসাবুরের দেওয়া তথ্যের ভিত্তিতে সুতারখালী ফরেস্ট অফিসসংলগ্ন এলাকা থেকে দুটি দেশীয় ওয়ান শুটার গান ও তিন রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।

কোস্ট গার্ড জানায়, আসাবুর সানাকে এর আগেও ২০২৪ সালের ১২ নভেম্বর আটক করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছিল। পরবর্তী সময়ে জামিনে মুক্ত হয়ে তিনি আবারও সুন্দরবনে ডাকাতিতে জড়িয়ে পড়েন বলে অভিযোগ রয়েছে।

এদিকে, ২৮ নভেম্বর দুপুর ২টার দিকে কোস্ট গার্ড স্টেশন দোবেকির সদস্যরা নিয়মিত টহলের সময় সাতক্ষীরার শ্যামনগর থানার আড়পাঙ্গাশিয়া নদীসংলগ্ন এলাকায় সন্দেহজনক একটি কাঠের নৌকায় তল্লাশি চালান। এ সময় ডাকাতদের ব্যবহারের রসদসহ নৌকাটি জব্দ করা হয়। তবে ঘটনাস্থলে কাউকে পাওয়া না যাওয়ায় ডাকাত দলের সদস্যদের শনাক্ত করা সম্ভব হয়নি। পরে জব্দ করা নৌকা ও রসদ দোবেকি ফরেস্ট অফিসের কাছে হস্তান্তর করা হয়।

কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, আটক আসাবুর সানা, জব্দ করা নৌকা, উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। উদ্ধার করা জেলেকে তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা আরও বলেন, সরকারের সুস্পষ্ট নির্দেশনা, সবার সহযোগিতা এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত প্রচেষ্টায় সুন্দরবনকে সম্পূর্ণরূপে দস্যুমুক্ত করা সম্ভব হবে বলে তারা আশাবাদী।

আজকালের খবর/কাওছার আল হাবীব








Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft