রবিবার ● ২২ নভেম্বর ২০২৬
পাঁচ বছর পর পরিবারের কাছে ফিরছেন নেপালি যুবক রিয়ান
প্রকাশ: রোববার, ২২ নভেম্বর, ২০২৬, ৩:৩৫ পিএম   (ভিজিট : ০)
প্রায় পাঁচ বছর পর পরিবারের কাছে ফিরছেন নেপালি যুবক রিয়ান আনসারী। পরিচয়হীন অবস্থায় কুষ্টিয়ার দৌলতপুরে আসা এই যুবকের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটেছে বাংলাদেশ সরকার ও নেপাল দূতাবাসের সহযোগিতায়। পরিবারের সন্ধান পাওয়ার পর অবশেষে স্বজনদের কাছে ফিরছেন তিনি।

শনিবার (২১ নভেম্বর) নেপাল দূতাবাসের প্রতিনিধিরা দৌলতপুরের ফিলিপনগর থেকে রিয়ানকে নিয়ে রওনা হন। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে দেশে ফিরিয়ে নেওয়ার উদ্যোগ নেয় দূতাবাস। বর্তমানে তার স্বজনেরা পঞ্চগড়ের বাংলাবান্ধা সীমান্তে অপেক্ষা করছেন। সেখানেই আনুষ্ঠানিকভাবে পরিবারের কাছে হস্তান্তর করা হবে রিয়ানকে।

স্থানীয় সূত্রে জানা যায়, নেপালের বারা জেলার কালাইয়া থানার বাদল আনসারীর ছেলে রিয়ান প্রায় পাঁচ বছর ধরে দৌলতপুরের বিভিন্ন এলাকায় পরিচয়হীন অবস্থায় ঘুরে বেড়াতেন। একপর্যায়ে ফিলিপনগর এলাকার বাসিন্দা পলাশ আহমেদ তাকে আশ্রয় দেন। এরপর থেকে পরিবারের সদস্যের মতোই তার দেখাশোনা করে আসছিলেন পলাশ।

চলতি বছরের জুলাই মাসে রিয়ানের দেওয়া একটি ফোন নম্বরের সূত্র ধরে তার পরিচয় শনাক্ত হয় এবং পরিবারের সন্ধান পাওয়া যায়। এরপর স্বজনদের সঙ্গে নিয়মিত যোগাযোগ শুরু হয় তার। দীর্ঘদিন পর পরিবারের সঙ্গে কথা বলতে পেরে স্বজনদের কাছে ফিরে যাওয়ার অপেক্ষায় দিন কাটছিল রিয়ানের।

আশ্রয়দাতা পলাশ আহমেদ বলেন, প্রায় চার বছর ধরে রিয়ান আমার কাছে রয়েছে। পরিবারের সদস্যের মতোই তাকে আগলে রেখেছি। শুরুতে ভাষা বুঝতে সমস্যা হলেও এখন সে কিছুটা বাংলা বলতে পারে। জুলাই মাসে পরিবারের ফোন নম্বর পাওয়ার পর থেকে প্রতিদিন চার-পাঁচবার স্বজনদের সঙ্গে কথা বলতে চাইত। পরিবারের কাছে ফিরতে পেরে সে খুবই খুশি। তাকে ফিরিয়ে দিতে পেরে আমারও আনন্দ হচ্ছে, তবে দীর্ঘদিন একসঙ্গে থাকায় বিদায়বেলায় মনটা খারাপ লাগছে।

ফিলিপনগর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান একরামুল হক জানান, শনিবার বেলা সাড়ে ১১টার দিকে নেপাল দূতাবাসের একজন কর্মকর্তা এসে রিয়ানকে নিয়ে গেছেন।

দীর্ঘ পাঁচ বছরের অনিশ্চয়তা, ভিন্ন দেশে নিঃসঙ্গ জীবন আর পরিচয়হীনতার অবসান ঘটিয়ে অবশেষে পরিবারের কাছে ফিরছেন রিয়ান। তার এই ফিরে যাওয়া যেন নতুন করে আপনজনদের সঙ্গে জীবন শুরুর এক আবেগঘন অধ্যায়।


আজকালের খবর/রাশেদুল মিলন 









Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft