বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬
ঝালকাঠি পৌরসভায় জন্মনিবন্ধন ও নাগরিক সনদ পেতে ভোগান্তি
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ৬:৩০ পিএম   (ভিজিট : ০)
নাগরিক সেবা সহজ, দ্রুত ও হয়রানিমুক্ত করার কথা থাকলেও ঝালকাঠি পৌরসভায় জন্মনিবন্ধন, নাগরিক সনদসহ বিভিন্ন সেবা নিতে গিয়ে ভোগান্তির শিকার হচ্ছেন পৌরবাসী। প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহে দীর্ঘসূত্রতা, হোল্ডিং ট্যাক্সের বিল নিয়ে জটিলতা এবং অতিরিক্ত অর্থ লেনদেনের অভিযোগে সেবাপ্রত্যাশীদের মধ্যে ক্ষোভ বাড়ছে। বিশেষ করে জন্মনিবন্ধন সংশোধনের ক্ষেত্রে বাড়ির হোল্ডিং ট্যাক্স পরিশোধের বিল চাওয়ায় বিপাকে পড়েছেন সাবেক ও বর্তমান ভাড়াটিয়ারা।

এদিকে ২০২৭ শিক্ষাবর্ষে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি কার্যক্রম সামনে রেখে জন্মনিবন্ধন সংশোধন নিয়ে অভিভাবকদের উদ্বেগ বাড়ছে।

অভিযোগ রয়েছে, জন্মনিবন্ধন সংশোধনের জন্য আগে যে বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন, সেই বাড়ির হোল্ডিং ট্যাক্স পরিশোধের বিলের কপি জমা দিতে বলা হচ্ছে। বাড়ি পরিবর্তন, বাড়ির মালিকের মৃত্যু কিংবা আর্থিক অসচ্ছলতার কারণে পুরোনো বাড়ির কর পরিশোধের কাগজ সংগ্রহ করতে না পারায় আটকে যাচ্ছে অনেকের জন্মনিবন্ধন সংশোধনের কাজ।

অন্যদিকে সরকার ঘোষিত ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচিতে আবেদন করতে গিয়েও জন্মনিবন্ধন জটিলতায় পড়ছেন অনেক পরিবার। আবেদনের জন্য পরিবারের সদস্যদের জন্মনিবন্ধন প্রয়োজন হওয়ায় যেসব পরিবারের সদস্যদের নিবন্ধন নেই কিংবা নিবন্ধনে ভুলত্রুটি রয়েছে, তাঁরা বিপাকে পড়েছেন। জন্মনিবন্ধন তৈরি ও সংশোধনে ভোগান্তির কারণে সরকারি সহায়তা কর্মসূচির আওতায় ফ্যামিলি কার্ডের আবেদন নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিশেষ করে নিম্নআয়ের পরিবারগুলোর মধ্যে এ নিয়ে উদ্বেগ বাড়ছে।

শহরের বাসিন্দা ভুক্তভোগী হেলেনা আক্তার বলেন, দীর্ঘদিন ঝালকাঠি পৌর শহরের কেফাইতনগর এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাসের সময় পৌরসভা থেকেই তাঁর মেয়ের জন্মনিবন্ধন করানো হয়েছিল। নিবন্ধনে ভুল থাকায় বর্তমানে সংশোধনের জন্য পৌরসভায় গেলে আগের বাড়ির হোল্ডিং ট্যাক্স পরিশোধের বিল চাওয়া হচ্ছে। বাড়ির মালিকের সঙ্গে যোগাযোগ করলে তিনি আর্থিক অসচ্ছলতার কথা জানান। ফলে একাধিকবার পৌরসভায় গিয়েও মেয়ের জন্মনিবন্ধন সংশোধন করাতে পারেননি তিনি। এতে সময় ও যাতায়াত খরচ দুটোই বাড়ছে।

একই ধরনের সমস্যায় পড়েছেন সুমাইয়া আক্তার। তিনি জানান, দীর্ঘদিন শহরের পুরাতন কলাবাগান এলাকায় খালার বাসায় থাকার সময় ওই ঠিকানা ব্যবহার করে তাঁর জন্মনিবন্ধন করা হয়েছিল। বর্তমানে ইংরেজিতে জন্মনিবন্ধন প্রয়োজন হওয়ায় পৌরসভায় যোগাযোগ করেন। কিন্তু আগের বাড়ির হোল্ডিং ট্যাক্স পরিশোধের বিল চাওয়ায় সমস্যায় পড়েছেন। তাঁর খালু অসুস্থ এবং পরিবারটি আর্থিক সংকটে থাকায় বকেয়া কর পরিশোধ করা সম্ভব হচ্ছে না। ফলে নিজের জন্মনিবন্ধন সংশোধনের পাশাপাশি সন্তানদের জন্মনিবন্ধন করানো নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে।

