রবিবার ● ২৯ নভেম্বর ২০২৬
মাদক ও কিশোর গ্যাংমুক্ত সমাজ গড়তে নবীনগরে সভা
প্রকাশ: রোববার, ২৯ নভেম্বর, ২০২৬, ৬:১২ পিএম   (ভিজিট : ৭)
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে শিক্ষার মানোন্নয়ন, মাদক নির্মূল ও কিশোর গ্যাং প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ নভেম্বর) সকাল ১১টায় সুর সম্রাট আলাউদ্দিন খাঁ ডিগ্রি কলেজ প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।

কলেজের গভর্নিং বডির সভাপতি মোজাম্মেল হক মাসুমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আবদুল মান্নান। প্রধান আলোচক ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার (ডিআইজি) মোহাম্মদ ফয়জুল কবির পিপিএম। বিশেষ অতিথি ছিলেন নবীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান রিফাত।

সভায় স্বাগত বক্তব্য দেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস এম রেজাউল করিম। বক্তব্যের শুরুতে তিনি সদ্যপ্রয়াত নবীনগর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজুর মৃত্যুতে শোক প্রস্তাব পাঠ করেন।

এ সময় উপস্থিত ছিলেন শিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম আর মজিব, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন সোহেল, নবীনগর পৌর বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি হাসিবুল হাদীস শাহিন, শ্রমিক দলের সাধারণ সম্পাদক শাহ আলম বেপারীসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আবদুল মান্নান বলেন, মাদক নির্মূলে উপজেলার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে পর্যায়ক্রমে সচেতনতামূলক সভা করা হবে। মাদক ব্যবসায়ীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। এ ক্ষেত্রে প্রশাসনের পাশাপাশি সামাজিক সচেতনতাও জরুরি।

তিনি আরও বলেন, মেয়েদের তুলনায় ছেলেরা পড়াশোনায় কম মনোযোগী। এ বিষয়ে অভিভাবকদের আরও সচেতন হতে হবে। সন্তানদের লেখাপড়ার পাশাপাশি তাদের চলাফেরা ও বন্ধু-বান্ধব সম্পর্কেও নিয়মিত খোঁজখবর রাখতে হবে।

প্রধান আলোচক মোহাম্মদ ফয়জুল কবির বলেন, মাদক প্রতিরোধের কার্যক্রম পরিবার থেকেই শুরু করতে হবে। মাদক ও অপরাধ নিয়ন্ত্রণে সমাজের সবাইকে সোচ্চার ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি তরুণদের অনলাইন আসক্তি কমিয়ে পড়াশোনায় মনোযোগী হওয়ার আহ্বান জানান তিনি।

সভায় শিক্ষার পরিবেশ উন্নয়ন, মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তোলা এবং কিশোর গ্যাং প্রতিরোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, প্রশাসন ও সমাজের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।

আজকালের খবর/কাওছার আল হাবীব








Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft