রবিবার ● ২২ নভেম্বর ২০২৬
১৮ দিনের অস্থিরতায় পোশাক খাতে ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার
প্রকাশ: রোববার, ২২ নভেম্বর, ২০২৬, ৭:১২ পিএম   (ভিজিট : ০)
চলমান অস্থিতিশীল পরিস্থিতিতে দেশের তৈরি পোশাক খাতে বড় ধরনের ধাক্কা লেগেছে। গত ১ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত ১৮ দিনে ৩১৭টি কারখানার উৎপাদন ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ৪২৮ মিলিয়ন মার্কিন ডলার। পাশাপাশি ক্রেতাদের আস্থার সংকটে ২৫৪ মিলিয়ন ডলারের নিশ্চিত অর্ডার অন্য দেশে চলে গেছে বলে জানিয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)। 

রবিবার (২২ নভেম্বর) বিজিএমইএর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজিএমইএ জানায়, তৈরি পোশাক খাতের প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে গত চার দিন ধরে সদস্য কারখানাগুলোর ওপর একটি জরুরি জরিপ পরিচালনা করেছে সংগঠনটি। গত ১ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত অস্থিতিশীল পরিস্থিতি ও নানা বিঘ্নের কারণে কারখানাগুলোর ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে এ জরিপ করা হয়। জরিপে ৩১৭টি কারখানা তাদের তথ্য প্রদান করেছে। এসব কারখানার উৎপাদন বন্ধ থাকায় ক্ষতি হয়েছে ৪২৮ মিলিয়ন মার্কিন ডলারের।

এ ছাড়া সরাসরি উৎপাদন ক্ষতির পাশাপাশি সময়মতো পণ্য সরবরাহ করতে না পারায় অধিকাংশ অর্ডারই এখন চরম ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছে বিজিএমইএ। এসব কারখানা রপ্তানি আদেশ ধরে রাখতে ব্যয়বহুল এয়ার শিপমেন্ট, বড় অঙ্কের মূল্যছাড় এবং সরাসরি অর্ডার বাতিলের মতো কঠিন পরিস্থিতিতে পড়েছে।

বিজিএমইএ জানায়, অস্থিরতার কারণে ক্রেতাদের আস্থায় বড় ধরনের প্রভাব পড়েছে। ক্রেতারা ইতিমধ্যে তাদের নিশ্চিত করা অর্ডার থেকে ৫৯ মিলিয়ন পিস পোশাক অন্য দেশে সরিয়ে নিয়েছে, যার বাজারমূল্য ২৫৪ মিলিয়ন মার্কিন ডলার।

বিজিএমইএর মতে, জরিপে উঠে আসা এই পরিসংখ্যান প্রকৃত ক্ষতির একটি খণ্ডচিত্র। সংগঠনটির ক্ষতিগ্রস্ত কারখানার সংখ্যা ৬০০-এর বেশি। স্বল্প সময়ের এই জরুরি জরিপে মাত্র ৩১৭টি কারখানা অংশ নিতে পেরেছে। ফলে সামগ্রিক ক্ষতির পরিমাণ এই হিসাবের চেয়ে অনেক বেশি।

বিজিএমইএ মনে করে, তাৎক্ষণিক আর্থিক সংখ্যার বিচারে এই ক্ষতির গভীরতা পরিমাপ করা সম্ভব নয়। বড় ও অপূরণীয় আঘাত এসেছে বিশ্ববাজারে বাংলাদেশের পোশাকশিল্পের দীর্ঘমেয়াদি ভাবমূর্তি, নির্ভরযোগ্যতা ও ভবিষ্যৎ সম্ভাবনার ওপর। এর কারণে ইতিমধ্যে অন্য দেশে ব্যাপকভাবে অর্ডার সরে গেছে।

আজকালের খবর/বিএস 









Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft