
প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন গাইবান্ধা সফরকে কেন্দ্র করে গোবিন্দগঞ্জে প্রাক্-প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সফর সফল ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং রাজনৈতিক নেতৃবৃন্দের সমন্বয়ে বিভিন্ন প্রস্তুতি নিয়ে সভায় আলোচনা করা হয়।
মঙ্গলবার (২৪ নভেম্বর) উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা ইয়াসমিন সুলতানার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকন, এমপি।
সভায় বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক, জেলা প্রশাসক ড. মো. মনিরুজ্জামান, পুলিশ সুপার মো. জসিম উদ্দীন, সিভিল সার্জন ডা. মো. রফিকুজ্জামান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুন্নবী টিটুল, উপজেলা বিএনপির আহ্বায়ক ফারুক আহম্মেদ এবং গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলম প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি রবিউল কবির মনু, সাধারণ সম্পাদক আবু জাফর লেলিন, গোবিন্দগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ বসির আহমেদ, গোবিন্দগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ এ.এইচ.এম. আহসান হাবীব প্রিন্স, উপজেলা চেয়ারম্যান অ্যাসোসিয়েশনের সভাপতি হাসানুর রহমান চৌধুরী ডিউক, সাধারণ সম্পাদক জহুরুল হক জাহিদ ও সাংগঠনিক সম্পাদক আজহারুল ইসলাম প্রধান বিপ্লবসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সভায় জানানো হয়, আগামী ৫ ডিসেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের গাইবান্ধা সফরের কথা রয়েছে। সফরকালে তিনি মরা করতোয়া নদী খননকাজের উদ্বোধন, রংপুর চিনিকল পরিদর্শন এবং রংপুর ইপিজেডের ঘোষণা-সংক্রান্ত কর্মসূচিতে অংশ নেবেন। এ ছাড়া বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কর্মসূচির উদ্বোধন এবং দুটি স্থানে পথসভায় জনসাধারণের উদ্দেশে বক্তব্য দেওয়ার কথা রয়েছে।
প্রধানমন্ত্রীর এ সফর সফল ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন উপকমিটি গঠন করা হয়েছে। সভায় সফরের সার্বিক নিরাপত্তা, শৃঙ্খলা ও কর্মসূচি বাস্তবায়নে সংশ্লিষ্ট সব দপ্তর, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করা হয়।
আজকালের খবর/কাওছার আল হাবীব