সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
বিনা উইকেটে সেশন শেষ, বাংলাদেশের লাগবে ২০৭ রান
প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ২:৪৩ পিএম   (ভিজিট : ১১)
সিলেট টেস্টের শেষ দিনের চা বিরতিতে গেছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। লাঞ্চের পর বিনা উইকেটে সেশন শেষ করেছে বাংলাদেশ। তাওহীদ হৃদয় ও মুশফিকুর রহিম ৩৪ ওভার খেলে ১১৩ রান যোগ করেছেন। জয় থেকে আর ২০৭ রান দূরে স্বাগতিকরা, ওয়েস্ট ইন্ডিজের চাই ৮ উইকেট।

সিলেট টেস্ট নিজের মতো করে রাঙালেন হৃদয়। দলকে খাদের কিনারা থেকে টেনে তুলেছিলেন প্রথম ইনিংসে ২৪২ রান করে। দ্বিতীয় ইনিংসেও করেছেন ফিফটি। ৩৬৯ রানের লক্ষ্যে নেমে বাংলাদেশের এই ব্যাটার  ৩৫তম ওভারে জোশুয়া বিশপকে চার মেরে ৮১ বলে হাফ সেঞ্চুরি করেছেন। ৮২ রানে তিনি ও ৪০ রানে মুশফিক অপরাজিত থেকে দ্বিতীয় সেশন শেষ করেছে। ২ উইকেটে ১৬২ রান বাংলাদেশের।

এর আগে বাংলাদেশ প্রথম সেশনে দুই ওপেনারকে হারায়। ম্যাচ বাঁচাতে আর এক সেশন বাকি। আর ২-০ ব্যবধানে সিরিজ জয় থেকে ওয়েস্ট ইন্ডিজ আট উইকেট দূরে। বাংলাদেশের দুই ওপেনারকেই আউট করে জোমেল ওয়ারিকান ওয়েস্ট ইন্ডিজের জয়ের আশা জাগান। তাতে বাধা দিলেন হৃদয় ও মুশফিক।

ওয়েস্ট ইন্ডিজ ৩৯৮ রানে ইনিংস ঘোষণার পর তিন পেসারকে ভালোভাবে সামাল দিলেও ক্যারিবিয়ান স্পিনে ভুগেছে বাংলাদেশ। অষ্টম ওভারে ওয়ারিকান বল হাতে নিতেই ভেঙে যায় উদ্বোধনী জুটি। তানজিদ হাসান তার বলে জোশুয়া ডা সিলভার ক্যাচ হন। ৩৩ রানের ওপেনিং জুটিাতে তার ছিল ২১ রান। ৩২ বলের ইনিংসে চারটি চার মারেন তিনি।

ওয়ারিকানই ফেরান আরেক ওপেনার শান্তকে। ২৭ বলে ১৪ রানে এলবিডব্লিউ হন অধিনায়ক। আম্পায়ার আউট দেননি প্রথমে। রিভিউ নিয়ে বাংলাদেশের দ্বিতীয় উইকেটের দেখা পায় সফরকারীরা। ৪০ রানে ২ উইকেট হারায় স্বাগতিকরা। ১৪ ওভারে ২ উইকেটে ৪৯ রানে প্রথম সেশন শেষ করে বাংলাদেশ।। 

এর আগে সিলেট টেস্টের শেষ দিনে প্রায় এক ঘণ্টা ব্যাট করে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে ওয়েস্ট ইন্ডিজ। এদিন আরও তিন উইকেট হারিয়েছে তারা। ৬ উইকেটে ৩৯৮ রান করার পর তারা বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে। জেতার জন্য ৩৬৯ রানের লক্ষ্য স্বাগতিকদের, খেলতে হবে ৭৮ ওভার।

সিলেট টেস্টের শেষ দিনের শুরুটা বাংলাদেশের জন্য ভালো হয়েছিল। ২২ রানের ব্যবধানে ওয়েস্ট ইন্ডিজের তিন উইকেট নিয়েছে তারা। ১৪০ রানে কাভেম হজ ও আমির জাঙ্গু ২০ রানে দিন শুরু করেন। মাত্র ৫ বল খেলে হজ বিদায় নেন, যোগ হয় দুটি রান। ১৯৪ বলে ১৭ চার ও ১ ছয়ে ১৪২ রানে তিনি নাঈম হাসানের শিকার হন। পুল করতে গিয়ে ফাইন লেগে হাসান মাহমুদের সহজ কাচ হন হজ।

এরপর টানা দুই ওভারে দুটো উইকেট তুলে নেয় বাংলাদেশ। জাস্টিন গ্রিভসকে ৯ রানে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন মেহেদী হাসান মিরাজ। পরের ওভারে শামার জোসেফ ১ রানে নাঈমের বলে তানজিদ হাসানের ক্যাচ হন।

এদিন দলীয় ৩৫০ রানে চতুর্থ উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। তারপর ৩৭২ রানে পড়ে তাদের ষষ্ঠ উইকেট। এরপর জোশুয়া বিশপ দুটি ছক্কা ও চার মেরে রানের গতি বাড়ান। ১১ বল খেলে ২০ রানের ক্যামিও ইনিংস খেলেন তিনি। তাতে চারশ করেই ওয়েস্ট ইন্ডিজ ইনিংস ঘোষণা করবে বলে মনে হচ্ছিল। কিন্তু ৩৯৮ রানে তারা থেমে যাওয়ার সিদ্ধান্ত নেয়। বিশপের সঙ্গে জাঙ্গু ৩৯ রানে অপরাজিত ছিলেন।

বাংলাদেশের পক্ষে দ্বিতীয় ইনিংসে তাইজুল, মিরাজ ও নাঈম দুটি করে উইকেট পেয়েছেন। প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ ৩৫৬ রান করেছিল। জবাবে তাওহীদ হৃদয়ের ২৪২ রানে চড়ে বাংলাদেশ ৩৮৬ রান করে।











Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft