কক্সবাজারের ঈদগাঁওয়ে হানিফ পরিবহনের একটি বাসের চাপায় সিএনজিচালিত অটোরিকশার পাঁচ যাত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের ঈদগাঁও থানা এলাকার ফকিরাবাজারে এ দুর্ঘটনা ঘটে। ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম সিফাতুল মাজদার বিষয়টি নিশ্চিত করেন।
জানা গেছে, নিহতদের মধ্যে একজন চকরিয়ার খুটাখালীর সাহাব উদ্দিন (৪৩) ও আরেকজন লামা এলাকার সাইফুল ইসলাম (২৪)। সাইফুল পটিয়া মাদরাসার শিক্ষার্থী। নিহত নারীসহ অপরজনদের পরিচয় তাৎক্ষণিক পাওয়া যায়নি। নিহতদের পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, কক্সবাজারগামী হানিফ পরিবহনের একটি বাস চকরিয়াগামী সিএনজিচালিত অটোরিকশাটিকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই সিএনজির তিন যাত্রী নিহত হয়। এ ঘটনায় পথচারীরা আরও দুজনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে দুজনের মৃত্যু হয়।প্রত্যক্ষদর্শী ফকিরাবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ওবায়দুর রহমান ওবাইদু বলেন, মহাসড়কে বাস ও অটোরিকশার সংঘর্ষের পর মুহূর্তেই পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে। স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আহতদের উদ্ধার করেন।
দুর্ঘটনার পর মহাসড়কে যানজট সৃষ্টি হওয়ায় ঈদগাঁও থানার সামনে যান চলাচলে সাময়িক বিঘ্ন ঘটে।ঈদগাঁও থানার ওসি সিফাতুল মাজদার বলেন, দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনার কারণে মহাসড়কের উভয় পাশে যানবাহন আটকে গেছে। পরে যান চলাচল স্বাভাবিক করা হয়। দুর্ঘটনাকবলিত বাস-সিএনজিটি জব্দ করে থানা হেফাজতে নেওয়া হয়েছে।
আজকালের খবর/ এমকে