বৃহস্পতিবার ● ১৯ নভেম্বর ২০২৬
বিশ্ববাজারে সোনার দামে বড় পতন
প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৬:৫৩ পিএম   (ভিজিট : ৭)
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদের হার বাড়ানোর সম্ভাবনা এবং ডলারের শক্তিশালী অবস্থানে বিশ্ববাজারে সোনার দামে বড় পতন হয়েছে। 

বুধবার (১৮ নভেম্বর) লেনদেনের একপর্যায়ে সোনার দাম ২ শতাংশের বেশি কমে গত এক বছরেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে আসে।

রয়টার্সের তথ্য অনুযায়ী, বাংলাদেশ সময় বিকেল ৩টা ৯ মিনিটে স্পট মার্কেটে প্রতি আউন্স সোনার দাম ২ শতাংশ কমে ৩ হাজার ৭৭২ ডলার ৯১ সেন্টে দাঁড়ায়। এর আগে দাম কমে ৩ হাজার ৭৫৭ ডলারে নেমেছিল, যা ২০২৫ সালের সেপ্টেম্বরের পর সর্বনিম্ন।

যুক্তরাষ্ট্রের ডিসেম্বর মেয়াদে সোনার ভবিষ্যৎ সরবরাহের দামও ২ দশমিক ৩ শতাংশ কমে প্রতি আউন্স ৩ হাজার ৭৭৬ ডলার ১০ সেন্টে দাঁড়ায়।

সুইসকোটের বিশ্লেষক কার্লো আলবার্তো দে কাসার মতে, ডলারের শক্তিশালী অবস্থান এবং আগামী কয়েক মাসে ফেডের কঠোর মুদ্রানীতি অনুসরণের প্রত্যাশা সোনার দামের ওপর চাপ তৈরি করছে।

ডলারের বিনিময় হার ১৯ মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের কাছাকাছি থাকায় অন্যান্য মুদ্রার ক্রেতাদের জন্য স্বর্ণ কেনা আরও ব্যয়বহুল হয়ে উঠেছে। এর সঙ্গে ফেড কর্মকর্তাদের সুদের হার বাড়ানোর ইঙ্গিতও বিনিয়োগকারীদের উদ্বেগ বাড়িয়েছে।

নিউইয়র্ক ফেডের প্রেসিডেন্ট জন উইলিয়ামস বলেছেন, মূল্যস্ফীতির চাপ মোকাবিলায় কেন্দ্রীয় ব্যাংককে আবারও সুদের হার বাড়াতে হতে পারে। সেন্ট লুইস ফেডের প্রেসিডেন্ট আলবার্তো মুসালেমও আগামী বসন্তের মধ্যে আরও কয়েক দফা সুদের হার বাড়ানোর প্রয়োজন হতে পারে বলে জানিয়েছেন।

বাজার বিশ্লেষকদের হিসাবে, আগামী ডিসেম্বরে সুদের হার ২৫ ভিত্তি পয়েন্ট বাড়ানোর সম্ভাবনা ৯৭ দশমিক ৮ শতাংশ। ৫০ ভিত্তি পয়েন্ট বাড়ানোর সম্ভাবনা মাত্র ২ দশমিক ২ শতাংশ।

সাধারণত সুদের হার বাড়লে সোনার মতো মুনাফাবিহীন সম্পদে বিনিয়োগের আকর্ষণ কমে যায়। কারণ, তখন সুদ পাওয়া যায় এমন সম্পদে বিনিয়োগের সুযোগ বাড়ে।

এদিকে ফেডের ২৭ ও ২৮ অক্টোবরের মুদ্রানীতিবিষয়ক বৈঠকের কার্যবিবরণী প্রকাশের অপেক্ষায় রয়েছেন বিনিয়োগকারীরা। বুধবার গ্রিনিচ মান সময় সন্ধ্যা ৭টায় এটি প্রকাশের কথা রয়েছে। বাইবিটের প্রধান বাজার বিশ্লেষক হান তানের মতে, এই কার্যবিবরণীতে ফেড কর্মকর্তাদের ভবিষ্যৎ সুদের হার নীতি সম্পর্কে গুরুত্বপূর্ণ ইঙ্গিত পাওয়া যেতে পারে।

সোনার পাশাপাশি অন্যান্য মূল্যবান ধাতুর দামও কমেছে। স্পট মার্কেটে রুপার দাম ৩ দশমিক ৫ শতাংশ কমে প্রতি আউন্স ৪৫ ডলার ৭৫ সেন্টে নেমেছে। প্লাটিনামের দাম কমেছে ৩ দশমিক ৬ শতাংশ, দাঁড়িয়েছে ১ হাজার ৩৭৮ ডলার ৩১ সেন্টে। অন্যদিকে প্যালাডিয়ামের দাম ২ দশমিক ৭ শতাংশ কমে প্রতি আউন্স ৯৪৪ ডলার ৭৫ সেন্টে দাঁড়িয়েছে।

তবে বিশ্ব প্লাটিনাম বিনিয়োগ পরিষদ জানিয়েছে, বার ও কয়েনের চাহিদা বৃদ্ধি এবং বিনিয়োগ তহবিল থেকে অর্থ প্রত্যাহার কমে যাওয়ায় আগামী বছর বিশ্ববাজারে প্লাটিনামের সরবরাহ ঘাটতি দেখা দিতে পারে।
তথ্যসূত্র: রয়টার্স।

আজকালের খবর/বিএস 









Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft