রবিবার ● ২২ নভেম্বর ২০২৬
পাকা ধান ঘরে তোলা নিয়ে শঙ্কায় ডিমলার কৃষক
প্রকাশ: রোববার, ২২ নভেম্বর, ২০২৬, ৫:২২ পিএম   (ভিজিট : ০)
নীলফামারীর ডিমলায় টানা দুই দিনের বৃষ্টিতে বিপাকে পড়েছেন আমন চাষিরা। হঠাৎ বৃষ্টিতে মাঠে কেটে রাখা ধান পানিতে ভিজে গেছে। অন্যদিকে পাকা ধান কাটতে না পারায় অনেক জমিতেই পড়ে রয়েছে ফসল। এতে ধানের গুণগত মান নষ্ট হওয়ার পাশাপাশি উৎপাদন ও আর্থিক ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা।

সরেজমিনে দেখা গেছে, উপজেলার বালাপাড়া, নাউতারা ও খগাখড়িবাড়ী ইউনিয়নের বিভিন্ন মাঠে বৃষ্টির পানি জমে আছে। কোথাও কেটে রাখা ধানের আঁটিতে পানি জমেছে, আবার কোথাও পাকা ধান কাটতে না পারায় জমিতেই পড়ে রয়েছে। ফলে ধান ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় দিন কাটছে কৃষকদের।

উপজেলার খগাখড়িবাড়ী গ্রামের কৃষক মো. রাজামিয়া বলেন, জমির ধান পেকে যাওয়ায় আবহাওয়ার পূর্বাভাসে বৃষ্টির আশঙ্কা দেখে বেশি মজুরি দিয়ে শ্রমিক লাগিয়ে দ্রুত ধান কাটাচ্ছিলেন। তাঁর মোট ১০ বিঘা জমির মধ্যে ৪ বিঘার ধান ঘরে তুলতে পেরেছেন। বাকি ৬ বিঘার ধান হঠাৎ বৃষ্টিতে ভিজে গেছে। বৃষ্টির কারণে সেগুলো আর ঘরে তুলতে পারেননি।

ডিমলা সদর ইউনিয়নের কৃষক বাদশা পরামানিক ও জুয়েল ইসলাম বলেন, জমির ধান পেকে গেলেও প্রতিকূল আবহাওয়ার কারণে ধান কাটা শুরু করতে পারছেন না। দ্রুত আবহাওয়ার উন্নতি না হলে জমির ধান নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে।

কৃষকদের আশঙ্কা, দ্রুত আবহাওয়া স্বাভাবিক না হলে এবং সময়মতো ধান কেটে ঘরে তুলতে না পারলে ফসলের গুণগত মান নষ্ট হওয়ার পাশাপাশি বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে।

ডিমলা উপজেলা কৃষি কর্মকর্তা মীর হাসান আল বান্না বলেন, উপজেলায় প্রায় ২১ হাজার ২৪১ হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। এর মধ্যে ৫ হাজার ৫০০ হেক্টর জমির ধান কাটা হয়েছে। হঠাৎ আবহাওয়া খারাপ হওয়ায় কয়েকটি ইউনিয়নের কিছু জমিতে পানি জমে কৃষকদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। তবে আগামী দু-এক দিনের মধ্যে আবহাওয়ার উন্নতি হবে বলে আশা করা হচ্ছে। এতে কৃষকদের তেমন ক্ষতি হবে না বলেও তিনি জানান।

আজকালের খবর/কাওছার আল হাবীব








Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft