বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬
রমজানের আগে খেজুর, আপেল ও কমলায় শুল্ক কমাল এনবিআর
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ১০:৪০ এএম   (ভিজিট : ০)
আসন্ন রমজানে খেজুর, আপেল ও কমলার দাম নিয়ন্ত্রণে রাখতে এসব ফল আমদানিতে শুল্ক কমিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। খেজুরের আমদানি শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। অন্যদিকে আপেল ও কমলা আমদানিতে নিয়ন্ত্রণমূলক শুল্ক কমিয়ে ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে। শুল্ক কমানোর ফলে এসব ফলের আমদানি ও সরবরাহ বাড়বে বলে আশা করছে এনবিআর।

মঙ্গলবার (২৪ নভেম্বর) জারি করা এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, ২০২৭ সালের ১০ মার্চ পর্যন্ত খেজুরের আমদানি শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। এতে ফলটির আমদানিতে মোট করভার ৪৮ শতাংশ থেকে কমে ২৫ শতাংশে দাঁড়াবে।

এ ছাড়া আপেল ও কমলা আমদানিতে নিয়ন্ত্রণমূলক শুল্ক কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। পাশাপাশি সম্পূরক শুল্ক ও ভ্যাট নির্ধারণ করা হয়েছে ২০ শতাংশ। এর ফলে ফল দুটি আমদানিতে মোট শুল্ক-কর ১২১ শতাংশ থেকে কমে ৪৮ শতাংশ হবে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, আপেল ও কমলার ক্ষেত্রে শুল্কের নতুন হার ২০২৭ সালের ২৪ জানুয়ারি থেকে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত কার্যকর থাকবে।

এনবিআরের আশা, শুল্ক কমানোর ফলে এসব ফল আমদানি সহজ হবে এবং বাজারে সরবরাহ বাড়বে। এতে ভোক্তাদের জন্য দাম সহনীয় পর্যায়ে রাখতে ইতিবাচক প্রভাব পড়বে।

এর আগে আমদানি-নির্ভর এসব ফলের শুল্ক কমানোর বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা গেছে।

বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী, ২০২০-২১ অর্থবছরে দেশে ২ লাখ ৬৭ হাজার টন আপেল আমদানি হয়েছিল। এরপর ধারাবাহিকভাবে আমদানি কমে ২০২৪-২৫ অর্থবছরে ১ লাখ ৬২ হাজার টনে নেমে আসে। আলোচিত সময়ের মধ্যে এটিই ছিল সর্বনিম্ন আমদানি। তবে ২০২৫-২৬ অর্থবছরে আপেল আমদানি বেড়ে ১ লাখ ৮১ হাজার টনে দাঁড়ায়।

অন্যদিকে, গত ছয় অর্থবছরে দেশে কমলার আমদানি ধারাবাহিকভাবে কমেছে। ২০২০-২১ অর্থবছরে ৩ লাখ ৩৩ হাজার টন কমলা আমদানি হলেও ২০২৪-২৫ অর্থবছরে তা কমে ১ লাখ ৬৯ হাজার টনে দাঁড়ায়। সর্বশেষ ২০২৫-২৬ অর্থবছরে আমদানি আরও কমে ১ লাখ ৫৪ হাজার টনে নেমেছে, যা ছয় অর্থবছরের মধ্যে সর্বনিম্ন।

শুল্ক কমানোর ফলে আসন্ন রমজানে খেজুর, আপেল ও কমলার আমদানি বাড়বে এবং বাজারে সরবরাহ স্বাভাবিক থাকবে বলে আশা করা হচ্ছে। তবে শুল্ক কমানোর সুফল শেষ পর্যন্ত ভোক্তাদের কাছে কতটা পৌঁছাবে, তা নিয়ে সংশয় রয়েছে বাজারসংশ্লিষ্টদের। তাদের মতে, আমদানি পর্যায়ে শুল্ক কমলেও তার পুরো সুবিধা অনেক সময় খুচরা বাজারে প্রতিফলিত হয় না।

আজকালের খবর/ এমকে









Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft