সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
খাদ্য আইনে সান্তাহারে চার প্রতিষ্ঠানকে জরিমানা
প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৬:০৪ পিএম   (ভিজিট : ৬)
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরে ভোক্তা অধিকার ও নিরাপদ খাদ্য আইন লঙ্ঘনের দায়ে গ্রামীণ ফুডস অ্যান্ড কনফেকশনারিসহ চার প্রতিষ্ঠানকে ৪ লাখ ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৯ নভেম্বর) দুপুরে পৌর শহরের বিভিন্ন খাবার হোটেল ও কনফেকশনারি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম। অভিযানে উপস্থিত ছিলেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রাসেল।

অভিযানে গ্রামীণ ফুডস অ্যান্ড কনফেকশনারিকে ৩ লাখ টাকা, বিসমিল্লাহ খাবার হোটেলকে ১ লাখ টাকা, স্টার খাবার হোটেলকে ১০ হাজার টাকা এবং মৌবন ফুডসকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সান্তাহার পৌর শহরের বিভিন্ন খাবার হোটেল ও কনফেকশনারি প্রতিষ্ঠানে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি এবং অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য প্রস্তুত ও পরিবেশনের অভিযোগ রয়েছে। এর আগে বিসমিল্লাহ খাবার হোটেলের খাবার খেয়ে পাঁচজন অসুস্থ হওয়ার ঘটনাও ঘটে। এ ছাড়া গ্রামীণ ফুডস অ্যান্ড কনফেকশনারির বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগে একাধিকবার জরিমানা করার তথ্য রয়েছে।

এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে সোমবার দুপুরে জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের উদ্যোগে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ও নিরাপদ খাদ্য আইন লঙ্ঘনের দায়ে প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে অর্থদণ্ড আরোপ করা হয়।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল ইসলাম জানান, জনস্বাস্থ্য সুরক্ষা, নিরাপদ খাদ্য নিশ্চিত করা এবং ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ অভিযান পরিচালনা করা হয়েছে। খাদ্যের মান ও পরিবেশের পরিচ্ছন্নতা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আজকালের খবর/কাওছার আল হাবীব






আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft