
পঞ্চগড়ের আটোয়ারীতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিরুপমা রায়।
সভায় আগামী ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস এবং ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদা, ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে বিস্তারিত আলোচনা করা হয়। জেলা পর্যায়ের কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে উপজেলা পর্যায়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। এসব কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে সর্বসম্মতিক্রমে মূল কমিটি ও বিভিন্ন উপকমিটি গঠন করা হয়।
এ ছাড়া দিবস দুটি উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সব দপ্তরকে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ এবং নিজ নিজ দায়িত্ব পালনের বিষয়ে আলোচনা করা হয়।
সভায় সহকারী কমিশনার (ভূমি) প্রশান্ত কুমার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. হুমায়ুন কবীর, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. রোকনুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোস্তাক আহমেদ, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌকির আহমেদ, উপজেলা সমবায় কর্মকর্তা মো. ফারুক হোসেন, উপজেলা বিএনপির সভাপতি এজেডএম বজলুর রহমান (জাহেদ), সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম দুলাল, ওসি (তদন্ত) মো. ফারুকুল ইসলাম, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মো. ফয়সাল, জনস্বাস্থ্য অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী তুষার কান্তি রায়, বীর মুক্তিযোদ্ধা পশিম উদ্দীন, মির্জাপুর ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ আজাদ উপস্থিত ছিলেন।
এ ছাড়া বাংলাদেশ জামায়াতে ইসলামী আটোয়ারী উপজেলা শাখার আমির মাওলানা মো. ইউনুস আলী খাঁন, গিরাগাঁও বিজিবি কোম্পানি কমান্ডার আব্দুল বারী, বর্ষালুপাড়া বিজিবি কোম্পানি কমান্ডার ফজলুর রহমান, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার বিপ্লব হোসেন সরকার, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা সারোয়ার আলমসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও প্রতিনিধিরা অংশ নেন।
সভায় বীর মুক্তিযোদ্ধা, স্থানীয় বিএনপি, জামায়াত ও অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, এনজিও প্রতিনিধি, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি এবং সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।
সভায় শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবসের সব কর্মসূচি যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে পালনের পাশাপাশি উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করা হয়।
আজকালের খবর/কাওছার আল হাবীব