মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬
কোনাবাড়ী মাতৃসদনের ৬৬ কর্মীর বেতন না দিয়ে গুটিয়েছে এনজিও, ভুয়া ভাউচারে অর্থ লোপাটের অভিযোগ
প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ১০:৫৭ এএম   (ভিজিট : ৩)
নগরবাসীর দোরগোড়ায় প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার নামে গাজীপুর সিটি করপোরেশনের (জিসিসি) সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে চরম অনিয়ম ও অর্থ লোপাটের অভিযোগ উঠেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘ইউনিটি থ্রু পপুলেশন সার্ভিসের (ইউটিপিএস)’ বিরুদ্ধে। 

সংস্থাটির পরিচালিত  কোনাবাড়ী মাতৃসদনের ৬৬ জন স্বাস্থ্যকর্মীর ছয় মাসের বেতন ও দুই ঈদের বোনাস বাবদ ৪০ লাখ টাকার বেশি বকেয়া রেখেই কার্যক্রম গুটিয়ে নিয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী ৬৬ জন স্বাস্থ্যকর্মী । এছাড়ও  ভুয়া বিল-ভাউচারের মাধ্যমে প্রকল্পের বিপুল অর্থ সরিয়ে নিয়ে ব্যক্তিগত হাসপাতাল নির্মাণের গুরুতর অভিযোগ উঠেছে সংস্থাটির কর্মকর্তাদের বিরুদ্ধে। 

এদিকে বেতন না পেয়ে পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন ভুক্তভোগী স্বাস্থ্য  কর্মীরা।

সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, সমঝোতা স্মারকের (এমওইউ) ভিত্তিতে ইউটিপিএস নগরীতে তিনটি মাতৃসদন (কোনাবাড়ী, ধীরাশ্রমের রাবেয়া আনোয়ার ও টঙ্গীর মরকুন) এবং এর অধীনে সাতটি নগর স্বাস্থ্যকেন্দ্র পরিচালনা করছিল। গত জুনে কোনাবাড়ী মাতৃসদন পরিচালনার মেয়াদ শেষ হয়।

 এর আগে ২২ এপ্রিল প্রধানমন্ত্রীর ঘোষণার পর ‘আরবান প্রাইমারি হেলথ কেয়ার ডেলিভারি প্রকল্পটি’ স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে হস্তান্তরের উদ্যোগ নেওয়া হলে সিটি করপোরেশন নিয়োগপ্রক্রিয়া বাতিল করে। তবে কর্তৃপক্ষের মৌখিক নির্দেশনায় ২০২৫ সালের ডিসেম্বর থেকে নিরবচ্ছিন্নভাবে দায়িত্ব পালন করে আসছিলেন ৬৬ কর্মী। 

২০২৫ সালের ডিসেম্বর মাসের বেতন পেলেও ২০২৬ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ছয় মাসের বেতন ও দুই ঈদের বোনাস আটকে দেওয়া হয়।

ভুক্তভোগী স্বাস্থ্যকর্মীদের সরবরাহকৃত প্রকল্পসংশ্লিষ্ট নথিপত্র ও তাদের অভিযোগের সূত্রে জানা গেছে, সাত মাসে প্রকল্পের মোট আয় ৪০ লাখ ৩৪ হাজার ১৭৩ টাকা হলেও এর বিপরীতে ৩২ লাখ ৯১ হাজার ৭০৬ টাকার বিল-ভাউচার দেখানো হয়েছে। এ ছাড়া হিসাবপত্রে ৩ লাখ টাকা ঋণ গ্রহণ, ব্যাংকে ৬ লাখ ৫৫ হাজার ১২০ টাকা জমা এবং ২ লাখ টাকা ঋণ পরিশোধের তথ্য উল্লেখ করা হলেও এসব অর্থের প্রকৃত ব্যয় ও লেনদেনের স্বচ্ছ কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি বলে দাবি করেছেন ভুক্তভোগী কর্মীরা।

কর্মীদের অভিযোগ, চুক্তি অনুযায়ী বেতনের ৪০ শতাংশ ইউটিপিএস, ৩৫ শতাংশ সিটি করপোরেশন এবং ২৫ শতাংশ স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দেওয়ার কথা। 

স্বাস্থ্যকর্মী সাহিনা আক্তার বলেন, আমরা সেবা দিয়ে নিয়মিত টাকা জমা দিলেও এনজিও কর্তৃপক্ষ নিজস্ব ৪০ শতাংশ অর্থ সিটি করপোরেশনে জমা না দিয়ে ভুয়া ভাউচারে আত্মসাৎ করেছে।

স্বাস্থ্যকর্মী নুসরাত, তানিয়া রাবেয়া, বিউটি অভিযোগ করে বলেন , প্রকল্প ব্যবস্থাপক ডা. সিলভিয়া আফরিন বিনতে করিম ও প্রশাসন-অর্থ বিভাগের বেলাল হোসেনের যোগসাজশে এই অর্থ সরিয়ে টঙ্গী বাজারের গরুর হাটা ও রাজধানীর উত্তরায় ব্যক্তিগত বেসরকারি হাসপাতাল প্রতিষ্ঠার চেষ্টা চলাচ্ছে। 

 এ ব্যাপারে কর্মীদের প্রতিবাদের মুখে জিসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. রহমত উল্লাহ বিতর্কিত বিল-ভাউচারে স্বাক্ষর স্থগিত করেন।

সোমবার (২৩ নভেম্বর) বকেয়া বেতনের দাবিতে ভুক্তভোগী কর্মীরা ডা. সিলভিয়া আফরিনকে টঙ্গী থেকে সিটি করপোরেশনে এনে প্রধান স্বাস্থ্য কর্মকর্তার কক্ষে অবস্থান নেন  বলে জানান। 

এ সময় ডা. সিলভিয়া ও ডা. রহমত উল্লাহ গণমাধ্যমের কাছে কোনো মন্তব্য করতে রাজি হননি। 

তবে, জিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মিজ্ তানজিলা খানম   বলেন, বিষয়টি স্বাস্থ্য মন্ত্রণালয়কে লিখিতভাবে জানানো হয়েছে। মন্ত্রণালয়ের নির্দেশনা পেলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভুক্তভোগী ৬৬ স্বাস্থ্যকর্মী প্রকল্পের পূর্ণাঙ্গ অডিট, অর্থ লোপাটের নিরপেক্ষ তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং অবিলম্বে বকেয়া বেতন-ভাতা পরিশোধে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

আজকালের খবর/ এমকে







আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft