কুমিল্লার চান্দিনা পৌরসভার দুটি গুরুত্বপূর্ণ সড়ক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। এর মধ্যদিয়ে চান্দিনা ডাকঘর থেকে শ্রীমন্তপুর ব্রিজ পর্যন্ত এবং হাজী সাহেবের মোড় থেকে কাঠেরপুল পর্যন্ত দুটি সড়ক সম্প্রসারণ ও নির্মাণ কাজ শুরু হয়।
রবিবার (৮ নভেম্বর) বিকেলে ভিত্তি প্রস্তর স্থাপন করেন- স্থানীয় সংসদ সদস্য মো. আতিকুল আলম শাওন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- চান্দিনা পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ আশরাফুল হক।
জানা যায়, বিশ্ব ব্যাংক এর অর্থায়নে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আর.ইউ.টি.ডি.পি প্রকল্পের আওতায় সড়ক দুটির নির্মাণ ব্যয় ধরা হয়েছে ১৫ কোটি ৯৯ লক্ষ ৭৭ হাজার টাকা। এদিকে নিজে দাঁড়িয়ে থেকে এক্সকেভেটর (ভেকু) দিয়ে নিজ বাড়ির নিরাপত্তা প্রাচীর ভাঙতে সহযোগিতা করেন মো. আতিকুল আলম শাওন এমপি।
তিনি জানান, সড়কটি ১৮ ফুট প্রস্থ এবং ৪ ফুট বক্স ড্রেন মিলিয়ে ২২ ফুট প্রশস্ত হবে। এই সড়কের পাশে যাদের বাড়ি-ঘর বা দোকান রয়েছে সবাইকে তিনি সহযোগিতা করার জন্য অনুরোধ জানান।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- চান্দিনা পৌরসভার সহকারী প্রকৌশলী মো. সাজ্জাদ হাছান, চান্দিনা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান, কুমিল্লা উত্তর জেলা বিএনপি’র দপ্তর সম্পাদক মো. শহিদুল ইসলাম, পৌর বিএনপি’র যুগ্ম-আহ্বায়ক সহিদুজ্জামান সরকার, পৌর বিএনপি নেতা মো. নাছির উদ্দিন, পৌর স্বেচ্ছাসেবকদল আহ্বায়ক ফারুক খাঁন, যুবদল নেতা ফরহাদ করিম, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক শরীফ খাঁন, পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক মাহাবুব আলম দোলন প্রমুখ।
আজকালের খবর/রাশেদুল মিলন