সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
অভিযানের আগেই কর্মস্থল ছাড়লেন অভিযুক্ত আনসার সদস্যরা
প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৬:২৯ পিএম   (ভিজিট : ২)
দুর্নীতি ও অনিয়মের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পিরোজপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তবে অভিযানের আগেই দুর্নীতির অভিযোগে অভিযুক্ত কয়েকজন আনসার সদস্য বদলি হয়ে কর্মস্থল ত্যাগ করেছেন বলে জানিয়েছে অভিযান পরিচালনাকারী দল।

সোমবার (৯ নভেম্বর) দুপুর ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দুদক পিরোজপুর সমন্বিত জেলা কার্যালয়ের একটি দল এ অভিযান পরিচালনা করে।

অভিযানকালে দুদক কর্মকর্তারা পাসপোর্ট অফিসের সার্বিক কার্যক্রম, সেবার মান ও পরিবেশ সরেজমিনে পর্যবেক্ষণ করেন। এ সময় পাসপোর্ট করতে আসা সাধারণ সেবাগ্রহীতাদের হয়রানি, জিম্মি করে অতিরিক্ত অর্থ আদায় এবং দালালচক্রের তৎপরতার অভিযোগ খতিয়ে দেখা হয়। এসব অভিযোগের সঙ্গে সংশ্লিষ্ট সন্দেহভাজন কয়েকজনকে জিজ্ঞাসাবাদও করেন কর্মকর্তারা।

অভিযান শেষে দুদক পিরোজপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. জাকির হোসেন জানান, অভিযানের খবর পেয়ে কিংবা অভিযান শুরুর আগেই দুর্নীতির অভিযোগে অভিযুক্ত আনসার সদস্যরা বদলি নিয়ে কর্মস্থল ত্যাগ করেছেন বলে তাঁরা জানতে পেরেছেন। ফলে তাৎক্ষণিকভাবে তাঁদের মুখোমুখি করে জিজ্ঞাসাবাদ করা সম্ভব হয়নি।

তিনি আরও জানান, পাসপোর্ট অফিসে সেবাগ্রহীতাদের হয়রানি ও অনিয়ম বন্ধে দুদকের নজরদারি অব্যাহত থাকবে। এসব অভিযোগের সঙ্গে জড়িত অন্যদের বিষয়েও প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

অভিযান পরিচালনাকারী দলে আরও উপস্থিত ছিলেন দুদক পিরোজপুর সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক পার্থ চন্দ্র পাল এবং মো. মোয়াজ্জেম হোসেন সম্রাট।

সাধারণ মানুষের পাসপোর্টসেবা সহজ, হয়রানিমুক্ত ও দুর্নীতিমুক্ত করতে এ ধরনের অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আজকালের খবর/কাওছার আল হাবীব






আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft