সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
মাজারের ৬৮ ডেকচি গায়েব, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে দায়ী করলেন চসিক প্রশাসক
প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৬:৫৬ পিএম   (ভিজিট : ০)
নিজেদের অপকর্ম আড়াল করতেই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে খাজা গরীব উল্লাহ শাহ (রহ.) মাজারের বর্তমান পরিচালনা কমিটির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন বলে অভিযোগ করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রশাসক ডা. শাহাদাত হোসেন।

তিনি বলেন, আগের মাজার পরিচালনা কমিটির কর্মকর্তারা ব্যাংক হিসাব থেকে দুই দফায় সাড়ে সাত লাখ টাকা, দোকানের অগ্রিম বাবদ এক কোটি ২০ লাখ টাকা, ৬৮টি ডেকচি, কয়েকটি এসি এবং মাজারের আঙিনার বেশ কয়েকটি বড় গাছসহ বিভিন্ন সরঞ্জাম আত্মসাৎ করেছেন। লুটপাটের তথ্য গোপন করতে আগের কমিটির লোকজন হিসাব-নিকাশ ও প্রয়োজনীয় কাগজপত্র সরিয়ে ফেলেছেন বলেও অভিযোগ করেন তিনি। 

শাহাদাত হোসেন বলেন, মেগা প্রকল্পের নামে আওয়ামী লীগের লোকজন সারা দেশে লুটপাট করেছে। গরীব উল্লাহ শাহ মাজারও তা থেকে বাদ পড়েনি।

রবিবার (৮ নভেম্বর) মাজারের ডেকচি চুরির অভিযোগ খতিয়ে দেখতে মাজার ও এতিমখানা পরিদর্শন করেন চসিক প্রশাসক। এ সময় বিভিন্ন সরঞ্জাম গুনে দেখার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।  

খাজা গরীব উল্লাহ শাহ (রহ.) মাজারের ডেকচি চুরির অভিযোগ নিয়ে কয়েক দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা চলছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ-সমর্থিত বিভিন্ন ফেসবুক পেজ থেকে এ ঘটনায় চসিক প্রশাসক শাহাদাত হোসেন ও তার অনুসারীদের দায়ী করা হয়। এর পরিপ্রেক্ষিতে মাজার পরিদর্শনে গিয়ে ডেকচি গায়েবের ঘটনায় আওয়ামী লীগের নেতাকর্মীদের দায়ী করেন তিনি।

ডেকচি নিয়ে ওঠা অভিযোগের বিষয়ে শাহাদাত হোসেন জানান, চলতি বছরের ২৫ জুন ওয়াক্‌ফ এস্টেটের পরিদর্শক শাখাওয়াত হোসেনের স্বাক্ষর করা তালিকা অনুযায়ী, ২০টি বড় ও ১২টি ছোট মোট ৩২টি ডেকচি বর্তমান কমিটির কাছে হস্তান্তর করা হয়েছিল। মাজারে গিয়ে তিনি নিজে গুনে দেখেছেন, তালিকাভুক্ত সেই ৩২টি ডেকচিই বর্তমানে অক্ষত অবস্থায় রয়েছে।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্নভাবে মাজারের সম্পদ আত্মসাৎ করা হয়েছে। বর্তমান সরকারের আমলে এ ধরনের লুটপাটের সুযোগ নেই। অন্তর্বর্তীকালীন সরকারের আমলে আবু তাহের নামের যে মোতোয়াল্লি মাজারের দায়িত্ব নিয়েছিলেন, তিনিও আওয়ামী লীগের লোক ছিলেন বলে দাবি করেন তিনি।

শাহাদাত হোসেন জানান, আগের কমিটির নিয়োগ দেওয়া মোতোয়াল্লি আবু তাহেরের কার্যক্রম স্থগিত করে চলতি বছরের ১৩ জুন তিন বছরের জন্য পাঁচ সদস্যের উপদেষ্টা পরিষদ ও ১৩ সদস্যের পরিচালনা কমিটির অনুমোদন দেয় বাংলাদেশ ওয়াক্‌ফ প্রশাসকের কার্যালয়। ওই কমিটিতে পদাধিকারবলে চসিক প্রশাসক হিসেবে তিনি সভাপতির দায়িত্ব পান।

তিনি বলেন, আগের কমিটির নিয়োগ দেওয়া মোতোয়াল্লি বর্তমান কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করেননি। এ কারণে চট্টগ্রাম ওয়াক্‌ফ এস্টেটের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে বর্তমান কমিটি দায়িত্ব গ্রহণ করে। দায়িত্ব নেওয়ার সময় ২৫ জুন মাজারে থাকা ২০টি বড় ও ১২টি ছোট ডেকচিসহ বিভিন্ন সরঞ্জামের তালিকা তৈরি করা হয়। ওই তালিকায় ওয়াক্‌ফ এস্টেটের পরিদর্শক শাখাওয়াত হোসেনের স্বাক্ষর রয়েছে।

মাজার পরিদর্শনকালে উপস্থিত ছিলেন চট্টগ্রামের ওয়াক্‌ফ পরিদর্শক শাখাওয়াত হোসেন, মাজার পরিচালনা কমিটির সেক্রেটারি গোলাম সরওয়ার, কমিটির সদস্য আবদুল হালিম স্বপন, ফারুক শিকদার, রুবেল, আবদুল মান্নান, ইদ্রিস আলী, হিসাবরক্ষক আনিসুর রহমান, নবী হোসেন, রায়হান আলম ও জাহাঙ্গীর হোসেনসহ অনেকে।

আজকালের খবর/বিএস 







আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft