ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে অসময়ের টানা গুঁড়িগুঁড়ি বৃষ্টিতে বগুড়ার নন্দীগ্রামে কৃষকদের ফসল ঘরে তোলা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। বৃষ্টিতে মাঠের পাকা আমন ধান নুয়ে পড়েছে। কোথাও কোথাও কেটে রাখা ধানের আঁটি পানিতে ডুবে রয়েছে। একই সঙ্গে জমিতে পানি জমে যাওয়ায় বিপাকে পড়েছেন আলু, সরিষা ও শীতকালীন সবজিচাষিরা।
উপজেলার নন্দীগ্রাম ইউনিয়নের দলগাছা, শিমলা, হাটলাল, ডেরাহার, পৌর এলাকার নন্দীগ্রাম, বৈলগ্রাম, নামুইট, ফোকপাল ও ওমরপুরসহ বুড়ইল, ভাটরা, থালতা মাঝগ্রাম এবং ভাটগ্রাম ইউনিয়নের বিভিন্ন এলাকায় বৃষ্টির প্রভাব পড়েছে। বিস্তীর্ণ মাঠে পাকা ধান নুয়ে পড়ার পাশাপাশি কাটা ধান পানিতে ভিজে নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
শনিবার (২১ নভেম্বর) উপজেলার থালতা মাঝগ্রাম ইউনিয়নের গোপালপুর গ্রামের দক্ষিণ ও পূর্ব মাঠ ঘুরে দেখা যায়, বিভিন্ন জমিতে বৃষ্টির পানি জমে আছে। কয়েকদিন আগে কেটে রাখা পাকা ধানের আঁটি পানির মধ্যে পড়ে রয়েছে। বৃষ্টির কারণে ধান শুকানো ও বাড়িতে নেওয়া সম্ভব হচ্ছে না।
গোপালপুর গ্রামের কৃষক আব্দুর রহমান ও রাজু আহমেদ জানান, বৃষ্টির আগে তাঁরা প্রায় ১০ বিঘা জমির ধান কেটেছিলেন। কিন্তু বৃষ্টির কারণে কাটা ধান এখন জমির পানিতে পড়ে রয়েছে। অনেক কষ্টে ফলানো ধান ঘরে তুলতে না পারায় তাঁরা দুশ্চিন্তায় পড়েছেন।
একই গ্রামের কৃষক আব্দুল জলিল, আব্দুল মতিন, শহিদুল ইসলাম ও অলক চন্দ্র জানান, তাঁদের জমির ধান শতভাগ পেকে গেছে। কিন্তু টানা গুঁড়িগুঁড়ি বৃষ্টির কারণে ধান কাটতে পারছেন না। ইতোমধ্যেই অনেক জমির পাকা ধান নুয়ে পড়েছে। দ্রুত আবহাওয়া স্বাভাবিক না হলে ধান নষ্ট হওয়ার আশঙ্কা করছেন তাঁরা।
অন্যদিকে ভাটরা ইউনিয়নের মণিনাগ গ্রামের দক্ষিণ মাঠেও দেখা গেছে একই চিত্র। ওই গ্রামের কৃষক মোজাহার আলী বলেন, বৃষ্টির আগের দিন তিনি ধান কেটেছিলেন। শুকানোর জন্য মাঠেই ধানের আঁটি রেখে দিয়েছিলেন। হঠাৎ বৃষ্টি শুরু হওয়ায় আর বাড়িতে নিতে পারেননি। এখন ধানগুলো পানির মধ্যে পড়ে রয়েছে। একই গ্রামের কৃষক আনিছুর রহমান বলেন, বৃষ্টির আগের দিন পাঁচ বিঘা জমিতে সরিষা বুনেছেন। হঠাৎ বৃষ্টি শুরু হওয়ায় জমিতে পানি জমেছে। এতে সরিষার বীজ ও জমি নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তিনি।
এদিকে অসময়ের বৃষ্টিতে শীতকালীন সবজি ও আলুচাষিরাও বিপাকে পড়েছেন। বিভিন্ন এলাকার সবজির জমিতে পানি জমেছে। দীর্ঘসময় পানি জমে থাকলে সবজির চারা পচে নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে।
গোপালপুর গ্রামের আলুচাষি রঞ্জন চন্দ্র জানান, তিনি দুই বিঘা জমিতে আলু চাষ শুরু করেছেন। বৃষ্টির আগের দিন অর্ধেক জমিতে আলুর বীজ বপন শেষ করেছিলেন। এরপর বৃষ্টিতে জমিতে পানি জমে যায়। পানি নিষ্কাশনের চেষ্টা করেও তেমন সুফল পাচ্ছেন না।
কৃষকদের অভিযোগ, আমন মৌসুমের শুরু থেকেই সেচ সংকট, কারেন্ট পোকার আক্রমণ, ধানে চিটা ও ব্লাস্ট রোগসহ নানা প্রতিকূলতার মুখে পড়তে হয়েছে তাঁদের। এখন ফসল ঘরে তোলার শেষ সময়ে অসময়ের বৃষ্টি নতুন করে ক্ষতির আশঙ্কা তৈরি করেছে। দ্রুত আবহাওয়া স্বাভাবিক না হলে চলতি মৌসুমে কাঙ্ক্ষিত ফসল ঘরে তোলা নিয়ে শঙ্কা রয়েছে তাঁদের।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এবার খরিপ-২ মৌসুমে নন্দীগ্রামে ১৯ হাজার ৫৪০ হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। ইতোমধ্যে প্রায় ৫০ শতাংশ ধান কাটা হয়েছে। অবশিষ্ট ধানের প্রায় ৯০ শতাংশ পেকে গেছে। এ সময়ে পুরোদমে ধান কাটা ও ঘরে তোলার কথা থাকলেও বৃষ্টির কারণে কৃষকদের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।
উপজেলা কৃষি কর্মকর্তা গাজীউল হক বলেন, শুক্রবার (১৯ নভেম্বর) বিভিন্ন মাঠ পরিদর্শন করে কিছু জমির ধান হেলে পড়তে দেখা গেছে। তবে পাকা ধান হেলে পড়লে সাধারণত তেমন ক্ষতি হয় না। বৃষ্টির কারণে কিছু জমিতে পানি জমেছে। আবহাওয়া স্বাভাবিক হলে কৃষকেরা ধান কাটার কাজ এগিয়ে নিতে পারবেন।
তিনি আরও বলেন, বৃষ্টির কারণে রবি মৌসুমের আলু ও সরিষার আবাদ কিছুটা পিছিয়ে যেতে পারে। জমি ভেজা থাকায় এবং কোথাও পানি জমে থাকায় চাষাবাদ ব্যাহত হচ্ছে। শীতকালীন সবজির ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা যায়নি। সবজিচাষিদের ক্ষেতের পরিচর্যা এবং জমিতে পানি জমলে দ্রুত তা নিষ্কাশনের পরামর্শ দেওয়া হচ্ছে।
আজকালের খবর/রাশেদুল মিলন