নেত্রকোনা পৌর শহরের ব্যস্ততম এলাকায় কিশোর গ্যাংয়ের হামলায় দুই স্কুলশিক্ষার্থী আহত হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) বিকেল শহরের মোক্তারপাড়া সেতু পাশের সার্কিট হাউজ মোড়ে এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে মুক্তারপাড়া কালেক্টরেট উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী মো. রায়হানের (১৩) মাথায় গুরুতর আঘাত লেগেছে। তাকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে নেত্রকোনা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। অপর আহত রায়ান বিন আপন রিদীন দত্ত উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, বিকেলে স্কুল ছুটির পর বাসায় ফেরার পথে একদল কিশোরের হামলার শিকার হয় দুই শিক্ষার্থী। আট থেকে ১০ জনের একটি দল তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় বেল্ট ও ভারী বস্তু দিয়ে মারধর করা হয়। একপর্যায়ে রায়হানকে রাস্তায় ফেলে লাথি ও বেল্ট দিয়ে পেটানো হয়। এতে তার মাথায় গুরুতর জখম হয় এবং প্রচুর রক্তক্ষরণ ঘটে।
আহত দুই শিক্ষার্থীকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট নেত্রকোনা সদর হাসপাতালে নেওয়া হয়। রায়হানের শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় জরুরি বিভাগের চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। অন্যদিকে রিদীনকে সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
হামলার কারণ সম্পর্কে স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীদের সহপাঠীদের সঙ্গে কথা বলে জানা গেছে, শহরের কাটলি ও মোক্তারপাড়া এলাকায় সক্রিয় কিশোরদের কয়েকটি দলের মধ্যে দীর্ঘদিন ধরে বড় ভাই-ছোট ভাই বা সিনিয়র-জুনিয়র আধিপত্য নিয়ে বিরোধ চলছে। এর জের ধরেই এ হামলার ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
হামলাকারীদের মধ্যে সাগর মিয়া, আরাফাত মিয়া ও লাবিব নামে তিন কিশোরের পরিচয় পাওয়া গেছে।
তবে আহত শিক্ষার্থী রিদীন জানান, এ বিরোধের সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই। তিনি বলেন, স্কুল থেকে ফেরার পথে পকেটের টাকা হারিয়ে যাওয়ায় হেঁটে বাড়ি যাচ্ছিলেন। মোক্তারপাড়া ব্রিজ এলাকায় কয়েকজনকে মারামারি করতে দেখে তিনি রাস্তার এক পাশে দাঁড়ান। এ সময় পেছন থেকে কয়েকজন এসে তাকে মারধর করে। পরে তিনি দৌড়ে হাসপাতালে চলে যান।
রিদীন আরও বলেন, গুরুতর আহত রায়হানই হামলাকারীদের মধ্যে সাগর, আরাফাত ও লাবিবের নাম জানিয়েছিল। হামলাকারীদের সঙ্গে তার আগে কোনো বিরোধ বা পরিচয় ছিল না। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি।
ঘটনাস্থলটি জেলা শহরের গুরুত্বপূর্ণ প্রশাসনিক এলাকার কাছাকাছি। মোক্তারপাড়া ব্রিজ ও সার্কিট হাউসসংলগ্ন এলাকায় প্রকাশ্যে এমন হামলার ঘটনায় স্থানীয় বাসিন্দা, অভিভাবক ও শিক্ষকদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে। সার্কিট হাউস এবং জেলা পুলিশ সুপারের কার্যালয়ের অদূরে এ ঘটনা ঘটায় নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে।
ঘটনার পর নেত্রকোনা সদর হাসপাতালে গিয়ে আহত শিক্ষার্থীদের খোঁজখবর নেয় পুলিশ। নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে খোঁজ নিয়েছে। গুরুতর আহত শিক্ষার্থী রায়হান বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তার বাবার সঙ্গে কথা হয়েছে। প্রাথমিক শঙ্কা কেটে গেছে বলে জানা গেছে।
ওসি আরও বলেন, ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে স্থানীয় কয়েকজন বলেন, স্কুল থেকে বাড়ি ফেরার পথে শিক্ষার্থীদের ওপর এমন হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। কিশোর গ্যাংয়ের তৎপরতা বন্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, অভিভাবক ও শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃপক্ষকে সমন্বিতভাবে উদ্যোগ নিতে হবে।
আজকালের খবর/রাশেদুল মিলন