শনিবার ● ২১ নভেম্বর ২০২৬
নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন
প্রকাশ: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৫:৫৫ পিএম   (ভিজিট : ১০)
কুড়িগ্রামের ভিতরবন্দ স্নাতক মহাবিদ্যালয়ের নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম, স্বজনপ্রীতি ও গোপনীয়তার অভিযোগ তুলে নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন চাকরিপ্রত্যাশী পরীক্ষার্থী ও সচেতন এলাকাবাসী।

শনিবার (২১ নভেম্বর) মহাবিদ্যালয়ের প্রধান ফটক ও ক্যাম্পাসে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, কলেজের সভাপতি ও জেলা দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট বজলুর রশিদ এবং অধ্যক্ষ ফারুক হোসেন আহমেদ অর্ধকোটি টাকার বিনিময়ে স্বচ্ছতা ও প্রতিযোগিতা ছাড়াই পছন্দের প্রার্থীদের নিয়োগ দেওয়ার চেষ্টা করছেন।

বিক্ষোভকারীরা জানান, প্রথম দফায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের পর তাঁরা আবেদন করেন। পরে কোনো কারণ না দেখিয়ে ওই নিয়োগ পরীক্ষা বাতিল করা হয়। পরবর্তী সময়ে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হলে তাঁদের জানানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন অধ্যক্ষ। কিন্তু তাঁদের অভিযোগ, পরবর্তীতে না জানিয়ে পত্রিকায় পুনরায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এমনকি তাঁদের লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সুযোগও দেওয়া হয়নি।

বক্তারা আরও অভিযোগ করেন, পুরো নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহির অভাব রয়েছে। এতে যোগ্য প্রার্থীরা বঞ্চিত হচ্ছেন এবং শিক্ষাপ্রতিষ্ঠানটির সুনাম ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। তাঁরা অবিলম্বে বিতর্কিত নিয়োগ প্রক্রিয়া বাতিল করে নতুন করে স্বচ্ছ ও নিরপেক্ষ নিয়োগের দাবি জানান।

কর্মসূচি থেকে তিন দফা দাবি উত্থাপন করা হয়। দাবিগুলো হলো—গোপনে সম্পন্ন করা নিয়োগ প্রক্রিয়া বাতিল, নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে সবার আবেদনের সুযোগ নিশ্চিত করা এবং স্বচ্ছ, নিরপেক্ষ ও প্রতিযোগিতামূলক নিয়োগ প্রক্রিয়া চালু করা।

এ সময় ‘গোপন নিয়োগ নয়, সবার জন্য সমান সুযোগ চাই’ এবং ‘যোগ্যতার ভিত্তিতে নিয়োগ নিশ্চিত করো’ লেখা ব্যানার প্রদর্শন করা হয়। মানববন্ধনে স্থানীয় বাসিন্দা, অভিভাবক ও শিক্ষার্থীরা অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য দেন মো. শাহানুর আলম, কে. এম. মিনহাজুল ইসলাম বিকাশ, আব্দুর রাজ্জাক রাজসহ অনেকে।

অভিযোগের বিষয়ে কলেজের অধ্যক্ষ ফারুক হোসেন আহমেদ বলেন, “জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের উপস্থিতিতে নিয়োগ প্রক্রিয়া চলছে। নিয়ম মেনেই সব কার্যক্রম সম্পন্ন করা হবে। পছন্দের প্রার্থীদের নিয়োগ দেওয়ার অভিযোগ সত্য নয়।”

এ বিষয়ে কলেজের সভাপতি অ্যাডভোকেট বজলুর রশিদের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। পরে খুদে বার্তা পাঠিয়েও তাঁর কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে নিয়োগ নির্বাচনী বোর্ডের সদস্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি মিয়া মো. আল হারুন এবং পরিচালক (পরিবহন) ও উপ-রেজিস্ট্রার (সংস্থাপন শাখা) শফিকুল ইসলাম গণমাধ্যমকর্মীদের সঙ্গে এ বিষয়ে কথা বলতে অপারগতা প্রকাশ করেন।

আজকালের খবর/কাওছার আল হাবীব











Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft