ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের নবনির্মিত প্রধান ফটকের আনুষ্ঠানিক উদ্বোধন এবং কলেজের প্রথম প্রকাশনা ‘অঙ্গণা’র মোড়ক উন্মোচন করা হয়েছে।
শনিবার দুপুরে কলেজ ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নবনির্মিত ফটকের উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য, জেলা বিএনপির সভাপতি, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও জাতীয় সংসদের বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি প্রকৌশলী খালেদ হোসেন মাহবুব শ্যামল।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শ্যামল এমপি বলেন, শিক্ষিত নারীরা পরিবার, সমাজ ও রাষ্ট্রকে আলোকিত করতে পারেন। মেয়েদের উচ্চশিক্ষা নিশ্চিত করতে শিক্ষাপ্রতিষ্ঠানের স্বতন্ত্র পরিচিতি, নিরাপত্তা ও শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তোলা জরুরি। নবনির্মিত প্রধান ফটকটি কলেজের পরিচিতি ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অভিভাবকদের সন্তানদের কলেজে পাঠাতে আরও উৎসাহিত করবে।
কলেজের ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, শিক্ষার্থীদের আবাসন সংকট নিরসনে কলেজে ছয়তলাবিশিষ্ট একটি আধুনিক হোস্টেল নির্মাণের উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণে ইতোমধ্যে ছয়টি বিষয়ে মাস্টার্স কোর্স চালু করা হয়েছে। অনার্স পর্যায়ে আইসিটি ও ফিন্যান্সসহ আরও কয়েকটি নতুন বিষয় চালুর প্রস্তাব শিক্ষামন্ত্রীর কাছে উপস্থাপন করা হয়েছে। প্রস্তাবগুলো বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
তিনি আরও বলেন, অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি শিক্ষার গুণগত মান বজায় রাখা অত্যন্ত জরুরি। একটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রকৃত সাফল্য কেবল দৃষ্টিনন্দন ভবনের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং মানসম্মত শিক্ষা, দক্ষ শিক্ষক, সুশৃঙ্খল পরিবেশ এবং শিক্ষার্থীদের ভালো ফলাফল নিশ্চিত করাই মূল লক্ষ্য হওয়া উচিত।
কলেজের অধ্যক্ষ প্রফেসর খন্দকার আব্দুল হান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মিজানুর রহমান শিশির, শিক্ষক পরিষদের সম্পাদক ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মাজেদুল ইসলাম এবং ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন।
সহকারী অধ্যাপক মো. মোসলেম উদ্দিন ও খন্দকার মারজিয়া শবনমের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি জহিরুল হক খোকন ও এ.বি.এম. মোমিনুল হক, জেলা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি অ্যাডভোকেট শফিকুল ইসলাম, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলী আজম, জেলা কমিউনিটি পুলিশিংয়ের সাধারণ সম্পাদক মো. মনির হোসেনসহ কলেজের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে কলেজের প্রথম প্রকাশনা ‘অঙ্গণা’র মোড়ক উন্মোচন করা হয়।
আজকালের খবর/কাওছার আল হাবীব