ব্রাহ্মণবাড়িয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুটি বেসরকারি হাসপাতাল ও একটি হোটেলকে মোট ৩ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শরীফুল ইসলামের নেতৃত্বে শহরের কুমারশীল মোড় এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশ ও বিভিন্ন অনিয়মের দায়ে ভাত ভর্তা হোটেল অ্যান্ড বিরিয়ানি হাউজকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া প্রয়োজনীয় অনুমোদন না থাকা ও স্বাস্থ্যসেবা প্রদানে নানা অনিয়মের কারণে নিউ ল্যাব এইড ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড হাসপাতালকে ২ লাখ টাকা এবং ট্রমা জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এবং মেডিকেল প্র্যাকটিস ও বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ, ১৯৮২-এর আওতায় এসব জরিমানা করা হয়েছে।
অভিযানকালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আল-জামী মুহতাসিম মুইন, ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. আহমেদ ফয়সাল আব্বাস, এসআরবি-৯-এর সদস্য এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযান শেষে প্রতিষ্ঠান তিনটির কাছ থেকে তাৎক্ষণিকভাবে জরিমানার ৩ লাখ ১০ হাজার টাকা আদায় করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
আজকালের খবর/কাওছার আল হাবীব