রবিবার ● ২৯ নভেম্বর ২০২৬
বগুড়ার ১৩ উপজেলায় সেতু-কালভার্ট নির্মাণে বড় উদ্যোগ
প্রকাশ: রোববার, ২৯ নভেম্বর, ২০২৬, ৬:১৭ পিএম  আপডেট: ২৯.১১.২০২৬ ৬:২৩ পিএম  (ভিজিট : ৭)
বগুড়ার ১৩ উপজেলায় টেকসই গ্রামীণ যোগাযোগ নেটওয়ার্ক গড়ে তুলতে বড় ধরনের উদ্যোগ নিয়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। নদী ও গ্রামীণ সড়কে সেতু, ব্রিজ ও কালভার্ট নির্মাণের লক্ষ্যে ৭৮৬টি অবকাঠামোর প্রস্তাবনা দেওয়া হয়েছে। এরই মধ্যে বিভিন্ন প্রকল্পের আওতায় ৩৭টি সেতু নির্মাণের অনুমোদন পেয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এসব প্রকল্প বাস্তবায়িত হলে গ্রামীণ জনপদের যোগাযোগ ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

এলজিইডি বগুড়ার ২৮ অক্টোবর পর্যন্ত হালনাগাদ সেতু ও কালভার্ট-সংক্রান্ত প্রতিবেদন সূত্রে জানা যায়, জেলার বিভিন্ন এলাকায় ১১টি প্রকল্পের আওতায় উন্নয়ন কার্যক্রম পরিচালিত হচ্ছে। এর মধ্যে তিনটি প্রকল্পে উল্লেখযোগ্যসংখ্যক সেতু ও কালভার্ট নির্মাণের প্রস্তাব রয়েছে।

স্বল্প ব্যয়ে গ্রামীণ সড়কে ব্রিজ-কালভার্ট নির্মাণ প্রকল্পের আওতায় ৭৬৪টি, ঘূর্ণিঝড় ও বন্যায় ক্ষতিগ্রস্ত গ্রামীণ অবকাঠামো পুনর্বাসন প্রকল্পের আওতায় ৩টি এবং রাজশাহী বিভাগের গুরুত্বপূর্ণ উপজেলা ও ইউনিয়ন সড়ক প্রশস্তকরণ ও মজবুতকরণ প্রকল্পের আওতায় ১৯টি সেতু-কালভার্ট নির্মাণের প্রস্তাব দেওয়া হয়েছে।

এ ছাড়া গ্রামীণ সেতু সহায়তা কর্মসূচির আওতায় ৮৩টি সেতুর রক্ষণাবেক্ষণ ও ৯টি প্রতিস্থাপনের কাজ সম্পন্ন হয়েছে। বৃহত্তর পাবনা-বগুড়া পল্লি অবকাঠামো উন্নয়ন প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে একটি কাজ সম্পন্ন এবং ১০টি চলমান রয়েছে। অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্বপূর্ণ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের তৃতীয় পর্যায়ে একটি আরসিসি গার্ডার সেতু নির্মাণকাজও সম্পন্ন হয়েছে।

ঘূর্ণিঝড় ও বন্যায় ক্ষতিগ্রস্ত গ্রামীণ অবকাঠামো পুনর্বাসন প্রকল্পের আওতায় সারিয়াকান্দিতে একটি এবং গাবতলী-সোনাতলা এলাকায় দুটি কাজ চলমান রয়েছে।

অন্যদিকে উপজেলা, ইউনিয়ন ও গ্রামীণ সড়কে ১০০ মিটার পর্যন্ত দৈর্ঘ্যের সেতু নির্মাণ, গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়ন, দীর্ঘ সেতু নির্মাণ, দেশব্যাপী পল্লি সড়কে গুরুত্বপূর্ণ ব্রিজ নির্মাণ এবং বন্যা ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত গ্রামীণ সড়ক পুনর্বাসনসহ আরও পাঁচটি প্রকল্পের প্রস্তাবনা রয়েছে।

এ বিষয়ে এলজিইডির সিনিয়র সহকারী প্রকৌশলী মোখলেছুর রহমান জানান, কয়েকটি প্রকল্পের আওতায় ৩৭টি ব্রিজ নির্মাণের অনুমোদন পাওয়া গেছে। এর মধ্যে উপজেলা, ইউনিয়ন ও গ্রাম সড়কে দীর্ঘ সেতু নির্মাণ প্রকল্পের ২৪টি, সিরাজগঞ্জ-বগুড়া ও নওগাঁ জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের ৪টি এবং অন্যান্য প্রকল্পের আওতায় আরও ৯টি ব্রিজ রয়েছে।

অনুমোদিত সেতুগুলোর মধ্যে শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়ন থেকে খানপুর ইউনিয়ন হয়ে কল্যাণী বাজার সড়কে করতোয়া নদীর ওপর সেতু, ঝাজর হাট এলাকায় বাঙালি নদীর ওপর সেতু, সোনাতলা উপজেলার সাতবেকী জিপিএস-মোনারপটল ঘাট সড়কে বাঙালি নদীর ওপর সেতু এবং সারিয়াকান্দি উপজেলার ছাগলধরা বাজার-দেবডাঙ্গা শিমুলতলা সড়কে বাঙালি নদীর ওপর হুলুরঘাট সেতু উল্লেখযোগ্য।

এ ছাড়া সারিয়াকান্দির বাঁশহাটা জিপিএস-ছাইহাট সড়ক, ধুনটের কান্তনগর-বীরেরবন ঘাট সড়ক, তারাকান্দি-ধাওয়াপাড়া সড়ক এবং নিমগাছি প্রাথমিক বিদ্যালয়-উল্টারঘাট সড়কে বাঙালি নদীর ওপর সেতু নির্মাণের পরিকল্পনা রয়েছে।

শিবগঞ্জ, গাবতলী, কাহালু, দুপচাঁচিয়া ও নন্দীগ্রাম উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কেও সেতু নির্মাণের প্রস্তাব রয়েছে। এসব সেতুর মধ্যে খাড়ির খাল, নাগর নদী, করতোয়া নদী, ইছামতী ও সুখদহ নদীর ওপর একাধিক সেতু নির্মাণের পরিকল্পনা করা হয়েছে। বগুড়া শহরের জেলখানা মোড় থেকে কালেক্টরেট স্কুল সড়কেও একটি সেতু নির্মাণের উদ্যোগ রয়েছে।

সম্প্রতি আরও পাঁচটি সেতু প্রকল্প অনুমোদন পেয়েছে, যার সম্মিলিত দৈর্ঘ্য প্রায় ২১৫ মিটার। এর মধ্যে গাবতলী উপজেলার ফুলবাড়ি জিসি-তরণীহাট জিসি সড়কে একটি সেতু, তরণীহাট হয়ে মহিষাবান ইউনিয়ন পরিষদ কার্যালয়-কালাইহাটা বাজার সড়কে একটি, নেপালতলী মহাসড়ক থেকে পশ্চিমপাড়া সড়কে একটি, চাকাতুলী-মাধ্যাকাতুলী সড়কে একটি এবং সোনাতলা-মোকামতলা পাকা সড়ক থেকে গোয়ালপাড়া হয়ে লাংলোহাট সড়কে একটি সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া শিবগঞ্জ ও গাবতলী উপজেলায় আরও ৯টি সেতু অনুমোদন পেয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এলজিইডি বগুড়ার নির্বাহী প্রকৌশলী মো. মাসুদুজ্জামান বলেন, নদী, খাল-বিল ও গুরুত্বপূর্ণ গ্রামীণ সড়কের ওপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। নতুন সেতু, ব্রিজ ও কালভার্ট নির্মাণের প্রস্তাবনায় ইতিবাচক সাড়া পাওয়া গেছে। চলমান প্রকল্পগুলোর কাজের গুণগত মান বজায় রাখতে নিয়মিত তদারকি করা হচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যেই প্রকল্পগুলো শেষ করে জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।

সংশ্লিষ্টদের প্রত্যাশা, এসব প্রকল্প বাস্তবায়িত হলে গ্রামীণ মানুষের যাতায়াত সহজ হবে, কৃষিপণ্য পরিবহন ও স্থানীয় ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে। একই সঙ্গে শিক্ষা, স্বাস্থ্যসেবা ও জরুরি প্রয়োজনে মানুষের যোগাযোগের দুর্ভোগ কমবে এবং গ্রামীণ অর্থনীতিতে নতুন গতি সঞ্চার হবে।

আজকালের খবর/কাওছার আল হাবীব








Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft