বগুড়ার শেরপুরে দুই বছরের এক শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে শাহিন আলম (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত শাহিন আলম মৃত আসমত আলী শেখের ছেলে এবং একই এলাকার প্রতিবেশী।
এ ঘটনায় মঙ্গলবার (২৪ নভেম্বর) ভুক্তভোগী শিশুটির দাদি নাছিমা আক্তার বাদি হয়ে শেরপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা করে। থানায় জমা দেওয়া এজাহার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শিশুটির বাবা ও মা ঢাকায় পোশাক কারখানায় (গার্মেন্টস) কাজ করেন। এ কারণে দুই বছরের শিশুটি শেরপুরের শাহবন্দেগী ইউনিয়নের মামুরশাহী গ্রামে দাদা-দাদির কাছে থাকে।
এজাহারের বিবরণ অনুযায়ী, গত ১৯ নভেম্বর দুপুরে শিশুটি খেলার জন্য বাড়ির বাইরে যায়। ওই সময় প্রতিবেশী শাহিন আলম বিস্কুটের প্রলোভন দেখিয়ে শিশুটিকে ডেকে বসতবাড়ির পেছনে নিয়ে যৌন নির্যাতন করেন। শিশুটির কান্না শুনে তার দাদি নাছিমা বেগম (৫০) ঘটনাস্থলে পৌঁছালে শাহিন পালিয়ে যান। পরদিন (২০ নভেম্বর) শিশুটির দাদা ও স্থানীয় লোকজন শাহিনকে খুঁজে বের করে জিজ্ঞাসাবাদ করলে তিনি ঘটনার কথা স্বীকার করেন এবং কৌশলে পালিয়ে যান।
এরপর মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১০টার দিকে শিশুটির বাবা ও স্থানীয় লোকজন অভিযুক্ত শাহিনকে আটক করেন। এ সময় উত্তেজিত জনতা তাকে মারধর করে। খবর পেয়ে শেরপুর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে শাহিনকে আটক করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় শিশুটির দাদি নাছিমা আক্তার বাদী হয়ে শেরপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন জানান, গ্রেপ্তার আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আজকালের খবর/রাশেদুল মিলন