বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬
কুয়াশা আর হিমেল হাওয়ায় শীতের আগমনী বার্তা পঞ্চগড়ে
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ৫:৫৩ পিএম   (ভিজিট : ০)
উত্তরের সীমান্ত জেলা পঞ্চগড়ে ধীরে ধীরে জেঁকে বসতে শুরু করেছে শীত। ঘন কুয়াশা আর উত্তরের হিমেল হাওয়ায় বাড়ছে শীতের অনুভূতি। কয়েক দিন ধরে সন্ধ্যার পর থেকে কুয়াশায় আচ্ছন্ন হয়ে পড়ছে জনপদ। কখনো কখনো সকাল গড়িয়ে দুপুর পর্যন্তও থাকছে কুয়াশার দাপট। ঘন কুয়াশার কারণে সকালে সড়ক-মহাসড়কে চলাচলরত যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা যাচ্ছে।

মেঘ-বৃষ্টির বলয় কেটে আকাশ পরিষ্কার হলেও বিকেল থেকেই বইতে শুরু করছে উত্তরের শীতল বাতাস। দিনের বেলায় সূর্যের তেজ কম থাকা এবং হিমেল হাওয়া প্রবাহিত হওয়ায় সন্ধ্যা ও রাতে শীতের অনুভূতি বাড়ছে।

এদিকে প্রতিদিনই কমতে শুরু করেছে জেলার সর্বনিম্ন তাপমাত্রা। বুধবার (২৫ নভেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারে সর্বনিম্ন তাপমাত্রা ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আগের দিন মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ ডিগ্রি সেলসিয়াস।

সর্বনিম্ন তাপমাত্রার পাশাপাশি কমছে দিনের সর্বোচ্চ তাপমাত্রাও। সোমবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হলেও মঙ্গলবার তা কমে দাঁড়ায় ২৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াসে।

আবহাওয়া সংশ্লিষ্টদের মতে, দিনের সর্বোচ্চ ও রাতের সর্বনিম্ন তাপমাত্রার ব্যবধান কমে এলে শীতের অনুভূতি বাড়তে পারে। নভেম্বরের বাকি দিনগুলোতে তাপমাত্রা আরও কমার সম্ভাবনা রয়েছে। ডিসেম্বরের প্রথম সপ্তাহের দিকে মৃদু শৈত্যপ্রবাহ শুরু হতে পারে বলেও পূর্বাভাস রয়েছে। চলতি শীত মৌসুমে কয়েক দফা শৈত্যপ্রবাহের আশঙ্কা করা হচ্ছে।

শীতের আগমনী বার্তায় ব্যস্ততা বেড়েছে লেপ-তোষক তৈরির কারিগরদের। শীত পুরোপুরি জেঁকে বসার আগেই লেপ-তোষক তৈরির কাজ শুরু করেছেন তারা। অন্যদিকে শীতের পোশাক নিয়ে দোকান সাজাতে শুরু করেছেন ব্যবসায়ীরা। পুরোনো শীতবস্ত্রের মৌসুমি ব্যবসায়ীরাও প্রস্তুতি নিচ্ছেন। আগেভাগেই শীতের পোশাক ও লেপ-তোষক সংগ্রহে ব্যস্ত হয়ে পড়েছেন অনেকেই।

অন্যদিকে দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য এবং আবহাওয়ার পরিবর্তনের কারণে বাড়ছে শীতজনিত রোগব্যাধি। পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালসহ বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে শিশু ও বয়স্করা সর্দি, কাশি, নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন। হাসপাতালগুলোর বহির্বিভাগে প্রতিদিনই চিকিৎসা নিতে আসছেন অসংখ্য রোগী। তাদের অনেককে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠানো হচ্ছে। আবার শারীরিক অবস্থা বিবেচনায় অনেককে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

চিকিৎসকরা এ সময়ে বিশেষ করে শিশু ও বয়স্কদের বাড়তি যত্ন নেওয়ার পরামর্শ দিচ্ছেন।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জীতেন্দ্রনাথ রায় জানান, পঞ্চগড়ের তাপমাত্রা কমতে শুরু করেছে। উত্তরের হিমেল হাওয়ায় ধীরে ধীরে শীতের তীব্রতা বাড়ছে। আগামী মাসের শুরুতে তাপমাত্রা আরও কমে শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে।

আজকালের খবর/কাওছার আল হাবীব








Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft