শনিবার ● ২১ নভেম্বর ২০২৬
ফরিদপুরে বৃষ্টির তাণ্ডব, জলাবদ্ধতায় জনদুর্ভোগ
প্রকাশ: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৬:২১ পিএম   (ভিজিট : ৪)
টানা কয়েক দিনের অবিরাম বৃষ্টি ও বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে ফরিদপুরের জনজীবন। মাঝারি থেকে ভারী বর্ষণে জেলার বিভিন্ন উপজেলা ও পৌর এলাকার নিচু স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ, শ্রমজীবী ও শিক্ষার্থীরা। অন্যদিকে, মাঠের আমন ধান ও আগাম শীতকালীন সবজির ক্ষতির আশঙ্কায় দুশ্চিন্তায় রয়েছেন কৃষকেরা।

জেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, টানা বৃষ্টিতে গ্রামীণ কাঁচা ও আধাপাকা সড়কগুলো কর্দমাক্ত হয়ে পড়েছে। অনেক স্থানে সড়কে পানি জমে যাওয়ায় যানবাহন ও পথচারীদের চলাচলে বিঘ্ন ঘটছে। শহরের নিচু সড়ক ও অলিগলিতেও পানি জমে স্বাভাবিক চলাচল ও ব্যবসা-বাণিজ্য ব্যাহত হচ্ছে।

বৃষ্টির কারণে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন দিনমজুর, নির্মাণশ্রমিক ও ভ্যান-রিকশাচালকেরা। কাজের সুযোগ কমে যাওয়ায় নিম্নআয়ের এসব মানুষের দৈনন্দিন উপার্জনে প্রভাব পড়েছে।

এদিকে, টানা বৃষ্টিতে জেলার কৃষি খাতেও উদ্বেগ তৈরি হয়েছে। বর্তমানে মাঠের আমন ধান পাকার শেষ পর্যায়ে রয়েছে। অনেক এলাকায় ধান কাটার প্রস্তুতিও চলছে। এ অবস্থায় জমিতে পানি জমে থাকায় ধানের গাছ হেলে পড়া, শিষ নুইয়ে যাওয়া এবং ধান কাটতে বিলম্ব হওয়ার আশঙ্কা করছেন কৃষকেরা।

একই সঙ্গে আগাম শীতকালীন সবজি শিম, মুলা, ফুলকপি, বাঁধাকপি, লালশাক ও পালংশাকের ক্ষেত নিয়েও দুশ্চিন্তা বাড়ছে। দীর্ঘ সময় জমিতে পানি জমে থাকলে সবজির চারা ও গাছ পচে গিয়ে ফলন বিপর্যয়ের আশঙ্কা রয়েছে।

স্থানীয় কয়েকজন কৃষক জানান, সারা বছরের পরিশ্রমে উৎপাদিত ফসল ঘরে তোলার ঠিক আগমুহূর্তে এমন বৃষ্টি তাঁদের উদ্বিগ্ন করে তুলেছে। জমিতে দীর্ঘ সময় পানি জমে থাকলে ধান কাটা ও মাড়াইয়ের কাজ ব্যাহত হবে। এতে উৎপাদন কমার পাশাপাশি আর্থিক ক্ষতির মুখেও পড়তে পারেন তাঁরা।

কৃষি সংশ্লিষ্টদের মতে, টানা মেঘলা আবহাওয়া ও অতিরিক্ত আর্দ্রতায় ফসলে ছত্রাকজনিত রোগ ও পোকামাকড়ের আক্রমণের ঝুঁকি বাড়ে। তাই দ্রুত জমি থেকে অতিরিক্ত পানি নিষ্কাশনের ব্যবস্থা করা জরুরি। বৃষ্টি আরও কয়েক দিন অব্যাহত থাকলে জনদুর্ভোগের পাশাপাশি কৃষি খাতেও নেতিবাচক প্রভাব পড়তে পারে।

ফরিদপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মো. শাহাদুজ্জামান বলেন, “টানা বর্ষণ ও জলাবদ্ধতার কারণে জেলার কিছু এলাকায় আমন ধান এবং আগাম শীতকালীন সবজির ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে। তবে এখনই আতঙ্কিত হওয়ার কিছু নেই। জমিতে যাতে দীর্ঘ সময় পানি জমে না থাকে, সে জন্য কৃষকদের দ্রুত নালা কেটে অতিরিক্ত পানি নিষ্কাশনের ব্যবস্থা নিতে হবে।”

তিনি আরও বলেন, “পাকা ও আধাপাকা ধান হেলে পড়লে কিংবা জমিতে পানি জমে থাকলে ছত্রাকজনিত রোগ ও শিষ নষ্ট হওয়ার ঝুঁকি থাকে। এ বিষয়ে মাঠপর্যায়ে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ ও কারিগরি সহায়তা দেওয়া হচ্ছে। আবহাওয়া স্বাভাবিক হলে এবং দ্রুত পানি সরানো গেলে ক্ষয়ক্ষতি অনেকটাই কমিয়ে আনা সম্ভব হবে।”

আজকালের খবর/কাওছার আল হাবীব








Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft