শনিবার ● ২১ নভেম্বর ২০২৬
চার বছরের যন্ত্রণা পেরিয়ে সুস্থ জীবনে ফিরতে চান গার্গী
প্রকাশ: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৬:৫৫ পিএম   (ভিজিট : ৫)
মেয়েকে পড়াশোনা করিয়ে নিজের পায়ে দাঁড় করানো—এটাই ছিল বাবা-মায়ের স্বপ্ন। বাবা চেয়েছিলেন মেয়ে ইঞ্জিনিয়ার হোক। ছোটবেলা থেকেই মেধাবী গার্গী চ্যাটার্জীও এগিয়ে যাচ্ছিলেন সেই স্বপ্নের পথে। স্কুলে তাঁর রোল নম্বর থাকত প্রথম পাঁচজনের মধ্যে। পিএসসি, জেএসসি ও এসএসসি—তিন পরীক্ষাতেই পেয়েছিলেন জিপিএ-৫।

কিন্তু জীবন সব সময় স্বপ্নের পথে চলে না। বাবার মৃত্যু, আর্থিক সংকট, পড়াশোনার প্রতিকূলতা পেরিয়ে যখন নিজের পায়ে দাঁড়ানোর লড়াইয়ে এগিয়ে যাচ্ছিলেন, তখনই তাঁর জীবনে নেমে আসে আরও বড় বিপর্যয়। আক্রান্ত হন জটিল রোগ অ্যাঙ্কাইলজিং স্পন্ডিলাইটিসে। গত চার বছর ধরে অসহ্য ব্যথার সঙ্গে লড়াই করছেন তিনি। এবার স্বাভাবিক জীবনে ফিরতে তাঁর সামনে নতুন যুদ্ধ—উন্নত চিকিৎসার জন্য প্রয়োজন প্রায় ৪০ লাখ টাকা।

২০১৬ সালে পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পাস করে এইচএসসি পড়তে ঢাকায় যান গার্গী। প্রথমে মাইলস্টোন কলেজে ভর্তি হলেও পরে রাজউক উত্তরা মডেল কলেজে পড়াশোনা শুরু করেন। সবকিছু ঠিকঠাকই চলছিল। কিন্তু ২০১৭ সালের ১৬ মার্চ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তাঁর বাবা দীপক কুমার চ্যাটার্জী। তিনি স্ট্যাম্প ভেন্ডার ও শিক্ষানবিশ আইনজীবী হিসেবে কাজ করতেন।

বাবার মৃত্যুর পর পরিবারে নেমে আসে আর্থিক সংকট। গার্গীর পড়াশোনা ও সংসারের খরচ চালাতে তাঁর মা পূর্ণিমা চ্যাটার্জী স্বরূপকাঠীর গ্রামের জমি কম দামে বিক্রি করতে বাধ্য হন। সেই অর্থও একসময় শেষ হয়ে যায়। অর্থাভাবে ঢাকায় থেকে পড়াশোনা চালিয়ে যাওয়া সম্ভব না হওয়ায় পিরোজপুরে ফিরে আসতে হয় গার্গীকে। পরে পিরোজপুর মহিলা কলেজের মাধ্যমে এইচএসসি পরীক্ষায় অংশ নেন। ২০১৮ সালে এইচএসসিতে তাঁর ফলাফল হয় জিপিএ-৪.১৭।

ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন পূরণ না হলেও বাবার আরেকটি স্বপ্ন—মেয়েকে স্বাবলম্বী করে তোলা—পূরণের চেষ্টা চালিয়ে যান গার্গী। ভর্তি হন ইস্টার্ন ইউনিভার্সিটির আইন বিভাগে। পড়াশোনার পাশাপাশি নিজের খরচ চালাতে টিউশনি, কোচিংয়ে শিক্ষকতা ও পার্টটাইম চাকরি করেছেন। ২০২০-২১ সালের দিকে নিজ উদ্যোগে হোমমেড জুয়েলারির ব্যবসাও শুরু করেন।

কিন্তু আইন বিষয়ে পড়াশোনার শেষ বর্ষে থাকতেই তাঁর শরীরে ধরা পড়ে অ্যাঙ্কাইলজিং স্পন্ডিলাইটিস। ধীরে ধীরে শরীরজুড়ে ব্যথা, হাত-পা নাড়াতে সমস্যা, ঘাড় সোজা রাখতে না পারা এবং হাঁটাচলায় অসুবিধা বাড়তে থাকে। অসুস্থতার কারণে একপর্যায়ে বন্ধ হয়ে যায় তাঁর ব্যবসা।

তারপরও থেমে থাকেননি গার্গী। অসুস্থতার সঙ্গে লড়াই করেই এলএলবি সম্পন্ন করেন ৩.৮৬ সিজিপিএ নিয়ে। পরে এলএলএমে অর্জন করেন ৩.৮৮ সিজিপিএ। এরপর বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে (বিইউপি) মাস্টার্স ইন পিস, কনফ্লিক্ট অ্যান্ড হিউম্যান রাইটস স্টাডিজে ভর্তি হন। তখন শারীরিক অবস্থা আরও খারাপের দিকে যায়। হুইলচেয়ারে করে বিশ্ববিদ্যালয়ে যাতায়াত করতে হতো তাঁকে। এ সময় বন্ধু নিজাম, শ্রীবতি ও রনক বিভিন্নভাবে সহযোগিতা করেন।

বর্তমানে গার্গী অ্যাডভান্সড স্টেজের অ্যাঙ্কাইলজিং স্পন্ডিলাইটিসে আক্রান্ত। বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির রিউমাটোলজি বিভাগের অধ্যাপক ডা. আবু শাহিনের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলছে। পরিবারের ভাষ্য অনুযায়ী, তাঁর স্যাক্রোইলিয়াক (এসআই) জয়েন্ট, হিপ জয়েন্ট এবং লাম্বার স্পাইনে গুরুতর জটিলতা তৈরি হয়েছে। অল্প হাঁটতেও লাঠির প্রয়োজন হয়। অনেক সময় হুইলচেয়ারের সাহায্য নিতে হয়।

দীর্ঘদিন ধরে চিকিৎসার অংশ হিসেবে অ্যাডালিমুম্যাব ও ইটানারসেপ্টের মতো ইনজেকশন নিয়েছেন গার্গী। পরিবারের দাবি, শুরুতে এসব চিকিৎসায় কিছুটা উপকার মিললেও পরবর্তী সময়ে কার্যকারিতা কমে যায়। দীর্ঘ চিকিৎসার ফলে বিভিন্ন শারীরিক জটিলতাও দেখা দিয়েছে।

এখন চিকিৎসকের পরামর্শে হিপ জয়েন্ট প্রতিস্থাপনের প্রস্তুতি চলছে। অস্ত্রোপচারের পর প্রদাহ নিয়ন্ত্রণে গোলিমুম্যাব ব্যবহারের পরিকল্পনা রয়েছে। নতুন চিকিৎসা শুরুর আগে প্রয়োজনীয় টিকা ও পরীক্ষা-নিরীক্ষা করানোর কথাও জানিয়েছে পরিবার।

অসুস্থতার লড়াইয়ে জীবনসঙ্গী নিলয়

গার্গীর জীবনের কঠিন সময়গুলোতে পাশে ছিলেন তাঁর ভালোবাসার মানুষ নিলয় ভৌমিক। দুই বছরের বন্ধুত্বের পর সাত বছরের প্রেম। ২০২৪ সালে তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হন।

নিলয় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা শেষ করেছেন। ইচ্ছা ছিল বিদেশে গিয়ে পিএইচডি করার। কিন্তু গার্গীর চিকিৎসার কথা ভেবে সেই পরিকল্পনা বাদ দেন তিনি।

স্ত্রীর চিকিৎসা ও অন্যান্য খরচ মেটাতে প্রতি মাসে প্রায় ৭০ থেকে ৮০ হাজার টাকা ব্যয় হয় বলে জানান নিলয়। এ ব্যয় সামলাতে প্রাইভেট পড়ানো, কোচিংয়ে শিক্ষকতা এবং বিশ্ববিদ্যালয় ও কলেজে অতিথি শিক্ষক হিসেবেও কাজ করেছেন। একপর্যায়ে ঋণের বোঝায় জড়িয়ে পড়েন তিনি।

চলতি বছরের জুনে বাংলাদেশ কমার্স ব্যাংকের প্রবেশনারি অফিসার পদে চাকরি পান নিলয়। তবে চাকরি পাওয়ার পরও আগের দেনা ও গার্গীর চিকিৎসার বিপুল ব্যয় সামলানো কঠিন হয়ে পড়েছে।

নিলয় বলেন, “যখন আমি আমার প্রিয় মানুষকে সারাক্ষণ একটা অদৃশ্য যুদ্ধে লড়তে দেখি, দিন-রাত ব্যথার সঙ্গে পাল্লা দিয়ে হাসতে দেখি, আর সবচেয়ে দুঃখের বিষয় হলো—এই ব্যথায় আমি ভাগ বসাতে পারি না, তখন নিজেকে অসহায় মনে হয়।”

তিনি আরও বলেন, “প্রিয় মানুষের এহেন লড়াই দেখে এক অকল্পনীয় আত্মবিশ্বাস ও ইতিবাচকতাও চলে আসে। মনে হয়, এত লড়াইয়ের শেষে তো জয় আসবে।”

চেন্নাইয়ে চিকিৎসায় প্রয়োজন ৪০ লাখ টাকা

উন্নত চিকিৎসার জন্য ভারতের চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে গার্গীর পরিবার। সেখানে চিকিৎসক ডা. মদন মোহন রেড্ডির অ্যাপয়েন্টমেন্ট নেওয়া এবং প্রয়োজনীয় নিবন্ধন সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে পরিবার।

পরিবারের হিসাব অনুযায়ী, রোবটিক হিপ ইমপ্লান্টে প্রায় ২১ লাখ টাকা খরচ হতে পারে। রোগ নির্ণয়, হাসপাতাল ও অস্ত্রোপচারের অন্যান্য খরচে প্রয়োজন আরও প্রায় ১০ লাখ টাকা। এরপর প্রায় ছয় সপ্তাহের পুনর্বাসন, থাকা ও যাতায়াতসহ সব মিলিয়ে ব্যয় দাঁড়াতে পারে প্রায় ৪০ লাখ টাকা বা তারও বেশি।

এর আগে গার্গীর চিকিৎসায় পরিবারের ৩৫ লাখ টাকার বেশি খরচ হয়েছে। ধারদেনা, সঞ্চয় ও বিভিন্নভাবে অর্থ সংগ্রহ করে এতদিন চিকিৎসা চালানো হলেও নতুন করে প্রায় ৪০ লাখ টাকা জোগাড় করা পরিবারটির পক্ষে অসম্ভব হয়ে পড়েছে।

গার্গীর চিকিৎসক অধ্যাপক ডা. আবু শাহিন বলেন, “গার্গী অত্যন্ত সাহসী একজন মেয়ে। সে অ্যাঙ্কাইলজিং স্পন্ডিলাইটিস রোগে আক্রান্ত। চার বছর ধরে আমার কাছে চিকিৎসা নিচ্ছে। স্বাভাবিক জীবনে ফিরে যেতে হলে গার্গীর বিদেশে সার্জারি করানো প্রয়োজন। চেন্নাইয়ের অ্যাপোলো, সিএমসি ভেলোর কিংবা আইএসআইসি, নিউ দিল্লি ভালো হবে। সেখানে চিকিৎসা ব্যয়বহুল। সার্জারি এবং সার্জারি-পরবর্তী পুনর্বাসনে ৩৫ থেকে ৪০ লাখ টাকা প্রয়োজন হবে।”

মেয়ে অসুস্থ হওয়ার কষ্ট নিয়ে মা পূর্ণিমা চ্যাটার্জী বলেন, “আমার মেয়েটা বড় অসুস্থ। মেয়েটার দিকে তাকিয়ে আবার নিজেরই কষ্ট হয়। ওর সারা শরীরে ব্যথা। কীভাবে ওর ব্যথা নির্মূল করব? আমার মেয়েটাকে আগের মতো দেখতে চাই—ও হাসুক, খেলুক।”

নিজের স্বপ্ন ও বর্তমান জীবন নিয়ে গার্গী বলেন, “আমি সব সময় ভালো একজন মানুষ হতে চেয়েছি। তেমন কোনো ইচ্ছে ছিল না জীবনে। ভেবেছিলাম বড় হয়ে পৃথিবী ঘুরে দেখব। তবে চার বছর এই রোগের সঙ্গে যুদ্ধ করে নতুন ভোর দেখতে পাওয়াই বড় প্রাপ্তি।”

একসময় যে মেয়েটি স্কুলে নিয়মিত প্রথম পাঁচজনের মধ্যে থাকতেন, তিনটি পাবলিক পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছিলেন, বাবাকে হারানোর পরও পড়াশোনা চালিয়ে গেছেন, অসুস্থতার মধ্যেও বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি অর্জন করেছেন—আজ তাঁর সবচেয়ে বড় স্বপ্ন সুস্থ হয়ে আবার নিজের পায়ে দাঁড়ানো।

গার্গীর পরিবার জানিয়েছে, মানুষের সহযোগিতা ছাড়া তাঁর উন্নত চিকিৎসা চালিয়ে যাওয়া কঠিন। সবার সহযোগিতা পেলে চেন্নাইয়ে চিকিৎসা সম্পন্ন করে দীর্ঘদিনের অসহনীয় ব্যথা পেরিয়ে আবার স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন বলে আশাবাদী তাঁরা।

গার্গীর চিকিৎসায় সহযোগিতার আবেদন

মানবিক সহায়তা পাঠাতে পরিবারের পক্ষ থেকে নিচের ব্যাংক ও মোবাইল ব্যাংকিং হিসাব নম্বর দেওয়া হয়েছে।

হিসাবধারী: গার্গী চ্যাটার্জী
ব্যাংক হিসাব: ১০১৫৭০১০১২৫৭৬
ব্যাংক: সোনালী ব্যাংক, পাঁচলাইশ শাখা
বিকাশ: ০১৯৭০২৫১৫৪৪ — গার্গী
বিকাশ/নগদ: ০১৭৮৪১৮৮৭৬০ — নিলয় (স্বামী)
নগদ: ০১৭৪৫২৫১৫৪৪ — গার্গী
রকেট: ০১৭৮৪১৮৮৭৬০
জরুরি যোগাযোগ: ০১৭৮৪১৮৮৭৬০ — নিলয় (স্বামী)
একটু একটু করে সবার সহযোগিতাই পারে গার্গীর চিকিৎসার পথ সহজ করতে, ফিরিয়ে দিতে পারে তাঁর স্বাভাবিক জীবনের স্বপ্ন।

আজকালের খবর/কাওছার আল হাবীব








Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft