শনিবার ● ২১ নভেম্বর ২০২৬
পানি উৎপাদন বাড়াতে কোরিয়ার সহযোগিতা চায় চট্টগ্রাম ওয়াসা
প্রকাশ: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৬:১১ পিএম   (ভিজিট : ৪)
চট্টগ্রাম মহানগরে সুপেয় পানির উৎপাদন ও সরবরাহ বাড়াতে ভান্ডালজুড়ি ও মোহরা পানি শোধনাগার প্রকল্পের সম্প্রসারণে (এক্সটেনশন) কোরিয়ান সরকারের সহযোগিতা চেয়েছে চট্টগ্রাম ওয়াসা।

শনিবার (২১ নভেম্বর) সকাল ১১টায় কোরিয়ার ভূমি, অবকাঠামো ও যোগাযোগ মন্ত্রণালয়ের কনস্ট্রাকশন বিভাগের পরিচালক চোই জংওন চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সেলিম মো. জানে আলমের কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় দুই পক্ষের মধ্যে ওয়াসার চলমান প্রকল্প এবং ভবিষ্যতে বাস্তবায়নযোগ্য বিভিন্ন উন্নয়ন প্রকল্পে সহযোগিতার বিষয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়।

বৈঠকে মূলত ভান্ডালজুড়ি ও মোহরা পানি শোধনাগার প্রকল্পের সম্প্রসারণ নিয়ে গুরুত্বারোপ করা হয়। ওয়াসা ভান্ডালজুড়ি প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের মাধ্যমে দক্ষিণ চট্টগ্রামে উৎপাদিত পানি চট্টগ্রাম মহানগরে সরবরাহের পরিকল্পনা করছে। পাশাপাশি কালুরঘাটে অবস্থিত মোহরা পানি শোধনাগারের দ্বিতীয় পর্যায় বাস্তবায়নের মাধ্যমে পানি উৎপাদন দ্বিগুণ করার পরিকল্পনাও রয়েছে।

এসব প্রকল্প বাস্তবায়নে কোরিয়ান সরকারের সহযোগিতা কামনা করা হলে পরিচালক চোই জংওন ওয়াসার প্রকল্পগুলোতে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। সংশ্লিষ্টরা মনে করছেন, পরিকল্পিত প্রকল্পগুলো বাস্তবায়িত হলে চট্টগ্রাম মহানগরে পানি উৎপাদন ও সরবরাহের সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়বে।

বৈঠক শেষে চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সেলিম মো. জানে আলম বলেন, কোরিয়ার ভূমি, অবকাঠামো ও যোগাযোগ মন্ত্রণালয়ের কনস্ট্রাকশন বিভাগের পরিচালক চোই জংওনসহ সংশ্লিষ্ট প্রতিনিধিরা আলোচনার জন্য এসেছেন। কোরিয়ান সরকারের সহযোগিতায় ওয়াসা ইতোমধ্যে দক্ষিণ চট্টগ্রামে সুপেয় পানি সরবরাহের লক্ষ্যে বোয়ালখালীতে ভান্ডালজুড়ি পানি শোধনাগার প্রকল্প বাস্তবায়ন করেছে।

তিনি বলেন, কোরিয়ান প্রতিনিধিরা ভবিষ্যতে ওয়াসার আরও প্রকল্পে সহযোগিতার আগ্রহ প্রকাশ করেছেন। ওয়াসার পক্ষ থেকে ভান্ডালজুড়ি ও মোহরা প্রকল্পের সম্প্রসারণের বিষয়ে আলোচনা করা হয়েছে। এ দুটি প্রকল্পে সহযোগিতার বিষয়ে কোরিয়ান সরকারের মনোভাব ইতিবাচক। আশা করছি, খুব শিগগিরই প্রকল্পগুলো নিয়ে কাজ শুরু করা সম্ভব হবে।

তিনি আরও বলেন, প্রকল্প দুটি বাস্তবায়িত হলে চট্টগ্রাম মহানগরে পানি সরবরাহ বাড়ার পাশাপাশি ওয়াসার সামগ্রিক সক্ষমতাও বৃদ্ধি পাবে।

এ সময় চট্টগ্রাম ওয়াসার প্রধান প্রকৌশলী মাকসুদ আলম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ নুরুল আমিন, মুহাম্মদ মাহবুবুল আলম, মোহাম্মদ নজরুল ইসলাম ও আব্দুর রউফ উপস্থিত ছিলেন।

আজকালের খবর/কাওছার আল হাবীব








Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft