
বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা জেলা শাখার ২০২৭-২৮ সেশনের নতুন আমীর নির্বাচিত হয়েছেন সংসদ সদস্য মো. আব্দুল করিম। একই সেশনের জন্য জেলা সেক্রেটারি হিসেবে দায়িত্ব পেয়েছেন সৈয়দ রোকনুজ্জামান। এ ছাড়া জেলা নায়েবে আমীর ও সহকারী সেক্রেটারিসহ নতুন কর্মপরিষদ সদস্যদের দায়িত্ব বণ্টন ও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে গাইবান্ধা জেলা জামায়াতের কার্যালয়ে জেলা মজলিসে শূরার প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়। জেলা আমীর মো. আব্দুল করিম এমপির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন বলেন, সরকার জুলাই সনদ ও গণভোটের গণরায় বাস্তবায়ন না করে জাতীয় ঐক্য গড়ে তুলতে ব্যর্থ হয়েছে। জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন না করে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে বলে তিনি অভিযোগ করেন। তিনি আরও বলেন, ফ্যাসিস্ট শক্তি দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে। এসব প্রতিহত করতে জাতীয় ঐক্যের বিকল্প নেই। বিরোধী দলের দাবিগুলো মেনে নিয়ে সরকার দ্রুত জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় পদক্ষেপ নেবে বলে তিনি আশা প্রকাশ করেন।
নতুন দায়িত্বপ্রাপ্ত জেলা মজলিসে শূরা ও কর্মপরিষদ সদস্যদের উদ্দেশে তিনি বলেন, শপথের আলোকে সবাইকে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে। একই সঙ্গে দেশের যুবসমাজকে ইসলামী সমাজ বিনির্মাণে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
জেলা ভারপ্রাপ্ত সেক্রেটারি সৈয়দ রোকনুজ্জামানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক জেলা আমীর ডা. আব্দুর রহিম সরকার।
নতুন কমিটিতে জেলা নায়েবে আমীর হিসেবে দায়িত্ব পেয়েছেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়ারেছ এমপি এবং সহকারী সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন মো. ফয়সাল কবির রানা।
জেলা কর্মপরিষদ সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন ১০ জন। তাঁরা হলেন অধ্যাপক মো. মাজেদুর রহমান এমপি, মাওলানা নজরুল ইসলাম এমপি, মাওলানা খায়রুল আমীন, সাইফুল ইসলাম মন্ডল, নুরুন্নবী প্রধান, মাওলানা সাইদুর রহমান, অধ্যাপক এ. কে. এম. ফেরদৌস আলম, মাওলানা শহিদুল ইসলাম মঞ্জু, সামিউল ইসলাম ও সিরাজুল ইসলাম।
অনুষ্ঠানে গাইবান্ধা জেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি ইউসুফ আল কার্যাভীসহ জেলা ও বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষপর্বে জেলা মজলিসে শূরা ও কর্মপরিষদের নবনির্বাচিত সদস্যদের শপথবাক্য পাঠ করান জেলা আমীর মো. আব্দুল করিম এমপি।
আজকালের খবর/কাওছার আল হাবীব