রবিবার ● ২২ নভেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ার হত্যা মামলার আসামি ঢাকায় আটক
প্রকাশ: রোববার, ২২ নভেম্বর, ২০২৬, ৭:১৯ পিএম   (ভিজিট : ০)
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পূর্বশত্রুতা ও মামলা-মোকদ্দমার বিরোধের জেরে ইকবাল হোসেন (৪০) হত্যা মামলার এজাহারনামীয় ৩ নম্বর আসামি ইমন মিয়াকে (২৬) ঢাকার রামপুরা থেকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। গত ২১ নভেম্বর দিবাগত রাত আড়াইটার দিকে এসআরবি-৯ ও এসআরবি-৩-এর যৌথ অভিযানে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ইমন মিয়া নবীনগর উপজেলার খাগাতুয়া গ্রামের খোরশেদ মিয়ার ছেলে। শনিবার রাতে ঢাকা জেলার রামপুরা থানাধীন শহিদ মুক্তিযোদ্ধা ফারুক ইকবাল রোড এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

এসআরবি সূত্রে জানা যায়, গত ২২ সেপ্টেম্বর দুপুর ১২টার দিকে নবীনগর উপজেলার খাগাতুয়া এলাকার ভোরের বাজার থেকে পায়ে হেঁটে বাড়ি ফিরছিলেন ইকবাল হোসেন। পথে ভোরের বাজার সেতুর কাছে পৌঁছালে পূর্ববিরোধের জেরে একদল ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে তাঁর পথরোধ করে। এ সময় তাঁকে ঘিরে মারধর করে গুরুতর আহত করা হয়। তাঁর চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা হত্যার হুমকি দিয়ে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা আহত ইকবালকে উদ্ধার করে বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পরামর্শ দেন। পরে পরিবারের সদস্যরা তাঁকে দেবিদ্বার হাড়ভাঙা পঙ্গু অ্যান্ড জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে নবীনগর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার পর থেকে আসামিদের গ্রেপ্তারে ছায়া তদন্ত ও গোয়েন্দা তৎপরতা শুরু করে এসআরবি-৯।

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়া এবং এসআরবি-৩, সিপিসি-৩, ঢাকার একটি যৌথ আভিযানিক দল রামপুরায় অভিযান চালিয়ে মামলার এজাহারনামীয় ৩ নম্বর আসামি ইমন মিয়াকে গ্রেপ্তার করে।

এসআরবি আরও জানায়, এর আগে গত ১৭ অক্টোবর একই মামলার এজাহারনামীয় আরও দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছিল। সর্বশেষ গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এসআরবি-৯-এর গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে বলে জানানো হয়েছে।

আজকালের খবর/কাওছার আল হাবীব








Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft