সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন
প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৫:৫৬ পিএম   (ভিজিট : ৫)
পঞ্চগড় চিনিকল মাঠে সাদপন্থীদের ইজতেমা আয়োজন বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন করেছে ঈমান-আক্বিদা রক্ষা কমিটি ও হেফাজতে ইসলাম পঞ্চগড় জেলা কমিটি।

রোববার সকালে পঞ্চগড় প্রেসক্লাবের হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য ও বিভিন্ন দাবি তুলে ধরেন সংগঠন দুটির নেতারা।

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন ঈমান-আক্বিদা রক্ষা কমিটির সভাপতি মাহমুদুল হাসান, সাধারণ সম্পাদক হাফেজ ক্বারী মো. আব্দুল্লাহ, খেলাফত মজলিসের সভাপতি ও ঈমান-আক্বিদা রক্ষা কমিটির প্রচার সম্পাদক হাফেজ মীর মোর্শেদ তুহিন, সহসভাপতি সাইফুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আবু শাহীন ও সদস্য আব্দুল বারীসহ অন্যরা।

বক্তারা বলেন, তাঁরা কোনো ব্যক্তি বা দলের বিরুদ্ধে নন; বরং নিজেদের ধর্মীয় বিশ্বাস ও আক্বিদা রক্ষার উদ্দেশ্যে কাজ করছেন। তাঁদের অভিযোগ, তাবলিগ জামাতের নামে সাদপন্থীরা বিভিন্ন বিতর্কিত বক্তব্য প্রচার করছেন, যা তাঁদের ধর্মীয় বিশ্বাসের পরিপন্থী। এ বিষয়ে তাঁরা উদ্বেগ প্রকাশ করেন।

বক্তারা আরও অভিযোগ করেন, সাদপন্থীদের কিছু বক্তব্যে কোরআন শিক্ষা দিয়ে পারিশ্রমিক গ্রহণের বিষয়টিকে অবমাননাকরভাবে উপস্থাপন করা হয়েছে। এ ধরনের বক্তব্য তাঁরা ধর্মীয়ভাবে আপত্তিকর বলে মনে করেন।

সংবাদ সম্মেলনে ২০১৮ ও ২০২৪ সালে টঙ্গীর ইজতেমা ময়দানে সংঘর্ষের প্রসঙ্গ তুলে বক্তারা অভিযোগ করেন, ওই সময় সাদপন্থীদের হামলায় অনেক আলেম-ওলামা ও মুসল্লি হতাহত হন এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। তাঁরা এসব ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

বক্তারা জানান, সাদপন্থীদের প্রস্তাবিত ইজতেমা বন্ধের দাবিতে সংশ্লিষ্ট প্রতিমন্ত্রী, জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারের (এসপি) কাছে লিখিত আবেদন দেওয়া হয়েছে। তাঁদের দাবি, ধর্মীয় বিষয়ে বিভ্রান্তি এড়াতে এবং জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চিনিকল মাঠে ওই ইজতেমা আয়োজনের অনুমতি দেওয়া উচিত নয়।

তাঁরা আরও বলেন, তাঁদের আপত্তি সত্ত্বেও প্রশাসন যদি ইজতেমা আয়োজনের অনুমতি দেয় এবং এর ফলে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে, তাহলে এর দায়ভার প্রশাসনকে নিতে হবে।

সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, হেফাজতে ইসলাম ও ঈমান-আক্বিদা রক্ষা কমিটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আজকালের খবর/কাওছার আল হাবীব








আরও খবর


Advertisement
Advertisement
Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft