রবিবার ● ১৫ নভেম্বর ২০২৬
জিডিপি প্রবৃদ্ধি ১.৩ শতাংশের বেশি দেখানো হয়েছে : তিতুমীর
প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ১:৫৫ পিএম   (ভিজিট : ২০)
রাজনৈতিক স্বার্থে এবং তথাকথিত উন্নয়নের বয়ান প্রতিষ্ঠায় অতীতে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধির পরিসংখ্যান বাড়িয়ে দেখানো হয়েছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর। বিশেষজ্ঞদের পর্যালোচনায় ২০১৪-১৫ অর্থবছর থেকে জিডিপি প্রবৃদ্ধির হার প্রকৃত হিসাবের তুলনায় ০.৮ থেকে ১.৩ শতাংশীয় পয়েন্ট পর্যন্ত বেশি দেখানোর বিষয়টি উঠে এসেছে বলে জানান তিনি।
 
শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সম্মেলনকক্ষে ‘পিয়ার রিভিউ অব ফরেনসিক অডিট রিপোর্ট অন জিডিপি এস্টিমেটস’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।  

বিবিএসের জাতীয় হিসাব ও শিল্প উৎপাদনের তথ্যের সঠিকতা, বিশ্বাসযোগ্যতা, ব্যবহারযোগ্যতা এবং উপাত্তের সহজলভ্যতা নিশ্চিত করতে গঠিত বিশেষজ্ঞ কমিটির খসড়া প্রতিবেদনের ওপর মতামত নিতে এ সেমিনারের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব মো. ফিরোজ সরকার। প্রতিবেদনটি উপস্থাপন করেন বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) মহাপরিচালক ড. এ কে এনামুল হক।

কমিটির আরেক সদস্য বিআইডিএসের গবেষণা পরিচালক ড. আতনু রব্বানী।

কমিটির পর্যালোচনা প্রতিবেদনে ২০১০-১১ থেকে ২০১৮-১৯ অর্থবছর পর্যন্ত দুই মেয়াদের জিডিপি প্রবৃদ্ধির তুলনামূলক চিত্র তুলে ধরা হয়েছে। এতে দেখা যায়, ২০১০-১১ থেকে ২০১৩-১৪ অর্থবছরে গড় প্রকৃত জিডিপি প্রবৃদ্ধি ছিল ৬.২৭ শতাংশ। পরবর্তী ২০১৪-১৫ থেকে ২০১৮-১৯ অর্থবছরে তা বেড়ে দাঁড়ায় ৭.৩৯ শতাংশে।

অর্থাৎ দুই মেয়াদের গড় প্রবৃদ্ধির ব্যবধান প্রায় ১.১২ শতাংশীয় পয়েন্ট। কোভিড মহামারির প্রভাব বিবেচনায় ২০১৯-২০ অর্থবছরকে এ তুলনামূলক বিশ্লেষণের বাইরে রাখা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, দ্বিতীয় মেয়াদে জিডিপি প্রবৃদ্ধির এ বৃদ্ধির প্রায় ৪১ শতাংশ এসেছে ম্যানুফ্যাকচারিং বা উৎপাদনশিল্প থেকে। এ খাতের অবদান ০.৪৬২৭ শতাংশীয় পয়েন্ট। প্রথম মেয়াদে উৎপাদনশিল্পের গড় প্রবৃদ্ধি ছিল ৯.৭৬ শতাংশ। দ্বিতীয় মেয়াদে সেটি বেড়ে দাঁড়ায় ১২.১১ শতাংশে।

উৎপাদনশিল্পের প্রবৃদ্ধি বৃদ্ধিতে মাঝারি ও বৃহৎ শিল্পের অবদান ছিল সবচেয়ে বেশি। কমিটির হিসাব অনুযায়ী, এ শ্রেণির শিল্পের অবদান ছিল প্রায় ৭৯ শতাংশ বা ০.৩৬৬৬ শতাংশীয় পয়েন্ট। একই সময়ে জিডিপিতে মাঝারি ও বৃহৎ শিল্পের অংশ ১৫.১৬ শতাংশ থেকে বেড়ে ১৮.২৫ শতাংশে উন্নীত হয়। অন্যদিকে ক্ষুদ্র শিল্পের প্রবৃদ্ধি ৬.৮৫ শতাংশ থেকে বেড়ে ৯.৫২ শতাংশ হলেও সামগ্রিক প্রবৃদ্ধি বৃদ্ধিতে তাদের অবদান তুলনামূলক কম।

প্রতিবেদনে শিল্প উৎপাদনের বিভিন্ন উপখাতের প্রবৃদ্ধি নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। বিশেষ করে বাংলাদেশের রপ্তানি ও শিল্প অর্থনীতির অন্যতম প্রধান খাত তৈরি পোশাকশিল্পের প্রবৃদ্ধির সঙ্গে অন্যান্য শিল্প উপখাতের পরিসংখ্যানে অসামঞ্জস্য দেখা গেছে।

শিল্প উৎপাদনের কোয়ান্টাম ইনডেক্স অব ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন (কিউআইআইপি)-এ তৈরি পোশাক খাতের ওজন ৩৪.৮৪ শতাংশ। অথচ এ খাতের গড় প্রবৃদ্ধি প্রথম মেয়াদের ১৩.৫৫ শতাংশ থেকে দ্বিতীয় মেয়াদে কমে ৮.৬৯ শতাংশে নেমে আসে। বিপরীতে উৎপাদনশিল্পের ২২টি উপখাতের মধ্যে ১৬টিতে প্রবৃদ্ধি বেড়েছে।

এর মধ্যে সিমেন্ট ও ইট উৎপাদনসংশ্লিষ্ট অন্যান্য অধাতব খনিজ খাতের প্রবৃদ্ধি ২.৩২ শতাংশ থেকে বেড়ে ২৫.৬৭ শতাংশে পৌঁছায়। টেক্সটাইল খাতের প্রবৃদ্ধিও প্রায় শূন্য দশমিক শূন্য ৫ শতাংশ থেকে বেড়ে ৮.১৪ শতাংশ দেখানো হয়। এ ছাড়া পরিবহন সরঞ্জাম, যন্ত্রপাতি ও ইলেকট্রনিকস খাতের প্রবৃদ্ধির পরিবর্তন ছিল যথাক্রমে ৩৮.৯, ৩০ ও ২৮.৩ শতাংশীয় পয়েন্ট। এসব খাতের প্রবৃদ্ধির পেছনে প্রকৃত উৎপাদন বৃদ্ধির পাশাপাশি তথ্য সংগ্রহ ও হিসাব পদ্ধতির দুর্বলতা ছিল কি না সেটি খতিয়ে দেখার প্রয়োজনীয়তা তুলে ধরেছে কমিটি।

প্রতিবেদনে কিউআইআইপি তৈরির জন্য ব্যবহৃত উপাত্ত সংগ্রহ ও সংকলন প্রক্রিয়ায় একাধিক অস্বাভাবিকতা চিহ্নিত করা হয়েছে। কিছু ক্ষেত্রে একটি বা সীমিতসংখ্যক প্রতিষ্ঠানের তথ্যের ওপর নির্ভর করে পুরো শিল্প খাতের প্রবৃদ্ধি হিসাব করার প্রবণতা দেখা গেছে।

উদাহরণ হিসেবে পেট্রোলিয়াম পরিশোধন খাতের কথা উল্লেখ করা হয়েছে। এ খাতে ২০১৫-১৬ অর্থবছরে ৮৭.৪ শতাংশ প্রবৃদ্ধি দেখানোর পর পরবর্তী অর্থবছরে প্রবৃদ্ধি ঋণাত্মক ৫০.৩ শতাংশ দেখানো হয়। কমিটির পর্যবেক্ষণ অনুযায়ী, এ হিসাবের ক্ষেত্রে ইস্টার্ন রিফাইনারির তথ্যের ওপর নির্ভরতা ছিল।

একইভাবে জাহাজ নির্মাণ খাতেও অস্বাভাবিক প্রবৃদ্ধির তথ্য পাওয়া গেছে। ২০১৪-১৫ অর্থবছরে এ খাতের প্রবৃদ্ধি ২৪২.৪ শতাংশ এবং পরের অর্থবছরে ৯৭.৬ শতাংশ দেখানো হয়। কমিটির মতে, একটি বড় সামরিক বা রপ্তানি আদেশের প্রভাব পুরো শিল্প খাতের উৎপাদন বৃদ্ধির হিসাবে প্রতিফলিত হলে প্রকৃত চিত্র বিকৃত হওয়ার আশঙ্কা থাকে।

সিমেন্টশিল্পের হিসাবেও ত্রুটির ঝুঁকি চিহ্নিত করেছে কমিটি। প্রতিবেদনে বলা হয়েছে, ক্লিংকার আমদানির পরিমাণ, প্রকৃত মূল্য সংযোজন এবং মজুত পণ্যের সমন্বয় যথাযথভাবে বিবেচনা না করে উৎপাদন হিসাব করা হলে এ খাতের প্রবৃদ্ধি অতিরঞ্জিত হওয়ার সুযোগ থাকে। কমিটির পর্যবেক্ষণ অনুযায়ী, অল্প কয়েকটি প্রতিষ্ঠানের প্রশাসনিক তথ্যের ওপর অতিরিক্ত নির্ভরতা থাকলে সেই তথ্যের ভুল বা অসংগতি পুরো উপখাতের সূচকে প্রভাব ফেলতে পারে।

তিতুমীর বলেন, তৈরি পোশাক খাতে তথ্যের স্বচ্ছতা তুলনামূলক বেশি থাকায় সেখানে এ ধরনের বিকৃতির সুযোগ কম ছিল। তবে পেট্রোলিয়াম পরিশোধন, জাহাজ নির্মাণ ও সিমেন্টের মতো কয়েকটি খাতে অস্বাভাবিক উৎপাদন ও মূল্য সংযোজন দেখিয়ে সামগ্রিক শিল্প খাতের প্রবৃদ্ধি বাড়িয়ে উপস্থাপন করা হয়েছে।

তিনি জানান, বিশেষজ্ঞ কমিটির পর্যালোচনা বা অডিটে কোনো ধরনের প্রশাসনিক কিংবা রাজনৈতিক হস্তক্ষেপ করা হয়নি। বিআইডিএসের গবেষক ও স্বাধীন বিশেষজ্ঞরা বৈজ্ঞানিক ও পেশাদার পদ্ধতিতে পিয়ার রিভিউয়ের মাধ্যমে কাজটি সম্পন্ন করেছেন।

বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ও জাতীয় আয় হিসাবের নির্ভরযোগ্যতা নিয়ে দেশি-বিদেশি বিভিন্ন সংস্থা ও গবেষকেরা আগেও প্রশ্ন তুলেছেন। প্রতিবেদনে বিশ্বব্যাংকের ২০২২ সালের একটি বিশ্লেষণের প্রসঙ্গ উল্লেখ করা হয়েছে। স্যাটেলাইট থেকে পাওয়া রাতের আলোর তথ্য ব্যবহার করে অর্থনৈতিক কর্মকাণ্ডের প্রবৃদ্ধি পর্যালোচনায় সরকারি জিডিপি প্রবৃদ্ধির হিসাবের সঙ্গে বিকল্প সূচকের উল্লেখযোগ্য ব্যবধানের বিষয়টি উঠে আসে।

২০২৪ সালের হোয়াইট পেপার কমিটির পর্যালোচনাতেও ২০১২-১৩ অর্থবছর থেকে জিডিপি প্রবৃদ্ধির ধারাবাহিক ঊর্ধ্বমুখী প্রবণতা নিয়ে প্রশ্ন তোলা হয়। কর আদায়, বেসরকারি বিনিয়োগ ও ব্যাংকঋণের তথ্যের সঙ্গে ঘোষিত জিডিপি প্রবৃদ্ধির অসামঞ্জস্যের বিষয়টি সেখানে উল্লেখ করা হয়।

এ ছাড়া ২০২৪ সালে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) মূল্যায়নে বাংলাদেশের জাতীয় হিসাব সংকলন কাঠামোকে ‘সি’ গ্রেড দেওয়া হয়। জাতীয় হিসাব প্রকাশে দীর্ঘ বিলম্বকেও কাঠামোগত দুর্বলতা হিসেবে চিহ্নিত করা হয়। ২০২৫ সালের বিশেষজ্ঞ টাস্কফোর্সের পর্যালোচনায় জাতীয় হিসাব প্রণয়নে প্রাতিষ্ঠানিক স্বাধীনতার অভাব এবং মন্ত্রণালয়কেন্দ্রিক প্রাক্কলন ব্যবস্থার কারণে রাজনৈতিক প্রভাব বিস্তারের ঝুঁকির বিষয়টিও উঠে আসে।

বিশেষজ্ঞ কমিটির মতে, জিডিপি প্রবৃদ্ধি ও জাতীয় আয়ের পরিসংখ্যানের বিশ্বাসযোগ্যতা ফিরিয়ে আনতে জাতীয় হিসাব প্রণয়ন ও প্রকাশের পুরো প্রক্রিয়ায় সংস্কার প্রয়োজন। এ জন্য তথ্য সংগ্রহ, যাচাই, সংকলন ও প্রকাশের ক্ষেত্রে বিবিএসের প্রাতিষ্ঠানিক সক্ষমতা এবং স্বাধীনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

কমিটির পর্যবেক্ষণ অনুযায়ী, রাজনৈতিক ও প্রশাসনিক প্রভাবমুক্তভাবে জাতীয় হিসাব প্রণয়ন, শিল্প খাতের তথ্য সংগ্রহে নির্ভরযোগ্য উৎস নিশ্চিত করা এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করা জরুরি। একই সঙ্গে জিডিপি হিসাবের পদ্ধতি, উপাত্তের উৎস ও সংশোধনের প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে হবে।

তিতুমীর বলেন, জিডিপি কোনো রাজনৈতিক হাতিয়ার নয়; বরং অর্থনীতির প্রকৃত অবস্থার প্রতিফলন হওয়া জরুরি। তিনি বলেন, “আমাদের কাছে জিডিপি কোনো সংখ্যা বা রাজনৈতিক হাতিয়ার নয়, জিডিপির সত্যতা সবচেয়ে গুরুত্বপূর্ণ। রাষ্ট্রের পরিসংখ্যান জনগণের, কোনো নির্দিষ্ট ব্যক্তি বা সরকারের নয়।

তিনি জানান, বিশেষজ্ঞ কমিটির পর্যালোচনা বা অডিটে কোনো ধরনের প্রশাসনিক কিংবা রাজনৈতিক হস্তক্ষেপ করা হয়নি। বিআইডিএসের গবেষক ও স্বাধীন বিশেষজ্ঞরা বৈজ্ঞানিক ও পেশাদার পদ্ধতিতে পিয়ার রিভিউয়ের মাধ্যমে কাজটি সম্পন্ন করেছেন।

বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ও জাতীয় আয় হিসাবের নির্ভরযোগ্যতা নিয়ে দেশি-বিদেশি বিভিন্ন সংস্থা ও গবেষকেরা আগেও প্রশ্ন তুলেছেন। প্রতিবেদনে বিশ্বব্যাংকের ২০২২ সালের একটি বিশ্লেষণের প্রসঙ্গ উল্লেখ করা হয়েছে। স্যাটেলাইট থেকে পাওয়া রাতের আলোর তথ্য ব্যবহার করে অর্থনৈতিক কর্মকাণ্ডের প্রবৃদ্ধি পর্যালোচনায় সরকারি জিডিপি প্রবৃদ্ধির হিসাবের সঙ্গে বিকল্প সূচকের উল্লেখযোগ্য ব্যবধানের বিষয়টি উঠে আসে।

২০২৪ সালের হোয়াইট পেপার কমিটির পর্যালোচনাতেও ২০১২-১৩ অর্থবছর থেকে জিডিপি প্রবৃদ্ধির ধারাবাহিক ঊর্ধ্বমুখী প্রবণতা নিয়ে প্রশ্ন তোলা হয়। কর আদায়, বেসরকারি বিনিয়োগ ও ব্যাংকঋণের তথ্যের সঙ্গে ঘোষিত জিডিপি প্রবৃদ্ধির অসামঞ্জস্যের বিষয়টি সেখানে উল্লেখ করা হয়।

এ ছাড়া ২০২৪ সালে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) মূল্যায়নে বাংলাদেশের জাতীয় হিসাব সংকলন কাঠামোকে ‘সি’ গ্রেড দেওয়া হয়। জাতীয় হিসাব প্রকাশে দীর্ঘ বিলম্বকেও কাঠামোগত দুর্বলতা হিসেবে চিহ্নিত করা হয়। ২০২৫ সালের বিশেষজ্ঞ টাস্কফোর্সের পর্যালোচনায় জাতীয় হিসাব প্রণয়নে প্রাতিষ্ঠানিক স্বাধীনতার অভাব এবং মন্ত্রণালয়কেন্দ্রিক প্রাক্কলন ব্যবস্থার কারণে রাজনৈতিক প্রভাব বিস্তারের ঝুঁকির বিষয়টিও উঠে আসে।

বিশেষজ্ঞ কমিটির মতে, জিডিপি প্রবৃদ্ধি ও জাতীয় আয়ের পরিসংখ্যানের বিশ্বাসযোগ্যতা ফিরিয়ে আনতে জাতীয় হিসাব প্রণয়ন ও প্রকাশের পুরো প্রক্রিয়ায় সংস্কার প্রয়োজন। এ জন্য তথ্য সংগ্রহ, যাচাই, সংকলন ও প্রকাশের ক্ষেত্রে বিবিএসের প্রাতিষ্ঠানিক সক্ষমতা এবং স্বাধীনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

কমিটির পর্যবেক্ষণ অনুযায়ী, রাজনৈতিক ও প্রশাসনিক প্রভাবমুক্তভাবে জাতীয় হিসাব প্রণয়ন, শিল্প খাতের তথ্য সংগ্রহে নির্ভরযোগ্য উৎস নিশ্চিত করা এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করা জরুরি। একই সঙ্গে জিডিপি হিসাবের পদ্ধতি, উপাত্তের উৎস ও সংশোধনের প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে হবে।

তিতুমীর বলেন, জিডিপি কোনো রাজনৈতিক হাতিয়ার নয়; বরং অর্থনীতির প্রকৃত অবস্থার প্রতিফলন হওয়া জরুরি। তিনি বলেন, আমাদের কাছে জিডিপি কোনো সংখ্যা বা রাজনৈতিক হাতিয়ার নয়, জিডিপির সত্যতা সবচেয়ে গুরুত্বপূর্ণ। রাষ্ট্রের পরিসংখ্যান জনগণের, কোনো নির্দিষ্ট ব্যক্তি বা সরকারের নয়।

আজকালের খবর/বিএস 









Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft