রবিবার ● ২২ নভেম্বর ২০২৬
পাবনায় শিশু কলি হত্যার বিচার চেয়ে মানববন্ধন
প্রকাশ: রোববার, ২২ নভেম্বর, ২০২৬, ৬:০০ পিএম   (ভিজিট : ০)
দশ বছরের শিশু শিক্ষার্থী কামরুন্নাহার কলি হত্যাকাণ্ডের দ্রুত বিচার ও জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবিতে পাবনায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন এলাকাবাসী। নিষ্পাপ শিশুটিকে হত্যার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে আসামিদের ফাঁসির দাবি জানিয়েছেন স্বজন ও স্থানীয় বাসিন্দারা।

রোববার (২২ নভেম্বর) সকালে নিহত শিশু কলির এলাকাবাসীর উদ্যোগে পাবনা জেলা পরিষদের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মানববন্ধনে মিলিত হয়। এ সময় অংশগ্রহণকারীরা কলি হত্যার দ্রুত বিচার ও দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

মানববন্ধনে অংশ নেওয়া স্বজন ও স্থানীয় বাসিন্দারা বলেন, একটি নিষ্পাপ শিশুকে এভাবে হত্যা করার ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে পুলিশ আসামিদের গ্রেপ্তার করলেও দ্রুত বিচার নিশ্চিত না হওয়ায় তাঁরা হতাশ। মামলার বিচারিক কার্যক্রম দ্রুত শেষ করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তাঁরা।

বক্তারা আরও বলেন, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের দায়িত্ব। কলির মতো আর কোনো শিশুকে যেন এমন নির্মম পরিণতির শিকার হতে না হয়, সে জন্য এ হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত করা জরুরি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৯ সেপ্টেম্বর সন্ধ্যার পর বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় শিশু কামরুন্নাহার কলি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। নিখোঁজের সাত দিন পর ১৬ সেপ্টেম্বর সকালে পাবনা সদর উপজেলার দোগাছী ইউনিয়নের কুলুনিয়া গ্রামে নিজ বাড়ির পাশের একটি ডোবা থেকে বস্তাবন্দি অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় নিহত শিশুর বাবা কামাল প্রামাণিক বাদী হয়ে মামলা করেন। পরে হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে কলির প্রতিবেশী মোস্তফা প্রামাণিক (৫০) ও তাঁর ভাড়াটিয়া ইয়াছিনকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদে তাঁদের কাছ থেকে হত্যাকাণ্ড সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে মরদেহ গুমের উদ্দেশ্যে বস্তাবন্দি করে ডোবায় ফেলে রাখা হয়েছিল। এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

এর আগে গত ১৭ সেপ্টেম্বর কলি হত্যার বিচারের দাবিতে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্বজনেরা মানববন্ধন করেন। সে সময় পাবনা সদর থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম মোস্তফা প্রামাণিককে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছিলেন।

হত্যাকাণ্ডের দুই মাসেরও বেশি সময় পেরিয়ে যাওয়ার পরও দ্রুত বিচার নিশ্চিতের দাবিতে আবারও রাজপথে নেমেছেন এলাকাবাসী। তাঁদের একটাই দাবি—শিশু কলি হত্যার সুষ্ঠু ও দ্রুত বিচার এবং অপরাধ প্রমাণিত হলে দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা।

আজকালের খবর/কাওছার আল হাবীব








Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft