রবিবার ● ২৯ নভেম্বর ২০২৬
সরকার আসে-যায়, ভাগ্য বদলায় না তাহেরোন-নেছার
প্রকাশ: রোববার, ২৯ নভেম্বর, ২০২৬, ৬:০৫ পিএম   (ভিজিট : ৫)
‘বৃষ্টি হলে মানুষের বাড়িতে গিয়ে আশ্রয় নিতে হয়। কেউ যদি একটা ঘর করে দিত, তাহলে বাকি জীবনটা অন্তত একটু শান্তিতে ঘুমাতে পারতাম।’ এভাবেই নিজের কষ্টের কথা বলছিলেন নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার মাগুড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মাগুড়া দর্জিপাড়া গ্রামের ষাটোর্ধ্ব অসহায় নারী তাহেরোন-নেছা।

দুই ছেলে ও এক মেয়ের জননী তাহেরোন-নেছা মেয়েকে বিয়ে দিয়েছেন। তবে আর্থিক অসচ্ছলতার কারণে ছেলেদের তেমন কিছু দিতে পারেননি। একপর্যায়ে দুই ছেলে স্ত্রী-সন্তান নিয়ে আলাদা হয়ে গেলেও মায়ের জীবনে আসেনি স্বস্তি। প্রায় ১০ বছর আগে স্বামী জালাল উদ্দিনকে হারানোর পর থেকেই একাকিত্ব ও অভাবের সঙ্গে লড়াই করে বেঁচে আছেন তিনি। বয়সের ভারে শরীরে বাসা বেঁধেছে নানা রোগব্যাধি।

৬১ বছর বয়স পেরিয়ে গেলেও এখন পর্যন্ত ভাগ্যে জোটেনি বিধবা ভাতা কিংবা সরকারের কোনো ধরনের সহায়তা। সরকার আসে, সরকার যায়; অনেকের জীবনে পরিবর্তন এলেও বদলায়নি তাহেরোন-নেছার জীবনচিত্র। জীবনের শেষ প্রান্তে এসে তাঁর একমাত্র চাওয়া একটি নিরাপদ আশ্রয়।

স্বামী জালাল উদ্দিনের রেখে যাওয়া প্রায় তিন শতক জমিতে দুই ছেলে বসবাস করছেন। ওই জমির সামান্য এক কোণে ছোট্ট একটি চালাঘরে ঠাঁই হয়েছে তাহেরোন-নেছার। কিন্তু সেই আশ্রয়টুকুও নিরাপদ নয়। ঘরের পাশ দিয়ে চলে গেছে সরকারি ক্যানেল। বৃষ্টি হলেই ঘরের ভেতর পানি জমে যায়। চালার ফাঁক দিয়ে বৃষ্টির পানি পড়ে বিছানায়। ফলে ঝড়-বৃষ্টি কিংবা বর্ষার সময় চরম দুর্ভোগ পোহাতে হয় তাঁকে।

জীবিকা নির্বাহের জন্য অন্যের বাড়িতে থালাবাসন ধোয়ার কাজ করেন তাহেরোন-নেছা। সেই সামান্য আয়েই কোনো রকমে চলে তাঁর সংসার। তাতেও প্রতিদিন দুই বেলা খাবার জোটে না। মাঝে মাঝে অনাহারেও কাটাতে হয় দিন।

অসহায় তাহেরোন-নেছার আকুতি, সরকারি-বেসরকারি কোনো সংস্থা কিংবা সমাজের কোনো বিত্তবান ও মানবিক ব্যক্তি যদি তাঁকে একটি নিরাপদ ঘরের ব্যবস্থা করে দিতেন, তাহলে জীবনের শেষ দিনগুলো অন্তত একটু স্বস্তিতে কাটাতে পারতেন।

বার্ধক্য, দারিদ্র্য আর অনিশ্চয়তার সঙ্গে প্রতিনিয়ত লড়াই করা তাহেরোন-নেছার এখন একটাই প্রত্যাশা—জীবনের শেষ বয়সে যেন অন্তত নিরাপদে মাথা গোঁজার একটি ঠাঁই পান। তাঁর এই মানবিক আবেদন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সমাজের বিত্তবান মানুষের দৃষ্টি আকর্ষণ করবে, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর।

আজকালের খবর/কাওছার আল হাবীব








Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft