
দেশ ছেড়ে পালিয়ে যাওয়া ব্যক্তিদের আর কোনো দিন বাংলাদেশে ফিরে আসার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদীর সংসদ সদস্য খায়রুল কবির খোকন। তিনি বলেছেন, ‘বছরের পর বছর যাবে, ওদের ডিসেম্বর আর ফিরে আসবে না।’
রোববার (২২ নভেম্বর) বিকেলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে নরসিংদী শহরে আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।
নরসিংদী সদর উপজেলা বিএনপির উদ্যোগে পৌরসভা প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শিক্ষা চত্বরে গিয়ে শেষ হয়। এতে বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
সমাবেশে খায়রুল কবির খোকন বলেন, জনগণ বিএনপির পক্ষে রায় দিয়েছে। এখন আর ভয় পাওয়ার কোনো কারণ নেই। মানবতাবিরোধী অপরাধের কারণে যে দল নিষিদ্ধ হয়েছে, সেই দলের বাংলাদেশে আর রাজনীতি করার সুযোগ থাকবে না। বিচ্ছিন্নভাবে চোরাগোপ্তা হামলা চালিয়ে কেউ পরিস্থিতি অস্থিতিশীল করতে পারবে না। জনগণকে সঙ্গে নিয়ে এসব অপতৎপরতা প্রতিরোধ করে দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা হবে।
তিনি আরও বলেন, দেশ থেকে পালিয়ে যাওয়া একটি অপশক্তি বিদেশে বসে উসকানি দিয়ে দেশে নৈরাজ্য, অরাজকতা ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে। সারাদেশ থেকে ভাড়া করা দুর্বৃত্ত ও সন্ত্রাসীদের এনে গোপালগঞ্জে তাণ্ডব চালানো হয়েছে। দুষ্কৃতকারীরা টুঙ্গিপাড়া ও মুকসুদপুর থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে। এ ছাড়া গোপালগঞ্জ থেকে নির্বাচিত বিএনপির দুই সংসদ সদস্য জিলানি ও সেলিমুজ্জামান সেলিমের বাড়িতেও ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন।
খোকন বলেন, নড়াইলে বিএনপির দুজন এবং ফরিদপুরে একজন কর্মীকে নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছে। এখনো দেশের বিভিন্ন স্থানে চোরাগোপ্তা হামলা, ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির চেষ্টা চলছে।
তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে রাজপথে আন্দোলন-সংগ্রাম করে জেল-জুলুম সহ্য করেও বিএনপি আপস করেনি কিংবা দেশ ছেড়ে পালিয়ে যায়নি। গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়া দলটি নতুন করে ষড়যন্ত্রের চেষ্টা করছে। তবে দেশের জনগণ ঐক্যবদ্ধভাবে দুর্বৃত্ত ও সন্ত্রাসীদের প্রতিরোধ করছে।
এ সময় জেলা বিএনপির সহসভাপতি এম এ জলিল, বিজি রশিদ নওশের, এ কে এম গোলাম কবির কামাল, হারুন অর রশিদ, আমানুল হক বাচ্চু, মাজহারুল হক টিটু, ইলিয়াস আলী ভূঁইয়া, সিদ্দিকুর রহমান নাহিদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
আজকালের খবর/কাওছার আল হাবীব