রবিবার ● ২২ নভেম্বর ২০২৬
গাজীপুরকে মডেল নগরী গড়ার অঙ্গীকার গাউক চেয়ারম্যান বাবুলের
প্রকাশ: রোববার, ২২ নভেম্বর, ২০২৬, ৭:৩৭ পিএম   (ভিজিট : ০)
অপরিকল্পিত নগরায়ণ, যানজট আর দুর্নীতির শৃঙ্খল ভেঙে গাজীপুরকে একটি আধুনিক, বাসযোগ্য ও পরিকল্পিত ‘মডেল নগরী’ হিসেবে গড়ে তোলার দৃঢ় অঙ্গীকার নিয়ে গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের (গাউক) চেয়ারম্যান পদে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী ছাইয়েদুল আলম বাবুল।

রবিবার (২২ নভেম্বর) সকালে গাজীপুর মহানগরের ওয়্যারলেস এলাকায় গাউক কার্যালয়ে পৌঁছালে সংসদ সদস্য, সিটি করপোরেশন ও জেলা পরিষদের প্রশাসকসহ সর্বস্তরের মানুষ তাকে ফুলেল শুভেচ্ছা জানান। 

এর আগে গত ১১ নভেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২০-এর ৭(১) ধারা অনুযায়ী তাকে গ্রেড-২ পদমর্যাদায় এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়।

প্রথম কর্মদিবসে মতবিনিময়কালে নবনিযুক্ত চেয়ারম্যান ঢাকার ওপর জনসংখ্যার চাপ কমাতে গাজীপুরকে একটি আধুনিক ও পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তোলার সুস্পষ্ট রূপরেখা তুলে ধরেন। এ লক্ষ্যে সড়ক যোগাযোগের উন্নয়ন, অপরিকল্পিত নগরায়ণ রোধ, জলাবদ্ধতা নিরসন ও পরিবেশ রক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার ঘোষণা দেন তিনি। বিশেষ করে শিল্পনগরীর লাখ লাখ শ্রমিকের কল্যাণে আলাদা হাসপাতাল, নিরাপদ আবাসন ও তাদের সন্তানদের জন্য বিদ্যালয় প্রতিষ্ঠার পাশাপাশি প্রবাসীদের জন্য পৃথক ‘প্রবাসী পল্লী’ এবং তুরাগ নদের দুই পাশে সৌন্দর্যবর্ধনের পরিকল্পনার কথা জানান তিনি।

প্রতিষ্ঠানে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে দুর্নীতির বিরুদ্ধে কঠোর ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করে কাজী ছাইয়েদুল আলম বাবুল দৃঢ় কণ্ঠে বলেন, শীর্ষ নেতৃত্ব দুর্নীতিমুক্ত থাকলে অধস্তন কেউ অনিয়ম করার সাহস পাবে না। গাউকে সেবা নিতে এসে কোনো নাগরিক যেন হয়রানির শিকার না হন এবং ফাইল অনুমোদনে কোনো দীর্ঘসূত্রতা না থাকে, তা কঠোরভাবে নিশ্চিত করা হবে।

প্রতিকূল রাজনৈতিক পরিবেশে গাজীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে সফল নেতৃত্ব দেওয়া এবং বর্তমানে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালনকারী এই নেতার ক্লিন ইমেজ ও বিচক্ষণতা নগরবাসীর মধ্যে নতুন আশার সঞ্চার করেছে। প্রথম কর্মদিবসে তাকে স্বাগত জানান গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সভাপতি মো. শওকত হোসেন সরকার, গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য ডা. রফিকুল ইসলাম বাচ্চু, জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী, জেলা বিএনপি নেতা শাখাওয়াত হোসেন সবুজসহ দলীয় নেতাকর্মী ও সুধীজন।

নতুন এই দায়িত্বে  প্রধানমন্ত্রীর নির্দেশিত পরিচ্ছন্ন ও আধুনিক নগর গঠনে সংসদ সদস্য ও সিটি করপোরেশনসহ সর্বস্তরের মানুষের আন্তরিক সহযোগিতা কামনা করেন তিনি।

আজকালের খবর/বিএস 









Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft