বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬
বাবার লাশ ঘরে, সম্পত্তির দলিল নিয়ে ভাইবোনদের সংঘর্ষ
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ৬:৪৪ পিএম   (ভিজিট : ০)
বাড়ির দরজায় দাঁড়িয়ে লাশবাহী গাড়ি। ঘরের ভেতরে পড়ে আছে ৮১ বছর বয়সী বৃদ্ধ মফিজ উল্ল্যার নিথর দেহ। বাবার শেষ বিদায়ের প্রস্তুতির মধ্যেই সম্পত্তির ভাগ-বাটোয়ারা ও দলিল-দস্তাবেজ নিয়ে সন্তানদের মধ্যে হামলা, ভাঙচুর ও মারামারির অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ঘটনাটি লক্ষ্মীপুর সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের চাঁদখালী গ্রামের ব্যাপারী বাড়ির। মফিজ উল্ল্যা ওই বাড়ির জালাল আহমেদের ছেলে। গত মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর ১টা ১৫ মিনিটে প্রবাসী ছেলে মনিরের বাড়িতে স্ট্রোকজনিত কারণে তাঁর মৃত্যু হয়।

পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে মফিজ উল্ল্যা ও তাঁর স্বজনদের হয়রানি করা হচ্ছিল। এ নিয়ে একাধিক মামলাও চলমান রয়েছে।

অভিযোগ অনুযায়ী, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মনিরের বাড়িতে তাঁর ভাই মিলন ও ফারুক এবং বোন রোজিনা ও নাসিমা হামলা চালান। এ সময় তাঁরা বাড়ির দলিল-দস্তাবেজ নিয়ে যাওয়ার পাশাপাশি ভাঙচুর ও মারামারি করেন বলে অভিযোগ উঠেছে। এতে মনিরের স্ত্রী আখি বেগম, সৎ মা নাজমুন নাহার ও শাশুড়ি কুলসুম বেগম আহত হন।

পরিবারের দাবি, হামলার পর থেকে নাজমুন নাহার নিখোঁজ রয়েছেন। সিসিটিভি ফুটেজে তাঁকে মারধরের দৃশ্য দেখা গেছে বলেও দাবি করেছেন স্বজনরা।

স্থানীয় সূত্রে জানা যায়, মফিজ উল্ল্যার পাঁচ ছেলে ও দুই মেয়ে। মৃত্যুর আগ পর্যন্ত তিনি প্রবাসী ছেলে মনিরের বাড়িতে বসবাস করতেন। জমিজমা নিয়ে সন্তানদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে মামলাও হয়েছে। পারিবারিক বিরোধের কারণেই বৃদ্ধ মফিজ উল্ল্যাকে মনিরের বাড়িতে থাকতে হতো বলে স্থানীয়রা জানান।

স্থানীয় বাসিন্দারা বলেন, দীর্ঘদিন ধরে পরিবারটির মধ্যে সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছিল। বৃদ্ধের মৃত্যুর পর মরদেহ বাড়িতে থাকা অবস্থায় এমন সংঘাতের ঘটনা অত্যন্ত দুঃখজনক। তাঁরা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং সম্পত্তি বিরোধের আইনসম্মত সমাধান দাবি করেন।

তবে হামলা ও ভাঙচুরের অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত মিলন ও ফারুক। তাঁদের দাবি, জমির দলিল হারানোর আশঙ্কায় তাঁরা দলিলপত্র উদ্ধার করতে গিয়েছিলেন। তবে তাঁদের যাওয়ার আগে কে বা কারা ভাঙচুর কিংবা হামলা করেছে, তা তাঁরা জানেন না।

এ বিষয়ে লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ বলেন, বিষয়টি তাঁর জানা নেই। এ ঘটনায় কোনো অভিযোগও পাননি তিনি।








Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft