বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬
ইসলামপুর চরাঞ্চলে বেগুনের বাম্পার ফলনের সম্ভাবনা
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ৩:৫৩ পিএম   (ভিজিট : ০)
জামালপুরের ইসলামপুর উপজেলার চরাঞ্চলে বিস্তীর্ণ মাঠজুড়ে সবুজ পাতার সমারোহে ক্রমেই বেড়ে উঠছে বেগুন গাছ। অনুকূল আবহাওয়া এবং কৃষি বিভাগের পরামর্শে ভালো ফলনের আশা করছেন কৃষকেরা। ফলন ভালো হওয়ার পাশাপাশি বাজারে সন্তোষজনক দাম পাওয়ার সম্ভাবনায় তাঁদের মধ্যে দেখা দিয়েছে আশার সঞ্চার। স্থানীয় কৃষকরা বেগুন গাছকে ‘টাকার গাছ’ বলে মনে করেন।

কাঁসা, বেগুন ও গুড় এই তিনে মিলে ইসলামপুর। ইসলামপুরের কৃষকদের উৎপাদিত ঐতিহ্যবাহী এই বেগুন অনেক সুস্বাদু ও পুষ্টিকর। সারাদেশে এই অঞ্চলের বেগুনের ব্যাপক কদর রয়েছে।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, বারি-১ জাতের বেগুন ইসলামপুরে বেশি চাষ হয়ে থাকে। চলতি মৌসুমে ইসলামপুর উপজেলায় প্রায় ১ হাজার ৫৫০ হেক্টর জমিতে বেগুনের আবাদ করা হয়েছে। প্রতি একর জমিতে কমপক্ষে ১৫ মেট্রিক টন উৎপাদন হওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়ার অনুকূল থাকলে এ বছর বেগুনের বাম্পার ফলনের আশা করছে কৃষি বিভাগ।

ইসলামপুর উপজেলার লক্ষীপুর গ্রামের কৃষক হাছেন আলী জানান, এ বছর বন্যা ও বৃষ্টি কম হওয়ায় বেগুন ক্ষেত অনেক ভালো হয়েছে। পোড়ার চর গ্রামের চাষী হুসেন আলী জানান, এলাকার মানুষ বেগুন টালকে (ক্ষেত) টাকার ক্ষেত আর বেগুন গাছকে ‘টাকার গাছ’ বলে থাকেন।

কৃষক হারুন সরকার বলেন, এ বছর বেগুন গাছের অবস্থা দেখে ভালো ফলনের আশা করছি। তবে উৎপাদন খরচের তুলনায় বাজারে ন্যায্যমূল্য পাওয়া গেলে আমাদের পরিশ্রম সার্থক হবে। বেগুন বিক্রির আয় দিয়ে পরিবারের চাহিদা পূরণের পাশাপাশি কৃষিকাজেও বিনিয়োগ করতে পারব।

ইসলামপুর উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল ফয়সাল বলেন, উপজেলার ব্রহ্মপুত্রের চরাঞ্চলের মাটি বেগুন চাষের জন্য উপযোগী হওয়ায় কৃষকরা লাভজনক এ ফসল চাষে আগ্রহী। চলতি মৌসুমে উপজেলায় ১ হাজার ৫৫০ হেক্টর জমিতে বেগুনের আবাদ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে এবার বেগুনের ভালো উৎপাদন হবে বলে আশা করা হচ্ছে। এতে কৃষকের মুখে হাসি ফোটার পাশাপাশি স্থানীয় কৃষি অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে।


আজকালের খবর/রাশেদুল মিলন 







আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft