শনিবার ● ২১ নভেম্বর ২০২৬
খাস জমি উদ্ধারে দৃষ্টান্ত গড়লেন পীরগঞ্জের তহশিলদার
প্রকাশ: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৬:১৮ পিএম   (ভিজিট : ৭)
সরকারি সম্পদ রক্ষা ও বেদখল হওয়া খাস জমি উদ্ধারে উল্লেখযোগ্য ভূমিকা রাখছেন রংপুরের পীরগঞ্জ উপজেলার চতরা ও কাবিলপুর ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত তহশিলদার নুরে আলম। পেশাগত সততা, নিষ্ঠা ও দায়িত্ববোধ নিয়ে সরকারি খাস জমি দখলমুক্ত করতে কাজ করে যাচ্ছেন তিনি।

প্রাপ্ত তথ্যমতে, ২০২৪-২০২৫ অর্থবছরে তহশিলদার নুরে আলম চতরা ইউনিয়নের ২৪টি মৌজার মধ্যে তিনটি মৌজায় প্রায় ৫১ একর সরকারি খাস জমি উদ্ধার করেছেন। এ ছাড়া আরও প্রায় ৩০ একর জমি উদ্ধারের আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। এর আগে ২০১৩ সালে টুকুরিয়া ইউনিয়নের হরনাথপুর মৌজায় ২৯ একর জমি দখলমুক্ত করে সরকারি নিয়ন্ত্রণে আনার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নদী, বিল ও ডোবাজাতীয় নিচু জমি আইনত বন্দোবস্তযোগ্য নয়। অথচ ১৯৬০ থেকে ১৯৭০ সালের মধ্যে তৎকালীন সময়ে আইন অমান্য করে প্রভাবশালী মহল এসব জমির বন্দোবস্ত নিয়েছিল বলে অভিযোগ রয়েছে। বর্তমান ভূমি আইন ও বিধিবিধান অনুযায়ী, অবৈধভাবে বন্দোবস্ত নেওয়া এসব জমি পুনরায় সরকারি খাস খতিয়ানভুক্ত করা এবং দখলমুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

সরকারি নীতিমালা অনুযায়ী, প্রতিটি ইউনিয়নে বেদখল হওয়া খাস জমি চিহ্নিত করে উদ্ধারের নির্দেশনা রয়েছে। তবে মাঠপর্যায়ে প্রয়োজনীয় উদ্যোগ ও তৎপরতার অভাবে অনেক ক্ষেত্রে সরকারি জমি উদ্ধারের কার্যক্রম বাধাগ্রস্ত হয়। এমন পরিস্থিতিতে তহশিলদার নুরে আলমের উদ্যোগ স্থানীয় সচেতন মহলে ইতিবাচক সাড়া ফেলেছে।

স্থানীয় সচেতন মহলের মতে, সরকারি খাস জমি উদ্ধারের এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকলে রাষ্ট্রীয় সম্পদ সুরক্ষিত হবে। পাশাপাশি অবৈধ দখলদারির প্রবণতা কমিয়ে সরকারি সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করা সম্ভব হবে।

এ বিষয়ে তহশিলদার নুরে আলম বলেন, “আমরা প্রজাতন্ত্রের কর্মচারী। সরকারি সম্পদ ও খাসজমি রক্ষায় তহশিলদারদের প্রতি নির্দেশনা রয়েছে। কিন্তু অনেকেই প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছেন না। আমাদের প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করে রাষ্ট্রকে এগিয়ে নিতে হবে।”

সরকারি খাস জমি উদ্ধারে তাঁর এ উদ্যোগ স্থানীয়ভাবে আলোচনার জন্ম দিয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের দায়িত্বশীল ভূমিকা সরকারি সম্পদ রক্ষায় অন্যদেরও উৎসাহিত করবে।

আজকালের খবর/কাওছার আল হাবীব








Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft