সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
আশুলিয়ায় প্রবাসীর স্ত্রী হত্যা: প্রধান আসামি ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেপ্তার
প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৪:৫৩ পিএম   (ভিজিট : ১১)
ঢাকার আশুলিয়ায় প্রবাসীর স্ত্রী রোকসানা বেগমকে (৩৫) কুপিয়ে হত্যার ঘটনায় পলাতক প্রধান আসামি মো. সাকিবকে (২২) ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। 

শনিবার (৭ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে জেলার সদর উপজেলার সুলতানপুর বাজারে যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এসআরবি-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়া এবং এসআরবি-৪, সিপিসি-২, নবীনগর ক্যাম্পের একটি যৌথ আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।

গ্রেপ্তার সাকিব নরসিংদী জেলার পলাশ থানার টেংগরপাড়া এলাকার দুলাল মোল্লার ছেলে। তিনি আশুলিয়া থানায় দায়ের করা হত্যা মামলার এজাহারনামীয় ১ নম্বর আসামি।

এসআরবি সূত্রে জানা যায়, ভিকটিম রোকসানা বেগম তার দুই সন্তানকে নিয়ে ঢাকা জেলার আশুলিয়া থানাধীন কলতাসুতি মরিচকাটা এলাকায় নিজস্ব বাসায় বসবাস করতেন। তার স্বামী জীবিকার তাগিদে প্রবাসে থাকেন। অভিযুক্ত সাকিব ওই এলাকায় ময়লা পরিষ্কারের কাজ করতেন। ময়লা অপসারণের বিল সংগ্রহের জন্য বিভিন্ন সময় তিনি রোকসানার বাসায় যাতায়াত করতেন।

গত ৭ অক্টোবর রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে রোকসানা তার ছেলে ও মেয়েকে বাসায় রেখে পানির মোটর বন্ধ করতে বাইরে যান। দীর্ঘ সময় পার হলেও তিনি বাসায় ফিরে না আসায় তার মেয়ে মীম আক্তার রিয়া (১৮) মাকে খুঁজতে বের হন। এ সময় ভবনের ছাদে যাওয়ার পথে ছাদের প্রবেশদ্বারের কাছে সাকিবকে হাতে একটি চাকু নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখেন তিনি। তার উপস্থিতির কারণ জানতে চাইলে কোনো উত্তর না দিয়ে দ্রুত সেখান থেকে চলে যান সাকিব।

বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় রিয়া চিৎকার করলে আশপাশের ফ্ল্যাটের বাসিন্দারা বেরিয়ে আসেন। পরে তাদের সঙ্গে নিয়ে ভবনের পঞ্চম তলার ছাদে মাকে খুঁজতে গিয়ে বালু ও সিমেন্টের বস্তা দিয়ে ঢাকা অবস্থায় রোকসানার রক্তাক্ত মরদেহ দেখতে পান তিনি। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে আশুলিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলাটি দায়েরের পর আসামিদের শনাক্ত ও গ্রেফতারে ছায়া তদন্ত শুরু করে এসআরবি।

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুর বাজারে অভিযান চালিয়ে প্রধান আসামি সাকিবকে গ্রেফতার করা হয়।

এসআরবি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে। তার দেওয়া তথ্যমতে, ঘটনার দিন বাসার ছাদে রোকসানাকে একা পেয়ে ধর্ষণের চেষ্টা করে সে। এ সময় রোকসানা বাধা দিলে সঙ্গে থাকা ধারালো ছুরি দিয়ে তাকে আঘাত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে হত্যাকাণ্ডের ঘটনা আড়াল করতে ছাদের বালু ও সিমেন্টের বস্তা দিয়ে মরদেহ ঢেকে রাখে বলে জানায় আসামি।

গ্রেফতারকৃত সাকিবকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। আশুলিয়া থানার মামলা নম্বর ৪৮, তারিখ ৮ অক্টোবর ২০২৬; দণ্ডবিধির ৩০২/২০১/৩৪ ধারায় মামলাটি দায়ের করা হয়েছে।

এসআরবি কর্তৃপক্ষ জানিয়েছে, অপরাধ দমন, অপরাধীদের শনাক্ত ও গ্রেফতারে গোয়েন্দা নজরদারি এবং অভিযান অব্যাহত রয়েছে।

আজকালের খবর/বিএস 










Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft