
নীলফামারীর পাগলাপীর-জলঢাকা-ডালিয়া আঞ্চলিক মহাসড়কের মাগুড়া বাসস্ট্যান্ড থেকে মোটর শ্রমিক ইউনিয়ন পর্যন্ত প্রায় আধা কিলোমিটার সড়ক নিয়ে চরম দুর্ভোগে পড়েছেন চালক, যাত্রী ও স্থানীয় বাসিন্দারা। দীর্ঘদিন ধরে সড়কটি বেহাল অবস্থায় থাকায় পাকা করার দাবিতে ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগীরা।
নীলফামারী সড়ক ও জনপথ অধিদপ্তরের আওতাধীন গুরুত্বপূর্ণ এ সড়কের মাগুড়া বাসস্ট্যান্ড থেকে মোটর শ্রমিক ইউনিয়ন পর্যন্ত প্রায় আধা কিলোমিটার পাকা অংশ দেড় বছর ধরে খানাখন্দে পরিণত হয়েছিল। সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হওয়ায় যানবাহন চলাচল ব্যাহত হচ্ছিল। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সড়ক ও জনপথ বিভাগ সেখানে ইটের গাঁথুনি দিয়ে হেরিংবন্ড নির্মাণ করে।
তবে হেরিংবন্ড নির্মাণের প্রায় ছয় মাস পেরিয়ে গেলেও সড়কটি পাকাকরণের কাজ শুরু হয়নি। ফলে প্রতিদিন এই অংশ দিয়ে চলাচল করতে গিয়ে দুর্ভোগ পোহাচ্ছেন হাজারো মানুষ। বিশেষ করে গণপরিবহন, মালবাহী ট্রাক, পণ্যবাহী যানবাহন ও জরুরি রোগী বহনকারী অ্যাম্বুলেন্স চলাচলে সমস্যার সৃষ্টি হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, সামান্য এই অংশের কারণে পুরো সড়কে যাতায়াতের স্বাভাবিক গতি ব্যাহত হচ্ছে।
এ সড়ক দিয়ে নিয়মিত পাথর, বালু ও গরু পরিবহনকারী কয়েকজন ট্রাকচালক জানান, পঞ্চগড়, তেঁতুলিয়া ও বুড়িমারী থেকে ডোমার, ডিমলা, ডালিয়া ও জলঢাকাসহ বিভিন্ন এলাকায় যাতায়াতের ক্ষেত্রে এ রুট ব্যবহার করলে প্রায় ২২ কিলোমিটার পথ কম অতিক্রম করতে হয়। এতে সময় ও জ্বালানি সাশ্রয় হয়। এ কারণে তাঁরা নিয়মিত এই সড়ক ব্যবহার করেন।
তবে মাগুড়া বাসস্ট্যান্ড থেকে মোটর শ্রমিক ইউনিয়ন পর্যন্ত ইটের হেরিংবন্ড করা অংশ দিয়ে ভারী যানবাহন চলাচলে তাঁদের চরম ভোগান্তি হচ্ছে। দ্রুত সড়কটি পাকা করা না হলে পরিবহন খাতে দুর্ভোগ আরও বাড়বে বলে আশঙ্কা করছেন তাঁরা।
স্থানীয় সূত্রে জানা যায়, পঞ্চগড়, বুড়িমারী, ডোমার, ডিমলা, ডালিয়া ও জলঢাকাসহ বিভিন্ন এলাকার সঙ্গে যোগাযোগের অন্যতম মাধ্যম এই সড়ক। প্রতিদিন কয়েক হাজার মালবাহী ট্রাক, কাভার্ড ভ্যান, দূরপাল্লার বাস ও অন্যান্য যানবাহন চলাচল করে। অথচ পুরো সড়কের অধিকাংশ অংশ ভালো থাকলেও মাগুড়া বাসস্ট্যান্ড থেকে মোটর শ্রমিক ইউনিয়ন পর্যন্ত প্রায় আধা কিলোমিটার অংশই যাতায়াতের প্রধান ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।
স্থানীয় বাসিন্দা ও পরিবহন চালকদের দাবি, গুরুত্বপূর্ণ এই সড়কের ছোট্ট অংশটি দ্রুত পাকা করা হলে সাধারণ মানুষের দুর্ভোগ কমবে। পাশাপাশি পণ্য পরিবহন ও যাত্রী চলাচল আরও সহজ হবে। তাঁরা দ্রুত প্রয়োজনীয় বরাদ্দ দিয়ে সড়কটি পাকাকরণের জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে নীলফামারী সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী সুলতান মাহমুদ বলেন, “এর আগে ওই জায়গাটির অবস্থা খুবই খারাপ ছিল। যানবাহন চলাচলের সুবিধার্থে আপাতত কিছু কাজ করা হয়েছে। বরাদ্দ পাওয়া গেলে সড়কটির পাকাকরণের কাজ করা হবে।”
আজকালের খবর/কাওছার আল হাবীব