শুক্রবার ● ১৩ নভেম্বর ২০২৬
জনগণ কোনোভাবেই পতিত ফ্যাসিবাদী স্বৈরাচারকে এ দেশে রাজনীতি করার সুযোগ দেবে না: আইনমন্ত্রী
প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ৩:০৪ পিএম   (ভিজিট : ০)
বাংলাদেশের মানুষ কোনোভাবেই পতিত ফ্যাসিবাদী স্বৈরাচারকে এ দেশের মাটিতে রাজনীতি কিংবা সন্ত্রাস করার সুযোগ দেবে না বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

শুক্রবার (১৩ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। ঢাকাস্থ ঝিনাইদহ সাংবাদিক ফোরাম আয়োজিত বিশেষ সাধারণ সভায় প্রধান অতিথি ছিলেন আইনমন্ত্রী।

বোমা হামলা, সন্ত্রাস ও ভয়ভীতি দেখিয়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা হচ্ছে বলে মন্তব্য করে আইনমন্ত্রী বলেন, বোমা হামলা, সন্ত্রাস করে শেখ হাসিনাকে বাংলাদেশে নিয়ে আসা যাবে বলে যারা মনে করছে, তারা দেশের মানুষকে এখনো চিনতে পারেনি।

যারা বোমা হামলা করছে, তাদের অনেকে ইতোমধ্যে গ্রেপ্তার হয়েছে বলে উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, এই সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে কারা কীভাবে জড়িত, সে বিষয়ে সরকার তথ্য-উপাত্ত পেয়েছে। সন্ত্রাসের পথ কারা বেছে নিয়েছে, তা-ও মানুষ দেখছে।

আসাদুজ্জামান বলেন, গত প্রায় নয় মাসে বাংলাদেশে সরকার বিচারবহির্ভূত হত্যাকাণ্ড কিংবা গুমের পথে হাঁটেনি। পুলিশের বাদী হয়ে মিথ্যা মামলা দায়েরের সংস্কৃতি থেকে বেরিয়ে আসার চেষ্টা করা হয়েছে।

রাতারাতি সবকিছু পরিবর্তন করা সম্ভব নয় বলে মন্তব্য করে আইনমন্ত্রী বলেন, তবে সরকার সঠিক তথ্যের ভিত্তিতে সঠিক পথে এগোতে চায়। সে লক্ষ্যেই প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে কাজ করছেন। সেই পথে সব অপশক্তির বিরুদ্ধে সরকার মাঠে রয়েছে।

মানুষের আস্থার জায়গায় পৌঁছেছে সাংবাদিকতা জানিয়ে আসাদুজ্জামান বলেন, মানুষ যখন কোথাও হয়রানির শিকার হয়ে প্রতিকার পাচ্ছে না, তখন গণমাধ্যমের কাছে আসে। সাংবাদিকদের এই আস্থার জায়গা ধরে রাখতে হবে। একইসঙ্গে সাংবাদিকতার নামে অপসাংবাদিকতা, হলুদ সাংবাদিকতার (ইয়েলো জার্নালিজম) বিরুদ্ধে সোচ্চার হতে হবে। নিজেদের সম্মান–মর্যাদা ও পরবর্তী প্রজন্মের স্বার্থেই এ বিষয়ে সাংবাদিকদের এগিয়ে আসা প্রয়োজন। এ ক্ষেত্রে সরকারের সহযোগিতা প্রয়োজন হলে তা দেওয়া হবে।

সত্য ও ন্যায়ের পক্ষে এবং অন্যায়, মাদক ও দুর্নীতির বিরুদ্ধে সাংবাদিকদের কলম ধরতে হবে বলে উল্লেখ করে আইনমন্ত্রী জানান, সরকারের কোনো ভুল থাকলে, কর্মকাণ্ডে নেতিবাচক কিছু থাকলে তা সংবাদমাধ্যমে প্রকাশ করতে হবে। সেই সমালোচনা তার (আইনমন্ত্রী) নিজের বিরুদ্ধে গেলেও সমস্যা নেই। একইভাবে সরকারের ভালো কাজের চিত্রও তুলে ধরতে হবে। মানুষের অধিকার নিশ্চিত করতে সরকার কী করছে, তা তুলে ধরতে হবে।

এসময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) মো. রাশেদ খাঁন। সভায় সভাপতিত্ব করেন ঝিনাইদহ সাংবাদিক ফোরাম ঢাকার সভাপতি মেহেদী হাসান পলাশ। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শাহনাজ বেগম পলি। এ সময় ফোরামের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।


আজকালের খবর/ এমকে







আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft