
নেত্রকোনার খালিয়াজুরীতে নানা আয়োজনের মধ্য দিয়ে ঐতিহাসিক ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার (৭ নভেম্বর ) উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সকালে উপজেলা চত্বর থেকে র্যালিটি বের হয়ে খালিয়াজুরী উপজেলা প্রেস ক্লাবের মোড়, থানা মোড়, হাসপাতাল রোড ও কলেজ রোড হয়ে নতুন বাজারের বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়।
র্যালি ও আলোচনা সভা শেষে দিবসটি উপলক্ষে বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীদের অংশগ্রহণে কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন ও সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
খালিয়াজুরী উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আবু রায়হানের পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. অলিদুজ্জামান।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খালিয়াজুরী উপজেলা বিএনপির সভাপতি ও গাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুর রউফ স্বাধীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দীন এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহবুবুর রহমান তালুকদার কেষ্টু।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপি নেতা মো. ইদ্রিস আলী মোল্লা, জিয়া উদ্দিন জিয়া, মো. ফুল মিয়া, যুবদলের আহ্বায়ক এনামুল হক ছোটন, ছাত্রদলের সভাপতি মাজহারুল হক তালুকদার পলিন, সাধারণ সম্পাদক মো. ইয়াসির আরাফাত হৃদয়, স্থানীয় সংসদ সদস্যের প্রতিনিধি জহির আহমেদ জিকু, প্রধান শিক্ষক দীপংকর দত্ত রায়, ইন্দ্রজিৎ বর্মণ এবং প্রেস ক্লাবের সদস্য সচিব সোহান বিন নবাব।
এছাড়াও স্থানীয় ইউপি সদস্য রিয়াজ উদ্দিন তালুকদার সুখন মেম্বার, মো. এরশাদ মিয়া, কৃষক দলের সাধারণ সম্পাদক পাণ্ডব সরকার, যুবদল নেতা ফয়সাল আহমেদ, চাকুয়া ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান মো. ফজলু মিয়াসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার, স্থানীয় বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং উপস্থিত সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে সভার সমাপ্তি ঘোষণা করেন সভাপতি।
আজকালের খবর/কাওছার আল হাবীব