ভুক্তভোগীদের প্রশ্ন, যে বাড়িতে তাঁরা একসময় ভাড়াটিয়া হিসেবে বসবাস করেছেন, সেই বাড়ির মালিকের বকেয়া হোল্ডিং ট্যাক্সের দায় কেন তাঁদের নাগরিক সেবা পাওয়ার পথে বাধা হয়ে দাঁড়াবে? বাড়ি পরিবর্তন কিংবা বাড়ির মালিকের আর্থিক অসচ্ছলতার কারণে একজন নাগরিকের জন্মনিবন্ধন সংশোধন আটকে থাকা কতটা যৌক্তিক, তা নিয়েও প্রশ্ন তুলেছেন তাঁরা।

শুধু জন্মনিবন্ধন নয়, নাগরিক সনদ সংগ্রহ করতেও ভোগান্তির অভিযোগ রয়েছে। সেবাপ্রত্যাশীদের দাবি, একটি নাগরিক সনদ পেতে দুই থেকে তিন দিন সময় লাগছে। আবেদনের সময় ২০ টাকার কোর্ট ফি দিতে হচ্ছে বলেও জানিয়েছেন তাঁরা। প্রয়োজনীয় সনদ সংগ্রহ করতে একাধিকবার পৌরসভায় যাতায়াত করতে হওয়ায় সময় ও অর্থ দুটোই ব্যয় হচ্ছে। ডিজিটাল সেবার যুগে এমন দীর্ঘসূত্রতায় অসন্তোষ প্রকাশ করেছেন পৌরবাসী।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন অভিভাবক বলেন, সন্তানের শিক্ষাজীবনের গুরুত্বপূর্ণ সময়ে জন্মনিবন্ধনের মতো প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করতে গিয়ে ভোগান্তিতে পড়তে হচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যে জন্মনিবন্ধন সংশোধন না হলে শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। তাঁদের দাবি, নাগরিক সেবা পেতে বিশেষ কোনো সুবিধা নয়, বরং প্রচলিত নিয়মে দ্রুত ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করতে হবে।

সচেতন নাগরিকদের মতে, জন্মনিবন্ধন সংশোধনের ক্ষেত্রে প্রয়োজনীয় কাগজপত্রের তালিকা ও সুনির্দিষ্ট নিয়ম জনসাধারণের সামনে প্রকাশ করা জরুরি। একই সঙ্গে সাবেক ভাড়াটিয়া ও বিশেষ পরিস্থিতিতে থাকা পরিবারগুলোর জন্য বিকল্প যাচাইয়ের ব্যবস্থা রেখে হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করতে হবে। অতিরিক্ত অর্থ লেনদেনের অভিযোগ তদন্ত, নাগরিক সনদ প্রদানে দীর্ঘসূত্রতা দূর এবং অকেজো সড়কবাতি সচল করতেও কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।

স্থানীয় বাসিন্দাদের প্রত্যাশা, ঝালকাঠি পৌরসভা নাগরিকবান্ধব সেবাপ্রতিষ্ঠান হিসেবে কার্যকর ভূমিকা রাখবে। জন্মনিবন্ধন ও নাগরিক সনদের মতো মৌলিক সেবা পেতে কাউকে যেন দিনের পর দিন পৌরসভায় ঘুরতে না হয়। একই সঙ্গে অন্যের বাড়ির বকেয়া হোল্ডিং ট্যাক্সের দায় যেন সাবেক ভাড়াটিয়াদের নাগরিক সেবা পাওয়ার পথে বাধা হয়ে না দাঁড়ায়, সে বিষয়ে দ্রুত উদ্যোগ চান তাঁরা।

এ বিষয়ে ঝালকাঠি পৌর প্রশাসক জুলিয়া সুকায়না বলেন, পৌরসভায় প্রায় ১১ হাজার হোল্ডিং রয়েছে। অনেক ভবনের মালিক মিথ্যা তথ্য দিয়ে জন্মনিবন্ধন নিতে আসেন। অনেক ভাড়াটিয়াও আসেন। তাঁদের প্রয়োজনীয় সঠিক কাগজপত্র নিয়ে আসতে বলা হয়। যারা সঠিক কাগজপত্র দেন, তাঁদের কোনো সমস্যা হয় না। তারপরও ভাড়াটিয়াদের বিষয়টি বিবেচনায় নেওয়া হয়। পৌরসভার আইন অনুযায়ী পৌরকর পরিশোধের কথা বলা হয়। পৌরসভা নিজস্ব আয় দিয়ে পরিচালিত হয়, তাই কর আদায় না হলে প্রতিষ্ঠানটি চলবে কীভাবে? অনেকেই মিথ্যা তথ্য দিয়ে সুবিধা নেওয়ার চেষ্টা করেন বলেও মন্তব্য করেন তিনি।

আজকালের খবর/কাওছার আল হাবীব








Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft