বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬
গৌরীপুরে অবৈধ ইটভাটার বিরুদ্ধে প্রশাসনের অভিযান
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ৫:৪৬ পিএম   (ভিজিট : ০)
ময়মনসিংহের গৌরীপুরে পরিবেশবিধি লঙ্ঘন করে ফিক্সড চিমনি ব্যবহার করে ইট উৎপাদনের দায়ে মদীনা ব্রিকস ফিল্ড নামের একটি ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৫ নভেম্বর) ময়মনসিংহ জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে উপজেলার বোকাইনগর ইউনিয়নের দাড়িয়াপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শানিরুল ইসলাম শাওন।

অভিযানসংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মদীনা ব্রিকস ফিল্ড দীর্ঘ ১৫ বছর ধরে লাইসেন্স ছাড়াই ফিক্সড চিমনি ব্যবহার করে ইট উৎপাদন করে আসছিল। পরিবেশের জন্য ক্ষতিকর এ ধরনের চিমনি ব্যবহার করে ইটভাটা পরিচালনা করায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ময়মনসিংহের সহকারী কমিশনার মো. শরীফ উদ্দিন, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক নাজিয়া উদ্দিন ও মো. আবু সাঈদ উপস্থিত ছিলেন। এ ছাড়া গৌরীপুর থানা-পুলিশ, ময়মনসিংহ রেঞ্জ পুলিশ এবং জেলা আনসার বাহিনীর সদস্যরা অভিযানে সহযোগিতা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট শানিরুল ইসলাম শাওন বলেন, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন (সংশোধিত)-২০১৯ অনুযায়ী এ অভিযান পরিচালনা করা হয়েছে। মদীনা ব্রিকস ফিল্ড দীর্ঘ ১৫ বছর ধরে লাইসেন্সবিহীন ফিক্সড চিমনি ব্যবহার করে ইটভাটা পরিচালনা করে আসছিল। পরিবেশবান্ধব ঝিকঝাক প্রযুক্তির চিমনি ব্যবহার করে ইটভাটা পরিচালনার জন্য প্রতিষ্ঠানটিকে দীর্ঘদিন ধরে বলা হলেও তারা বিষয়টি আমলে নেয়নি।

তিনি আরও বলেন, অভিযানে শুধু অবৈধ চিমনিটি ভেঙে দেওয়া হয়েছে। পরিবেশবান্ধব চিমনি স্থাপন করে প্রতিষ্ঠানটি পুনরায় ইট উৎপাদন করতে পারবে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, অবৈধ ও ড্রাম চিমনির ইটভাটার কারণে পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। অবৈধ ইটভাটা ও পরিবেশবিধ্বংসী কর্মকাণ্ডের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আজকালের খবর/কাওছার আল হাবীব











Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft