রবিবার ● ২২ নভেম্বর ২০২৬
টেকনাফে বিপুল বিস্ফোরকসহ ১০৩ আইইডির খোলস, সরঞ্জাম উদ্ধার
প্রকাশ: রোববার, ২২ নভেম্বর, ২০২৬, ২:২৯ পিএম   (ভিজিট : ২)
কক্সবাজারের টেকনাফে বিপুল বিস্ফোরক, আইইডি (ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস) তৈরির সরঞ্জামসহ আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

এ ঘটনায় দুই তরুণকে আটক এবং দুটি অটোরিকশা ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। পালিয়ে গেছেন মোটরসাইকেল আরোহী তিনজন।

শনিবার রাত ১০টার দিকে তাদের আটক করা হয় বলে রোববার সকাল ১১টার দিকে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে জানিয়েছেন ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী।

আটক দুজন হলেন টেকনাফের নতুন পল্লানপাড়ার আবুল হোসেনের ছেলে মো. মেহেদী হাসান (১৯) এবং দক্ষিণ লেঙ্গুরবিল এলাকার মো. হোসেনের ছেলে মো. ইব্রাহিম (১৮)। তারা অটোরিকশার চালক।

বিজিবি জানায়, শনিবার রাতে টেকনাফের বটতলী থেকে পর্যটনপাড়া আদর্শগ্রাম হয়ে অস্ত্র ও বিস্ফোরকের একটি বড় চালান পরিবহনের তথ্য পায় তারা। এরপর ওই এলাকায় পাঁচটি চেকপোস্ট বসিয়ে বিশেষ অভিযান শুরু করা হয়।
অভিযান চলাকালে আদর্শগ্রামের একটি কাঁচা সড়ক দিয়ে আসা দুটি অটোরিকশাকে থামার সংকেত দেন বিজিবি সদস্যরা। চালকদের জিজ্ঞাসাবাদে তারা জানান, গাড়িতে থাকা মালামাল সামনের একটি মোটরসাইকেলে থাকা ব্যক্তিদের।

পরে বিজিবি সদস্যরা মোটরসাইকেল আরোহীদের থামানোর চেষ্টা করলে তারা পালানোর চেষ্টা করেন। এ সময় সতর্কতামূলক ফাঁকা গুলি ছোড়েন বিজিবি সদস্যরা। এক পর্যায়ে মোটরসাইকেলে থাকা তিনজন সেটি ফেলে অন্ধকারে পালিয়ে যান।

পরে অটোরিকশা দুটি বিজিবি সদর দপ্তরে নিয়ে তল্লাশি করা হয়। এ সময় বস্তার ভেতরে প্লাস্টিকের ড্রাম ও এলপিজি গ্যাস সিলিন্ডারের মধ্যে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।

বিজিবির দেওয়া তথ্য অনুযায়ী, অভিযানে তিন ধরনের বিস্ফোরক দানা, প্লাস্টিক বিস্ফোরক, গানপাউডার উদ্ধার করা হয়েছে। এর মধ্যে প্লাস্টিক বিস্ফোরক ৩ কেজি ৭০৯ গ্রাম, গানপাউডার ৩ কেজি ১৭২ গ্রাম, মোটা দানার বিস্ফোরক ১ কেজি ৮৫২ গ্রাম, মাঝারি দানার ২ কেজি ৭০৮ গ্রাম এবং মিহি দানার বিস্ফোরক ২ কেজি ৪৯ গ্রাম।

উদ্ধার করা সামগ্রীর মধ্যে রয়েছে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, একটি দেশীয় একনলা বন্দুক এবং ২৫৪টি গুলি।

এছাড়া, আইইডি তৈরির ১০৩টি খালি ধাতব কৌটা, ১১ কেজি ৯০ গ্রাম স্টিলের বল ও তিন কেজি পেরেক, আট কয়েল বৈদ্যুতিক তার, ২৪টি স্কচটেপ, একটি উন্নতমানের টুলস বক্স এবং ৫৪টি দিয়াশলাইয়ের বাক্স জব্দ করা হয়েছে।

লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, আটক দুজন, উদ্ধার করা অস্ত্র, বিস্ফোরক ও জব্দ করা যানবাহনের বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

দেশের অভ্যন্তরে নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক মজুত এবং পরিবহন প্রতিরোধে বিজিবি সতর্ক রয়েছে।

জননিরাপত্তা নিশ্চিত করতে গোয়েন্দা নজরদারি, বিশেষ অভিযান ও টহল কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

আজকালের খবর/ এমকে







আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft